শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের হুঙ্কারে প্রশ্নের মুখে মোদির নীতি

news-image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বৈঠকের পরই ভারত-বিরোধী সুর চড়িয়েছে ইসলামাবাদ। ফলে, রাশিয়ার উফায় শরিফের সঙ্গে মোদীর বৈঠকে আদৌ কোনও লাভ হয়েছে কিনা তা নিয়ে কূটনৈতিক শিবিরে প্রশ্ন উঠে গেল। দীর্ঘদিন ধরেই বিদেশনীতির নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখার চেষ্টা করছেন মোদী। কিন্তু এ ক্ষেত্রে শীর্ষ আলোচনার আগে উপযুক্ত প্রস্তুতি ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন কূটনীতিকদের একাংশ। কী করেছে পাকিস্তান? শনিবারই সীমান্তে ভারতের হামলা নিয়ে সুর চড়িয়েছিলেন নওয়াজ শরিফ সরকারের অর্থমন্ত্রী ইশাক দার। পাক পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে দার বলেছিলেন,  পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের গতি সহ্য করতে পারছে না ভারত। তাই সীমান্তে গুলিবর্ষণের মাধ্যমে পাক সামরিক ও রেঞ্জার্স বাহিনীর পরিকাঠামো ধ্বংস করে ইসলামাবাদকে প্ররোচিত করার চেষ্টা করছে। এর সমুচিত জবাব দেওয়া হবে।’’  রোববার আবার লস্কর জঙ্গি নেতা জাকিউর রহমান লকভির কণ্ঠস্বরের নমুনা আদালতে পেশ করার চেষ্টাই করা হবে না বলে জানিয়ে দিয়েছেন ওই মামলার পাক সরকারি কৌঁসুলি। তাঁর দাবি, আগেই পাক আদালত জানিয়ে দিয়েছে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কোনও আইন সে দেশে নেই। অথচ উফায় মোদী-শরিফ আলোচনায় স্থির হয়েছিল, লকভির বিরুদ্ধে কণ্ঠস্বরের নমুনা-সহ বাড়তি সাক্ষ্যপ্রমাণ পাকিস্তানকে দেবে ভারত। কূটনীতিকদের একাংশের মতে, মোদীর  পাক-নীতির অর্থ খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বিষয়টি বোঝাতে গিয়ে ইতিহাস থেকে নজির টানছেন তাঁরা। ১৯৯৫ সালের মে মাসে পাক প্রেসিডেন্ট লেঘারি এসেছিলেন দিল্লিতে। তিনি কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। ভারতীয় গোয়েন্দারা আপত্তি তোলেন। তখন তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাও গোয়েন্দা কর্তা এ এস দুলাতকে বলেছিলেন, ‘‘হুরিয়ত নেতাদের সঙ্গে লেঘারি দেখা করতে চাইলে আপত্তির কী আছে?’’ সেটাই প্রথম হুরিয়ত নেতাদের সঙ্গে দিল্লিতে পাক রাষ্ট্রপ্রধানের বৈঠক। কিন্তু সেই হুরিয়ত নেতাদের সঙ্গে দিল্লির পাক হাইকমিশনারের দেখা করা নিয়েই বিদেশসচিব পর্যায়ের বৈঠক বাতিল করে দিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। হুরিয়তের সঙ্গে পাক রাজনৈতিক নেতারা দেখা করতে পারবেন না বলেও জানিয়েছিল তারা। মুম্বই হামলার চক্রী লকভির জামিন নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে জাতিসংঘেও নালিশ করেছিল ভারত। চিনের সাহায্যে সে যাত্রা রক্ষা পায় ইসলামাবাদ। প্রাক্তন কূটনীতিক বিবেক কাটজুর কথায়, ‘‘পাক সন্ত্রাসের প্রেক্ষিতে সে দেশের সঙ্গে আলোচনার ক্ষেত্রে একটি লক্ষ্মণরেখা (রেড লাইন) তৈরি করে দিয়েছিল মোদী সরকার।’’ উফায় সেই লক্ষ্মণরেখা ডিঙোলেন খোদ মোদী। কূটনীতিকদের একাংশের প্রশ্ন, তাতে লাভ কী হল?  ভারত-বিরোধী সুর আরও চড়াচ্ছে নওয়াজ শরিফ সরকার। সে দেশের সেনা-মোল্লাতন্ত্রকে খুশি রাখতে তা করতে বাধ্য তারা। কিন্তু মোদীর লাভের ঝুলিতে কী এল? শরিফের সঙ্গে বৈঠক নিয়ে সংসদেও জবাব দেওয়া কঠিন হবে বলে মনে করছেন ওই কূটনীতিকেরা। বিদেশসচিব এস জয়শঙ্কর-সহ মোদী-ঘনিষ্ঠদের পাল্টা দাবি, আলোচনা (ডায়ালগ) ও যোগাযোগ রক্ষা (এনগেজমেন্ট) ভিন্ন বিষয়। পাকিস্তানের সঙ্গে আলোচনা ভিন্ন পথ নেই। মোদী তাই যোগাযোগ রক্ষা করেছেন মাত্র। ইসলামাবাদে সার্ক বৈঠকের আগে এই পদক্ষেপ প্রয়োজন ছিল। কিন্তু ভারত-পাক দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়ে গেল, এটা বলা ঠিক নয়। সেটা বিদেশসচিব ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্তরে হবে। উফা বৈঠকের সাফল্য নিয়ে সন্দিহান কূটনীতিকদের পাল্টা প্রশ্ন, ২০১৪ সালের মে মাসে যখন নওয়াজ আর মোদীর বৈঠক হয়েছিল, তখন শরিফ নিজেই প্রস্তাব দিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্তরে সন্ত্রাস নিয়ে বৈঠকের। তখন মোদী সরকার সেই প্রস্তাব মানেনি। তারা বলেছিল, ‘টপ ডাউন থেকে বটম আপ’ অনেক বেশি ভাল। আগে নিচু স্তরে আলোচনা হোক, তার পর উপর মহলে হবে। তা হলে সন্ত্রাস নিয়ে কোনও নির্দিষ্ট পদক্ষেপের আগেই কেন মোদী শীর্ষ স্তরে আলোচনা করতে গেলেন? তা হলে কি স্নায়ুর চাপের কূটনীতিতে পাকিস্তানের কাছে হেরে যাচ্ছে ভারত? যোগাযোগ রক্ষা (এনগেজমেন্ট) ও আলোচনার (ডায়ালগ) পার্থক্য মানুষকে বোঝানো মুশকিল। মোদী শিবিরের দাবি, অনেক কথাই হয়েছে। কিন্তু সব কথা এখনই প্রকাশ্যে আনা যাচ্ছে না। পাক নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজই তো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কাশ্মীর, সিয়াচেন, স্যর ক্রিকের মতো বিষয় নিয়ে কূটনীতির অন্য স্তরে (ব্যাক চ্যানেল) কথা হবে।  প্রধানমন্ত্রী ঈদের পরেই জম্মু-কাশ্মীরের জন্য ৭০ হাজার কোটি টাকার বড় প্যাকেজ ঘোষণা করতে চলেছেন। পাকিস্তানকে সদর্থক বার্তা দিতেই এই প্যাকেজ বলে দাবি মোদী-ঘনিষ্ঠদের। সন্দিহান কূটনীতিকদের প্রশ্ন, মোদী শরিফের সঙ্গে হঠাৎ ব্যাকরণ ভেঙে কথা বলার পরে ব্যাক চ্যানেলের গুরুত্ব থাকে কি? অটলবিহারী বাজপেয়ী বলতেন, ‘‘গরম দুধ খাওয়ার আগে ফুঁ দিয়ে নেওয়া ভাল।’’ তাই বহু স্তরে আলোচনার পরে পাকিস্তানের সঙ্গে এক এক ধাপ এগোতেন তিনি। কিন্তু লাহৌর বাসযাত্রার পরে কার্গিল সংঘর্ষের জেরে বিপাকে পড়েছিলেন তিনিও। কূটনীতিকদের মতে, গরম দুধে মোদীর ঠোঁট পুড়বে কিনা, তা বলবে সময়ই।-আনন্দবাজার।