শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শবেকদর : আশা, ভরসা ও নির্ভরতার ঠিকানা

news-image

 

রাত মানে অন্ধকার, নিস্তব্ধতা, ভীতি, আতঙ্ক। রাত মানে জড়তা, কর্মবিমুখতা, গৃহকোণে আবদ্ধ হয়ে পড়া। রাত মানে আর্তের আর্তনাদ, বিরহীর দীর্ঘশ্বাস, বঞ্চিতের বেদনার দীর্ঘ প্রহর। তাই সবাই চায় রাত যেন তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যায়, অবাঞ্ছিত আঁধার যেন দীর্ঘায়িত না হয়। কিন্তু একটি রাত, যার অন্ধকার আলোকরশ্মির বিচ্ছুরণ ঘটায়, আশা আর নির্ভরতায় হৃদয়ে দৃঢ়তা এনে দেয়। শক্তি সঞ্চার করে উচ্ছলতা আর চঞ্চলতায় প্রাণের জাগরণ ঘটায়। পীড়িতের আরোগ্য, সর্বহারার সুদৃঢ় আশ্রয়, যন্ত্রণাকাতর হৃদয়ের পরম প্রাপ্তি, চরম তৃপ্তি। সবার হৃদয়ের একই আকুতি, রাতটি যেন শেষ না হয়! রাতটি সব মুমিনের আশা-ভরসা আর নির্ভরতার ঠিকানা। হ্যাঁ, বলছিলাম কদরের রাতের কথা। রাতটির বন্দনায় স্বয়ং বিশ্ববিধাতা আল্লাহ তাআলা একটি সুরা রচনা করেছেন : 'নিশ্চয়ই আমি তা (কোরআন) নাজিল করেছি কদরের রাতে; তুমি কি জানো কদরের রাত কী? কদরের রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সে রাতে অবতীর্ণ হয় ফেরেশতাগণ ও রুহ- প্রত্যেক কাজে তাদের রবের অনুমতি নিয়ে। শান্তি আর শান্তি, সেটি ঊষার উদয় পর্যন্ত।' (সুরা আল-কাদর)

'শবেকদর' ওই রাতটির প্রচলিত নাম। পবিত্র কোরআনে এর নাম দেওয়া হয়েছে 'লাইলাতুল কদর'। 'শব' শব্দটি ফারসি আর 'লাইলাতুল' শব্দটি আরবি। শব আর লাইলাতুল-এর অর্থ একই- রাত। আর 'কদর' অর্থ মর্যাদা, মাহাত্ম্য, নির্ধারণ, সংকীর্ণতা ইত্যাদি। বস্তুত রাতটির মহান মর্যাদার কারণেই এর নামকরণ করা হয়েছে 'লাইলাতুল কদর'। শবেকদরের নামকরণ সম্পর্কে আল্লামা কুরতুবি (রহ.) লিখেছেন, বলা হয়ে থাকে এ রাতে একটি মহান কিতাব একজন মহান ফেরেশতার মাধ্যমে একজন মহান রাসুলের ওপর একটি মহান উম্মতের জীবনবিধান হিসেবে অবতীর্ণ হয়েছিল। তাই এর নামকরণ করা হয়েছে লাইলাতুল কদর বা মহিমান্বিত রাত। আবার কেউ বলেছেন, যেহেতু এই একটি রাতের ইবাদতের মর্যাদা এক হাজার মাসের ইবাদতের থেকেও বেশি, তাই এর নামকরণ করা হয়েছে লাইলাতুল কদর। কেউ কেউ বলেছেন, যে ব্যক্তির কোনো মর্যাদা ছিল না, সে এই একটি রাতের ইবাদতের কারণে আল্লাহর দরবারে মর্যাদাবান হয়ে যায়। তাই এ রাতটির নামকরণ করা হয়েছে লাইলাতুল কদর। সাহল (রহ.) বলেছেন, এ রাতে মহান আল্লাহ মুমিনদের জন্য রহমত নির্ধারণ করেন। তাই রাতটির নাম রাখা হয়েছে লাইলাতুল কদর বা নির্ধারণী রাত।

শবেকদরের ফজিলত : মহান আল্লাহ শবেকদরের ফজিলত সম্পর্কে বলেছেন, 'লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহরিন' অর্থাৎ লাইলাতুল কদর বা শবেকদর এক হাজার মাস অপেক্ষা উত্তম। কোনো মুমিন যদি শবেকদরে ইবাদত করে তাহলে সে এক হাজার মাস তথা ৮৩.৩৩ বছরেরও বেশি ইবাদত করার সওয়াব লাভ করবে। শবেকদরের এই মাহাত্ম্যের কারণেই রাসুলে কারিম (সা.) রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন, যাতে শবেকদর প্রাপ্তি নিশ্চিত হয়। একই কারণে মুসলিম সমাজে ইতিকাফের বিধান প্রচলিত, গুরুত্ববহ ও সমাদৃত।

শবেকদরের গুরুত্ব যে কারণে: (ক) কোরআন নাজিল : এ রাতে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছিল। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেছেন, 'আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনকে একবারে প্রথম আসমানে অবস্থিত বাইতুল ইজ্জাতে নাজিল করেছেন। অতঃপর প্রয়োজন অনুসারে অল্প অল্প করে রাসুলুল্লাহ (সা.)-এর ২৩ বছরের নবুওয়াতি জীবনে সম্পূর্ণ কোরআন নাজিল করেছেন।' (তাফসিরে ইবনে কাছির, খণ্ড : ৮, পৃষ্ঠা : ৪২৫) আর রাসুলুল্লাহ (সা.)-এর ওপর সর্বপ্রথম কোরআন নাজিল হয় ৬১০ খ্রিস্টাব্দে কদরের রাতে। (খ) জিবরাইল (আ.)-এর আগমন : রাসুলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের পর হজরত জিবরাইল (আ.)-এর পৃথিবীতে আগমন বন্ধ হয়ে গেছে। তিনি বছরে একবার শুধুমাত্র কদরের রাতে আল্লাহর নির্দেশে পৃথিবীতে আগমন করেন। সুরা কদরের 'তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রুহু ফিহা'-এর ব্যাখ্যায় মুফাসসিরগণ এ কথাই বলেছেন। (গ) ভাগ্য নির্ধারণ : লাইলাতুল কদর অর্থ নির্ধারণের রাত। আল্লাহ তাআলা এ রাতে নিজ ইচ্ছামতো সৃষ্টিকুলের আগামী এক বছরের ভাগ্য লিপিবদ্ধ করেন। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেছেন, মূল ভাগ্যলিপি থেকে আগামী এক বছরে যা কিছু ঘটবে- বৃষ্টি, হায়াত, মওত, রিজিক, হজ ইত্যাদি বিষয় স্থানান্তর করে ফেরেশতাদের সর্দারদের হাতে অর্পণ করা হয়। (তাফসিরে কুরতুবি, খণ্ড : ২০, পৃষ্ঠা : ১২৯) (ঘ) সীমাহীন সওয়াব : লাইলাতুল কদরের আমলের সওয়াব অসীম। মহান আল্লাহ নিজেই বলেছেন, 'লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহরিন, অর্থাৎ কদরের রাত এক হাজার মাস অপেক্ষা উত্তম।' এই একটিমাত্র রাতে ইবাদত করলে এক হাজার মাস একাধারে ইবাদত করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে আসলেই কপালপোড়া।' (মুসনাদে আহমাদ) (ঙ) শান্তির আধার : কদরের সম্পূর্ণ রাতটিই শান্তিতে পরিপূর্ণ। আল্লাহ তাআলা বলেছেন, 'সালামুন হিয়্যা হাত্তা মাতলাইল ফাজরি, অর্থাৎ সারা রাত ধরে শান্তি আর শান্তি, ঊষার উদয় পর্যন্ত।' মুজাহিদ (রহ.) বলেছেন, 'সম্পূর্ণ রাতটিই নিরাপদ। এ রাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না, এমনকি শয়তান কোনো অনিষ্ট করতে পারে না।' (তাফসিরে ইবনে কাছির) (চ) ফেরেশতাদের দোয়া : ইবনে আবু হাতিম কা'ব ইবনে আহবার বর্ণনা করেছেন, শবেকদরে হজরত জিবরাইল (আ.) ও তাঁর সঙ্গে আগমনকারী ফেরেশতাগণ মুমিন নর-নারী, যাঁরা এ রাতে আল্লাহর ইবাদত ও প্রার্থনায় রত থাকেন, তাঁদের জন্য আল্লাহর দরবারে রহমত ও মাগফিরাতের দোয়া করেন। (ছ) গুনাহ মাফ : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'যে ব্যক্তি শবেকদরে ইমানের সঙ্গে সওয়াব হাসিলের আশায় জাগ্রত থেকে ইবাদত করবে, তার আগের সব সগিরা গুনাহ মাফ করে দেওয়া হবে।' (বোখারি-মুসলিম) উম্মতে মোহাম্মদির বৈশিষ্ট্য : লাইলাতুল কদর সর্বকালের শ্রেষ্ঠ উম্মত হিসেবে মহান আল্লাহ উম্মতে মোহাম্মদিকে দান করেছেন। পূর্ববর্তী কোনো উম্মতকে মহিমান্বিত এ রাতটি দান করা হয়নি। একবার রাসুলুল্লাহ (সা.) সাহাবায়ে কেরামের সামনে বনি ইসরাইলের এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, তিনি একাধারে এক হাজার মাস পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদে কাটিয়েছেন। এই দীর্ঘ সময়ের মধ্যে তিনি একবারের জন্যও অস্ত্র সংবরণ করেননি। সাহাবায়ে কেরাম আলোচনা শুনে আশ্চর্য হয়ে যান। তখন আল্লাহ তাআলা সুরা কদর নাজিল করে জানিয়ে দেন, উম্মতে মোহাম্মদির একটিমাত্র রাত কদরের রাতের ইবাদত বনি ইসরাইলের ওই ব্যক্তির এক হাজার মাস জিহাদের চেয়েও উত্তম। (তাফসিরে ইবনে কাছির, তাফসিরে কুরতুবি)। অন্য বর্ণনায় হজরত আলী (রা.) বলেছেন, একবার রাসুলুল্লাহ (সা.) বনি ইসরাইলের আইয়ুব, জাকারিয়া, হিজকিল ইবনে আজুজ ও ইউশা ইবনে নুন নামক চার আবেদের কথা আলোচনা প্রসঙ্গে বলেন, তাঁরা একাধারে ৮০ বছর আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। শুনে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আর তখনই হজরত জিবরাইল (আ.) এসে বললেন, 'হে মুহাম্মদ (সা.)! আপনার উম্মত বনি ইসরাইলের ওই চার আবেদের ৮০ বছরের ইবাদতের কথা শুনে আশ্চর্য হয়ে গেছে, অথচ মহান আল্লাহ তার চেয়েও উত্তম কিছু এ উম্মতকে দান করেছেন।' এ কথা বলেই হজরত জিবরাইল (আ.) সুরা কদর শুনিয়ে দেন। শবেকদর কোন রাত? কোন রাতটি শবেকদর- এ বিষয়ে বিস্তর মতানৈক্য আছে। ইমাম আহমদ (রহ.) হজরত বেলাল (রা.) থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, রমজান মাসের ২৪তম রাত শবেকদর। তবে প্রসিদ্ধ মত হলো, মাহে রমজানের ২৭তম রাতটি শবেকদর। ইমাম মুসলিম (রহ.) হজরত মুয়াবিয়া (রা.), হজরত আব্দুল্লাহ ইবনে উমার (রা.) ও হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, লাইলাতুল কদর হলো রমজান মাসের ২৭তম রাত। সব থেকে গ্রহণযোগ্য মত হলো, শবেকদর রমজান মাসের শেষ ১০ দিনের যেকোনো বেজোড় রাতে অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯- এই পাঁচ রাতের যেকোনো রাতে হতে পারে। আবার প্রত্যেক বছর একই রাতে হবে তেমন নয়। একেক বছর একেক রাতে হতে পারে। হজরত উবাদা ইবনে সামেত (রা.) বর্ণনা করেছেন, একবার রাসুলুল্লাহ (সা.) আমাদের লাইলাতুল কদর সম্পর্কে অবহিত করার জন্য ঘর থেকে বের হয়ে আসেন। পথে তিনি দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হতে দেখেন। অতঃপর তিনি এসে বললেন, আমি তোমাদের লাইলাতুল কদর সম্পর্কে জানাতে এসেছিলাম। কিন্তু অমুক আর অমুকের ঝগড়ার কারণে আমার অন্তর থেকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। সম্ভবত এর মধ্যেই তোমাদের জন্য মঙ্গল রয়েছে। সুতরাং তোমরা ২৫, ২৭ ও ২৯ তারিখে তা অনুসন্ধান করো। (তাফসিরে ইবনে কাছির) হজরত আয়েশা (রা.) একটি হাদিস বর্ণনা করেছেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'তোমরা রমজান মাসের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোয় লাইলাতুল কদর অনুসন্ধন করো।' (বোখারি-মুসলিম) শবেকদরের আলামত : শবেকদর নির্দিষ্টভাবে কোন রাত, সেটা জানা না গেলেও রাসুলুল্লাহ (সা.) শবেকদরের কিছু আলামত বা নিদর্শন বলে গেছেন, যা দেখে অনুমান করা যায় কোন রাতটিতে শবেকদর হলো। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'যে রাতে শবেকদর হয়, সে রাতটি থাকে পরিষ্কার-পরিচ্ছন্ন, জ্যোতির্ময় ও শান্ত। রাতটি হয় না গরম আর না ঠাণ্ডা। ওই রাতে ফজর পর্যন্ত কোনো নক্ষত্র নিক্ষিপ্ত হয় না। সে রাতটির আরেকটি লক্ষণ হলো, রাতের পরে যে সূর্যটি উদিত হয় সেটি থাকে চাঁদের মতো শান্ত-শীতল, তার কোনো উত্তাপ থাকে না। সেদিন সূর্যের সঙ্গে শয়তান আত্মপ্রকাশ করে না।' (মুসনাদে আহমাদ) শবেকদরের আমল : শবেকদরের রাতটি সূর্যাস্তের পর থেকে সূর্যোদয় পর্যন্ত সম্পূর্ণটাই মহিমান্বিত-বরকতময়। তাই রাতটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে অতিবাহিত করাই মুমিন মুসলমানের কর্তব্য। নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার, কবর জিয়ারত, দোয়া-মোনাজাত ইত্যাদি ইবাদত করা যেতে পারে। একাধারে একই ইবাদত দীর্ঘ সময় ধরে করতে আলস্য অনুভূত হলে কিছুক্ষণ একটা ইবাদত করার পর অন্যটা করা যেতে পারে। তাতে আলস্য দূর হবে এবং সারা রাত ইবাদতের মধ্য দিয়ে কাটানোও সম্ভব হবে। এই রাতে নির্দিষ্ট কোনো ইবাদত করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। নফল নামাজের ক্ষেত্রে অনেকেই মনে করে থাকেন, ১০০ রাকাত বা নির্দিষ্টসংখ্যক রাকাত নামাজ এ রাতে পড়তে হবে এবং প্রত্যেক রাকাতে সুরা কদর ও সুরা ফালাক বা কাফিরুন পাঠ করতে হবে। এটা একেবারেই ভুল ধারণা। মনে রাখা প্রয়োজন যে নফল নামাজ সম্পূর্ণভাবে ঐচ্ছিক। রাকাতসংখ্যা বা সুরা পড়ার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা আরোপের অর্থ হলো নফলকে ফরজ বা ওয়াজিবের পর্যায়ে নিয়ে যাওয়া, যা সম্পূর্ণভাবে অবৈধ, ধর্মীয় বিষয়ে বাড়াবাড়ির শামিল ও বর্জনীয়। শবেকদরের বিশেষ দোয়া : হজরত আয়েশা (রা.) বর্ণনা করেছেন, একবার আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল! যদি আমি বুঝতে পারি কোন রাত লাইলাতুল কদর, তাহলে আমি তাতে কী দোয়া করব? তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, তুমি বলবে 'আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি' অর্থাৎ হে আল্লাহ! তুমি মহিমান্বিত ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো। অতএব, তুমি আমাকে ক্ষমা করে দাও। (মুসনাদে আহমাদ)