শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দরিদ্র পরিবারের ৭৬ শতাংশ ছেলেমেয়ের মাধ্যমিক শিক্ষার সুযোগ নেই

news-image

বাংলাদেশে দরিদ্র পরিবারের ছেলেরা প্রাথমিকে ভর্তি হলেও বয়স ১০-১২ বছর হলেই পরিবারের আয়ে ভূমিকা রাখতে হয় তাদের। সংসারে অর্থ জোগাতে গিয়ে প্রাথমিকে অথবা মাধ্যমিকেই ঝরে পড়ে অধিকাংশ। ফলে বাংলাদেশে মাধ্যমিক শিক্ষার বাইরে থেকে যাচ্ছে দেশের দরিদ্র জনগোষ্ঠীর বড় একটি অংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের যৌথ জরিপ প্রতিবেদনে উঠে এসেছে এ চিত্র। ‘মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০১২-১৩’ শীর্ষক এ প্রতিবেদন বলছে, দেশের দরিদ্র পরিবারগুলোর মাত্র ২৪ শতাংশ শিশু মাধ্যমিক শিক্ষাগ্রহণের সুযোগ পায়। এ হিসাবে দরিদ্র পরিবারের ৭৬ শতাংশ ছেলেমেয়েই মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত। আর ধনী পরিবারগুলো থেকে ৬৬ দশমিক ৫ শতাংশ ছেলেমেয়ে মাধ্যমিক শিক্ষার সুযোগ পাচ্ছে। বাংলাদেশের ৬৪ জেলায় ৫৯ হাজার ৮৯৫টি পরিবারের মধ্যে এ জরিপ চালানো হয়। ঝরে পড়া রোধে ছাত্রীদের উপবৃত্তি প্রদান, শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই ও শিক্ষা উপকরণ বিতরণ, সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালুসহ বেশকিছু নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায়ও শিক্ষায় সমতার কথা বলা হয়েছে। এর পরও শিক্ষার বাইরেই থাকতে হচ্ছে জনগোষ্ঠীর বড় একটি অংশ। দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের ঝরে পড়ার কারণেই এমনটা হচ্ছে বলে মনে করছেন শিক্ষাবিদরা। শিক্ষায় সরকারের সুযোগ বৃদ্ধির প্রচেষ্টা থাকলেও তা পর্যাপ্ত না হওয়ার কারণেই দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা ঝরে পড়ছে বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, দেশে উন্নয়ন হচ্ছে, তবে তা অবকাঠামো ও অর্থনীতির উন্নয়ন। শিক্ষার উন্নয়নে বরাদ্দ বাড়ছে না। তার মতে, দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) বরাদ্দ শুধু উচ্চশিক্ষা ও অন্যান্য সামাজিক কাজে ব্যয় না করে দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় অংশগ্রহণ বাড়াতে ব্যয় করা উচিত। সম্প্রতি প্রকাশিত বিবিএস ও ইউনিসেফের প্রতিবেদন সূত্রে জানা যায়, দেশে বর্তমানে মাধ্যমিক শিক্ষাগ্রহণের হার ৪৬ শতাংশ। জরিপে দেখা যায়, ধনী পরিবারের শিশুদের প্রাথমিকে ঝরে পড়ার হার কম। ধনী পরিবারের ছেলেমেয়েদের মাধ্যমিকে অংশগ্রহণের হার ৬৬ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে প্রাথমিকে ২২ ও মাধ্যমিকে ১০ শতাংশ শিশু ঝরে পড়ে। এসব পরিবার থেকে মাধ্যমিকে অংশ নেয়া ছেলে ও মেয়ের হার যথাক্রমে ৬৩ ও ৭০ শতাংশ। অন্যদিকে দরিদ্র পরিবারের ছেলেমেয়ের মাধ্যমিক শিক্ষায় অংশগ্রহণের হার মাত্র ২৪ শতাংশ। এক্ষেত্রে ছেলেদের অংশগ্রহণ ১৮ দশমিক ৯ ও মেয়েদের ২৯ দশমিক ৭ শতাংশ। দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণের হার ৬৫ শতাংশ হলেও সেখানেই ঝরে পড়ার হার অনেক বেশি। প্রাথমিকে ৩৫ শতাংশ ছেলেমেয়ে ঝরে পড়ে আর মাধ্যমিক স্তর থেকে ঝরে পড়ে দরিদ্র পরিবারের প্রায় ৩৪ শতাংশ ছেলেমেয়ে। এ পরিস্থিতিকে ভবিষ্যতের জন্য অশনিসংকেত হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। ধনী-দরিদ্রের বৈষম্য বেড়ে যাওয়া, গরিবদের পিছিয়ে যাওয়া ও সরকারের বিশেষ নজরদারির অভাবকে এর কারণ হিসেবে দেখছেন তারা। বিশিষ্ট শিক্ষাবিদ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হাফিজ জিএ সিদ্দিক বলেন, শিক্ষার হার বাড়লেও দরিদ্রদের মধ্যে তা বাড়েনি। দেশের অর্থনীতি এগিয়েছে, তবে তা ধনীদের ক্ষেত্রে। গরিবরা গরিবই থেকে যাওয়ায় তাদের মধ্যে মাধ্যমিক শিক্ষাগ্রহণের হার আশঙ্কাজনক হারে কম। সরকার সার্বজনীন কিছু ব্যবস্থা নিলেও তার ফল সবসময় দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা পায় না। তিনি বলেন, শিক্ষার সুযোগ সবার জন্য হলেও তা সার্বজনীন হয়নি। দরিদ্র পরিবারে একটি ছেলের বয়স ১০ বছর হলেই তাকে দিয়ে উপার্জনের চিন্তা করেন তার মা-বাবা। আবার সে যদি মেয়ে হয়, তাহলে তাকে বিয়ে দেয়ার চিন্তা করেন তারা। ফলে পরিবার ও অভাবের কারণেই তারা মাধ্যমিক শিক্ষা গ্রহণ করতে পারে না। তাছাড়া গ্রামাঞ্চলে মাধ্যমিক স্কুলের সংখ্যা কম হওয়াটাও শিক্ষার্থীদের ঝরে পড়ার জন্য দায়ী। ব্যানবেইসের তথ্যমতে, দেশে বর্তমানে সরকারি মাধ্যমিক স্কুলের সংখ্যা ৩১৭ ও বেসরকারি মাধ্যমিক স্কুলের সংখ্যা ১৫ হাজার ৯৫৬। আর স্কুল অ্যান্ড কলেজের সংখ্যা ৮৩০। সব মিলিয়ে বর্তমানে মাধ্যমিক স্তরে অধ্যয়নরত ছাত্রছাত্রীর সংখ্যা ৭৫ লাখ ২৪ হাজার। এর মধ্যে ব্যক্তিখাতে প্রতিষ্ঠিত স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়নরত প্রায় সাত লাখ ছাত্রছাত্রীর প্রায় সবাই ধনী পরিবারের। এছাড়া সরকারি মাধ্যমিক স্কুলে সুযোগ পাওয়া অধিকাংশ ছেলেমেয়েই মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের। মাধ্যমিকে দরিদ্র পরিবারের ছেয়েমেয়েদের ঝরে পড়ার পেছনে গ্রামাঞ্চলে বিদ্যালয় কম থাকা দায়ী নয় বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মাধ্যমিক অনুবিভাগ) বেগম রুহি রহমান। আর দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের অংশগ্রহণ ও ঝরে পড়ার এ হার এখন ঠিক নেই বলেও জানান তিনি। বিবিএস যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা ২০১২-১৩ সালে জরিপ করা। এখন ছেলেমেয়েদের অংশগ্রহণের হার বেড়েছে। দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের অংশগ্রহণ বাড়াতে বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। শহর ও গ্রামের স্কুলগুলোর অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। স্কুলগুলোয় আসবাব সরবরাহ, পাঠ্যপুস্তক প্রণয়ন ও তা সময়মতো ছাত্রছাত্রীদের বিনা পয়সায় সরবরাহ, ছাত্রীদের উপবৃত্তি প্রদান, ব্যাপকভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা উপকরণ উদ্ভাবন ও বিতরণ করা হচ্ছে। ডিজিটাল ক্লাসরুম প্রস্তুতসহ বেশকিছু কার্যক্রম এগিয়ে চলছে।

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা