আশা জাগানিয়া ওয়ানডে আজ
সিরিজ তো শুরু হয়েছে সে কবেই, দুটি টি২০ও হাতছাড়া হয়েছে। তবে কি-না সেগুলো ছিল ঈদবাজারের প্রথম সপ্তাহের মতোই ম্যাড়মেড়ে। রমজানের শুরুতে বেচাকেনা কতটা হলো, তা নিয়ে বিক্রেতার মাথাব্যথা একটু কম, সে তো অপেক্ষায় চাঁদরাতের জন্য! বাংলাদেশ ক্রিকেটের আশা জাগানিয়া সেই চাঁদরাতের সিরিজই শুরু হচ্ছে আজ। ওয়ানডে ফরম্যাটের পসরা সাজিয়ে অপেক্ষা করছে টাইগারদের অভয়ারণ্য মিরপুর। সেয়ানে সেয়ানে লড়াইটা তো এখানেই হবে। পাকিস্তানকে চুনকাম করে, ভারতকে পাত্তা না দিয়ে যে ছেলেরা ক্রিকেটবিশ্বকে কাঁপিয়ে দিয়েছেন, আজ তাদেরই তো কলার উঁচিয়ে মাঠে নামার কথা। তার পরও মাশরাফি যেন অনেক সতর্ক। 'দক্ষিণ আফ্রিকা দ্বিপক্ষীয় সিরিজগুলোতে চ্যাম্পিয়ন দল। ওরা পেস এবং স্পিন দুটোই বেশ ভালো খেলে। ওদের বোলিংয়েও বৈচিত্র্য বেশি। ভারত, পাকিস্তানের সঙ্গে শক্তির বিচারে তারাও সমান।' তাহলে তাদের বিপক্ষে মাঠে নামার আগে কেন বাংলাদেশ অধিনায়ক জোর দিয়ে 'জিতবই' শব্দটি উচ্চারণ করতে পারছেন না। কোনো জড়তা না মিশিয়ে প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা তো বেশ বলে গেলেন, 'টি২০-র পর আমরা ওয়ানডেতেও সিরিজ জয়ের জন্যই নামছি।' আসলে কাগজে-কলমে অতিথিরা অনেক বেশি এগিয়ে। ১৪ ম্যাচের মধ্যে তেরোটিতেই তাদের জয়, বাংলাদেশের মাটিতে আবার ছয়টির ছয়টিতেই জিতেছে তারা। শুধু ২০০৭ বিশ্বকাপে টাইগারদের রূপ দেখেছিল তারা। এর মধ্যে আবার সর্বশেষ ওয়ানডে ম্যাচে প্রোটিয়াদের কাছে এ মিরপুরেই ২০১১ বিশ্বকাপে ৭৮ রানে অলআউট হওয়ার কালো অধ্যায় রয়েছে। অতীত কবেই বা যুক্তির কথা শুনেছে! এমন তো পাকিস্তান, ভারতের সময়ও ছিল। সব ইতিহাস মুছে নতুন করে লিখিয়েছেন মাশরাফিরা। তবে এবার কেন নয়? দলে বিশ্বকাপের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ফিরেছেন। মাশরাফি তার পছন্দের এনামুল হক বিজয়কে নিয়ে এসেছেন। কোচও তার প্রিয় জুবায়ের হোসেন লিখনকে রেখেছেন। তা ছাড়া প্রতিপক্ষের যে ব্যাটসম্যানকে নিয়ে টিম মিটিংয়ে সবচেয়ে বেশি কাটাছেঁড়া করতে হতো, সেই এবি ডি ভিলিয়ার্সই তো নেই। শুধু আইসিসির নতুন নিয়মে খেলতে হবে আজ মাশরাফিদের। ব্যাটিং পাওয়ার প্লে নেই, পনেরো গজের মধ্যে ফিল্ডার রাখার বাধ্যবাধকতাও নেই, যে কোনো নো বলেই ফ্রি-হিট, শেষ দশ ওভারে ত্রিশ গজের বাইরে চারের বদলে পাঁচ ফিল্ডার_ ব্যাটসম্যানদের বেঁধে রাখতেই যেন নিয়মটি করা হয়েছে। সেখানে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের নিয়ে খুব বেশি চিন্তায় থাকার কথা নয় মাশরাফির। তার পরও চিন্তা একটা থাকছেই, সিরিজে দুই জুজুধান প্রতিপক্ষের মাঝে নীরবেই ঢুকে পড়েছে আষাঢ়ের বৃষ্টি। আজও তেমন কিছু হলে ম্যাচটি কাটছাঁট হয়ে মাঠে গড়াতে পারে। সেখানে যে 'ওয়ানডে' নিয়ে ঘরের ছেলেদের বেশি গর্ব, সেটিই 'কুড়ি-কুড়ি' হয়ে যেতে পারে। সেখানে কিন্তু আবার ম্যান্ডেলার দেশের ছেলেরা পেশি ফোলাতে বেশি পছন্দ করেন। গতকাল এ বৃষ্টির কারণেই হাশিম আমলারা কেউ অনুশীলনে আসেননি। মাশরাফিরা গা ঘামালেও সেন্টার উইকেটের আশপাশে গিয়ে ব্যাট তুলতে পারেননি। সে কারণে মিরপুরের পিচ নিয়ে একটা অজানা আতঙ্ক থাকছেই দু'দলের মধ্যে। পাকিস্তান ও ভারতকে আটকানো গিয়েছিল পেস আক্রমণ দিয়েই। কিন্তু প্রোটিয়ারা তো গতিতেই বেশি সাবলীল, তাহলে কি অস্ত্র হবে স্পিন? সেখানেও খুব বেশি সুবিধা হবে বলে মনে করেন না মাশরাফি, 'ওদের ক্রিকেটাররা কিন্তু আইপিএলে বেশ ভালো খেলেন। কেউ বলতে পারবে না, ওরা স্পিন ভালো খেলতে পারে না। বলতে হবে, ওরা পেসের চেয়ে স্পিন কিছুটা কম খেলে।' ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে আমলারই ব্যাটিং গড় ৬২.৭৫। তা ছাড়া যদি স্পিন ট্র্যাকই করা হয় কিউরেটরকে দিয়ে, তাহলেও আবার প্রতিপক্ষ শিবিরে ইমরান তাহিরের মতো ফর্মের তুঙ্গে থাকা লেগস্পিনার রয়েছেন। অবশ্য অতশত চিন্তা করে ম্যাচ শুরুর আগেই ড্রেসিংরুমে আতঙ্ক তৈরি করার পক্ষে নন মাশরাফি। তিনি বরং দলের প্রত্যেক ক্রিকেটারকে বলে দিয়েছেন, বেসিক ঠিক রেখে ম্যাচ খেলতে। অর্থাৎ যে ক্রিকেটার যে ধরনের শট খেলতে পছন্দ করেন এবং ওই শটে সাবলীল, তাকে সেটাই খেলতে বলা হয়েছে। যেমন, কেউ যদি রিভার্স সুইপে অনভ্যস্ত থাকে তাহলে সেটা তার খেলার দরকার নেই, 'বিশ্বকাপের আগে আমরা যেমন বেসিক ঠিক রেখে একটি প্রসেসের মধ্য দিয়ে গিয়েছিলাম, তাতেই ফিরে যেতে হবে আমাদের। আমার মনে হয়, দুটি সিরিজ জয়ের পর দলের কারও কাঁধে অবচেতনমনে জয়ের চিন্তাই বেশি ঘুরেছে, যে কারণে ভারতের সঙ্গে শেষ ম্যাচটি এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি২০ ম্যাচ হেরেছি আমরা। তাই প্রসেস ঠিক রেখে বেসিক ক্রিকেট খেলতে হবে আমাদের।' ড্রেসিংরুমের সব মুখ পড়েই এমনটি মনে হয়েছে মাশরাফির। ম্যাচ জয়ের উত্তেজক চিন্তায় পড়ে দলের ব্যাটসম্যানরা তাদের বেসিক থেকে সরে গেছেন বলে মনে করছেন মাশরাফি। আজকের ম্যাচে দলের সিনিয়র ক্রিকেটারদের বড় স্কোর গড়ার ওপর জোর দিয়েছে টিম ম্যানেজমেন্টও। তামিম, সাকিব, মুশফিক ত্রয়ীর কেউ একজন বড় রান পেলে লড়াইটা বেশ জমে উঠবে। 'জয়ের' আগে তাই 'প্রতিদ্বন্দ্বিতা' শব্দটিতেই বেশি জোর দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। এ সিরিজে 'র্যাংকিং' নিয়েও একটা বাড়তি উত্তেজনা তাড়িয়ে বেড়াচ্ছে সবাইকে। গত সিরিজ থেকে দেখা যাচ্ছে, বাংলাদেশের ম্যাচ শুরুর আগেই আইসিসি একটা ই-মেইল পাঠিয়ে দেয় গণমাধ্যমে। সেখানে হিসাব-নিকাশ করে বলা হয়ে থাকে, ক'টা ম্যাচ জিতলে কত পয়েন্ট বাড়বে। এ সিরিজের আগেও এমন একটা মেইলে বলা হয়েছে, বাংলাদেশ ৩-০-তে সিরিজ জিতলে রেটিং পয়েন্ট ৯৩ থেকে ৯৯ হবে। ২-১-এ জিতলে সেটা দাঁড়াবে ৯৬ আর ২-১-এ হারলে ৯৩ পয়েন্টেই থাকবে বাংলাদেশ। যদি ৩-০-তে হেরে যায় তাহলে সেটা ৯০ পয়েন্টে নেমে যাবে। অন্যদিকে পাকিস্তান যদি শ্রীলংকার বিপক্ষে ৩-২-এ সিরিজ জেতে, তাহলে তারা ৮৮ থেকে ৯০ পয়েন্টে যাবে। ৪-১-এ জিতলে হবে ৯২ আর ৫-০-তে জিতলে দাঁড়াবে ৯৪ পয়েন্ট। পাকিস্তান যদি সিরিজটি ৩-২-এ হেরে যায়, তাহলে তারা ৮৮ পয়েন্টেই থাকবে। বাংলাদেশ যদি এই সিরিজের একটি ম্যাচও না জেতে এবং পাকিস্তান যদি ৩-২-এ সিরিজ জিতে যায়, তাহলে দু'দলের রেটিং পয়েন্ট ৯০-এ দাঁড়াবে। সে ক্ষেত্রে জিম্বাবুয়ে, পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের সিরিজে ক্যারিবিয়ানদের জয় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাটা চ্যালেঞ্জে ফেলে দিতে পারে বাংলাদেশকে। 'র্যাংকিং নিয়ে আমরা এখনই কিছু ভাবছি না। আমাদের সব চিন্তা এখন আগামী ম্যাচটি নিয়ে।' এক কথাতেই মাশরাফি বুঝিয়ে দিলেন, সব একসঙ্গে নয়, একটু একটু করেই এগোতে হয় রণাঙ্গনে।











