টিকিটের ১০ গুণ যাত্রী লাইনে
সারারাত লাইনে দাঁড়িয়ে ঈদের অগ্রিম টিকিট পাওয়া- এ যেন বিশ্বজয়! কমলাপুর রেলস্টেশনে আনন্দে আত্মহারা এক তরুণ -আনোয়ার হোসেন জয়সারারাত লাইনে দাঁড়িয়ে ঈদের অগ্রিম টিকিট পাওয়া- এ যেন বিশ্বজয়! কমলাপুর রেলস্টেশনে আনন্দে আত্মহারা এক তরুণ -আনোয়ার হোসেন জয়, দুই বছর বয়সী শিশুকে নিয়ে বুধবার বিকালে নারী ও প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত কাউন্টারের সামনে লাইনে দাঁড়ান কহিনূর আক্তার। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কাক্সিক্ষত টিকিট পেয়ে আনন্দে আত্মহারা তিনি। কিন্তু বৃহস্পতিবার সকালে যারা ওই লাইনে দাঁড়িয়েছিলেন, টিকিট পাননি তারা কেউই। সাধারণ কাউন্টারগুলোতেও একই ছবি। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। প্রথম দিনে কমলাপুর রেল স্টেশনের চিত্র ছিল এমনই। এদিন টিকিট না পাওয়া যাত্রীরা তখনই দাঁড়িয়ে গেছেন পরের দিন অর্থাৎ আজকের জন্য। ঢাকার মতো সিলেট ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের অবস্থাও ছিল প্রায় একই। যত টিকিট ছাড়া হচ্ছে, লাইনে দাঁড়িয়ে আছে তার চেয়ে অন্তত ৮ থেকে ১০ গুণ বেশি যাত্রী। বৃহস্পতিবার কমলাপুর রেলওয়ে স্টেশন কাউন্টার থেকে আন্তঃনগর ট্রেনের ১৪ হাজার ৫১২টি টিকিট বিক্রি করা হয়। সুবর্ণ ও তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের টিকিট বেলা সাড়ে ১১টার মধ্যেই শেষ হয়ে যায়। সকাল সাড়ে ১০টায় স্টেশন পরিদর্শনে আসেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক ও বেলা ১১টায় র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রথম দিন ১৪ হাজার ৫১২টি টিকিটের মধ্যে মোবাইল ও ই-টিকিটে বিক্রি হয় ৩ হাজার ২৭৯টি, ভিআইপি ও স্টাফ কোটায় ৫ শতাংশ হারে ৭৩৩টি করে এবং উন্মুক্ত কোটায় ৯ হাজার ৩৫টি টিকিট বিক্রি হয়েছে। আজ বিক্রি হবে ১৪ জুলাইয়ের টিকিট। রেলমন্ত্রী মো. মুজিবুল হক জানান, যথাসময়ে ট্রেন ছাড়ার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে। যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে রেলপুলিশের পাশাপাশি পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করবে। তিনি বলেন, ঈদের সময় বিভিন্ন স্টেশনে বিরতি নির্ধারিত সময়ের চেয়ে কিছু বেশি লাগে। তাতে সিউিউল কিছুটা বিলম্বিত হয়। যাত্রীদের সুবিধার্থেই কখনও ধীর গতিতে ট্রেন চালাতে হয়। টিকিট কালোবাজারি রোধে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। রেলপথমন্ত্রী আরও বলেন, জানুয়ারি মাসে ১৭০টি নতুন বগি রেলওয়েতে যুক্ত হবে। নতুন বগি পেলে আরও অতিরিক্ত যাত্রী বহন করা সম্ভব হবে। বর্তমানে ঈদ উপলক্ষে সারা দেশে প্রতিদিন প্রায় আড়াই লাখ যাত্রী বহন করবে রেলওয়ে। ৫০ হাজার যাত্রী শুধু কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে বহন করা হবে। সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের অগ্রিম টিকিট কাটতে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিনুল ইসলাম ও কামাল শেখ। আমিনুল জানান, দু’জনই বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এসে লাইনে দাঁড়ান। কিন্তু সাড়ে ১১টায় মাইকে ঘোষণা করা হয় সুবর্ণ এক্সপ্রেসের টিকিট শেষ। কামাল বলেন, ‘আজ আর স্টেশন থেকে যাব না, এ লাইনে দাঁড়িয়ে থাকব (আগামী কালের জন্য)। নারীদের লাইনে থাকা দু’জন জিআরপি সদস্যদের সঙ্গে তর্কবির্তক করছিলেন। তারা মোহাম্মদপুর থেকে এসেছেন। এদের একজন সাথী আক্তার বলেন, তূর্ণা নিশীথার জন্য ভোরে এসে লাইনে দাঁড়িয়েছিলেন। পুরুষের লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাইনি। কমলাপুর রেলওয়ে থানার ওসি মো. আবদুল মজিদ জানান, নারীদের লাইনে সুবর্ণ ও তূর্ণার টিকিট বিক্রি হয় না। এ দুই ট্রেনের টিকিট শুধু ৪ ও ৫নং কাউন্টার থেকে বিক্রি হচ্ছে। এছাড়া নারী ও প্রতিবন্ধীদের জন্য একটি কাউন্টার খোলা রাখায় অনেকেই ক্ষোভ জানিয়েছেন। এ বিষয়ে রেলপথমন্ত্রী বলেন, ভবিষ্যতে নারী ও প্রতিবন্ধীদের জন্য কাউন্টার বাড়ানো হবে। রেলওয়ে ঢাকা বিভাগীয় কর্মকর্তা আরিফুজ্জামান জানান, ঈদের অগ্রিম টিকিট ২০টি কাউন্টার থেকে দেয়া হচ্ছে। যে পরিমাণ লোক দাঁড়াচ্ছেন তাদের সবাইকে টিকিট দেয়া অসম্ভব। প্রায় প্রত্যেকেই ৪টি করে টিকিট নিচ্ছেন। ফলে টিকিট শেষ হচ্ছে দ্রুত। র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, ঈদ উপলক্ষে রেলপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলপুলিশের সঙ্গে র্যাবের সদস্যরা দায়িত্ব পালন করবে। চট্টগ্রাম : চট্টগ্রাম ব্যুরো জানায়, সকাল ৯টা থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ৭টি কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে। পূর্বাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক সরদার সাহাদাত আলী যুগান্তরকে জানান, প্রথম দিনে চট্টগ্রামে টিকিট কালোবাজারির ঘটনা ঘটেনি। তবে সীমিত টিকিট থাকায় লাইনে দাঁড়ানো সবাইকে টিকিট দেয়া সম্ভব হচ্ছে না। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার ৬ হাজার ১৪৩টি টিকিট বিক্রি করা হয়েছে। যার মধ্যে উন্মুক্ত কোটায় বিক্রি করা হয়েছে ৪ হাজার ১৭১টি টিকিট। সিলেট : সিলেট ব্যুরো জানায়, ঈদের অগ্রিম টিকিট বিক্রি হলেও এবারও সিলেটে কোনো স্পেশাল ট্রেন দেয়া হয়নি। স্টেশন ম্যানেজার আবদুল রাজ্জাক জানান, প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রিতে তেমন কোনো চাপ পড়েনি। ১৬ ও ১৭ জুলাই টিকিট বিক্রয়ে চাপ থাকবে। খুলনা : খুলনা ব্যুরো জানায়, টিকিট কালোবাজারি রোধে খুলনা রেলওয়ে স্টেশনে সিসি ক্যামেরা স্থাপনা করা হয়েছে। অবস্থান করছেন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। খুলনা অঞ্চলে বিশেষ ব্যবস্থায় অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা গ্রহণ করা না হলেও ঈদপরবর্তী সময়ে খুলনা, রাজশাহী, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশনে থেকে বিশেষ ব্যবস্থাপনায় ফিরতি টিকিট বিক্রি করা হবে। ১৬ জুলাই থেকে ২০ জুলাই ফিরতি টিকিট দেয়া হবে। রাজশাহী : রাজশাহী বু্যুরো জানায়, রাজশাহী-ঢাকা রুটে এবারও কোনো স্পেশাল ট্রেন নেই। ফলে সাধারণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। সকাল ৯টা থেকে যথানিয়মে রাজশাহী রেলওয়ে স্টেশনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে জানিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল আলম জানান, পশ্চিমাঞ্চলে ঈদের অগ্রিম টিকিট বিক্রির চাপ খুবই একটা থাকে না। তবে ঈদপরবর্তী সময়ে ফিরতি টিকিট বিক্রয়ের চাপ অনেক থাকে।











