গ্যাসের দাম বাড়ছে
আবাসিক ও শিল্পসহ সব ধরনের গ্যাসের দাম বাড়ছে। আবাসিক খাতে এক চুলা ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৮৫০ টাকা এবং দুই চুলা ৪৫০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। অপর দিকে শিল্পে প্রতি মিলিয়ন ঘনফুট গ্যাস ১৬৬ টাকা থেকে বাড়িয়ে ২২০ টাকা, সিএনজিতে ৮৫০ টাকা থেকে বাড়িয়ে ১১৩২ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া বিদ্যুৎ খাতে প্রতি এমএমসি গ্যাস ৮০ টাকা থেকে বাড়িয়ে ৮৪ টাকা, ক্যাপটিভ পাওয়ারে ১১৮ টাকা থেকে বাড়িয়ে ২৪০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। ঈদের আগে জ্বালানি বিভাগ থেকে গ্যাসের এই মূল্যবৃদ্ধির প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) পাঠানো হয়েছে। বিইআরসি যে কোনো সময় গণশুনানির মাধ্যমে প্রস্তাবিত মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেবে বলে সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন। এর আগে গত ফেব্র“য়ারি মাসে গ্যাসের বিতরণ কোম্পানিগুলো সব ধরনের গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু গণশুনানি শেষে বিইআরসি সে প্রস্তাব নাকচ করে দিয়েছিল। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব সম্পর্কে জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, মন্ত্রণালয় থেকে শুধু মূল্য সমন্বয়ের জন্য প্রস্তাব করা হয়েছে। গ্যাসের মূল্য বাড়লে বর্ধিত অর্থ গ্যাস উন্নয়ন তহবিলের মাধ্যমে জ্বালানি খাত উন্নয়নে ব্যবহার করা হবে। তবে ভোক্তা ও যারা গ্যাস সরবরাহের সঙ্গে জড়িত তাদের কোনো পক্ষই যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা দেখে বিইআরসি চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। বিইআরসির একটি সূত্র জানায়, তারা ঈদের আগে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব পেয়েছেন। এখন প্রস্তাবটি আমলে নিয়ে গণশুনানি করা হবে। গণশুনানির পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে মাত্র পাঁচ মাসের ব্যবধানে আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে অযৌক্তিক বলে মনে করছেন গ্রাহকরা। তাদের মতে এখনই গ্যাসের দাম বেশি। দাম বাড়ানো হলে শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে। বর্তমানে দেশে গ্যাসের গ্রাহক সংখ্যা সাড়ে ২৮ লাখের মতো। সবচেয়ে বেশি গ্যাসের ব্যবহার হয় বিদ্যুৎ, ক্যাপটিভ পাওয়ার এবং শিল্পে। এর মধ্যে বিদ্যুৎ খাতে ৯০৬ মিলিয়ন ঘনফুট, ক্যাপটিভ পাওয়ারে ৩২২ মিলিয়ন ঘনফুট, শিল্পে ৩০৯ মিলিয়ন ঘনফুট, আবাসিকে ২০৬ মিলিয়ন ঘনফুট, সিএনজিতে ৯৫ মিলিয়ন ঘনফুট ও অন্য খাতে ৬৩ মিলিয়ন ঘনফুট গ্যাস ব্যবহার হয়। এর আগে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল), ৪ ফেব্র“য়ারি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) এবং ৫ ফেব্রুয়ারি জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) ও সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের (এসজিসিএল) প্রস্তাবের ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়। ওই গণশুনানিতে যৌক্তিক কারণ না পাওয়ায় মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়নি বিইআরসি। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবে সংশ্লিষ্ট কোম্পানিগুলো নির্দিষ্ট যৌক্তিক কারণ উপস্থাপন করতে ব্যর্থ হয়। এছাড়া কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি বেশ কয়েকটি কোম্পানির মূল্যবৃদ্ধির প্রয়োজন নেই বলে মতামত দিয়েছিল। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান এআর খান ওই সময় গণশুনানি শেষে বলেছিলেন, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য সমন্বয় করতে কোম্পানিগুলোর দেয়া প্রস্তাব আরও পর্যালোচনা করা হচ্ছে। গণশুনানিতে তারা মূল্যবৃদ্ধির পক্ষে-বিপক্ষে বক্তব্য শুনেছেন। তিনি বলেন, কমিশন যৌক্তিক কারণ ছাড়া বিদ্যুৎ ও গ্যাসের মূল্য সমন্বয় করবে না। ওই সময় গ্যাস বিতরণ কোম্পানিগুলো গড়ে ৪০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছিল। এর বিপরীতে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (বিজিডিসিএল) গ্যাসের মূল্য দুই দশমিক ৪৯ শতাংশ ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) গ্যাসের মূল্য ৫ দশমিক ৫৯ শতাংশ এবং জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেজিটিডিসিএল) গ্যাসের মূল্য ৪ দশমিক ৯৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করে। এছাড়া অন্য তিনটি কোম্পানির প্রস্তাব নাকচ করে দেয় মূল্যায়ন কমিটি। এ প্রসঙ্গে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, চলতি বছরের শুরুতে কোম্পানিগুলো গ্যাসের মূল্যবৃদ্ধির যে প্রস্তাব দিয়েছিল তাতে দাম বাড়ানোর যৌক্তিক কোনো কারণ ছিল না। এটা গণশুনানিতে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, কোম্পানিগুলোর প্রস্তাবও স্বচ্ছ ছিল না। যে কারণে আয়-ব্যয়ের অনেক হিসাব তারা জানতে পারেননি। সর্বশেষ ২০০৯ সালের আগস্টে বিইআরসি সব ধরনের গ্যাসের মূল্য ১১ দশমিক ২২ শতাংশ বাড়ায়। এছাড়া ২০১১ সালে দুই দফা সিএনজির দাম বাড়িয়ে প্রতি ঘনমিটার ৩০ টাকা করা হয়।











