শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে ছদ্মবেশে মানুষের অবস্থা দেখতে বললেন রওশন এরশাদ

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছদ্মবেশে মানুষের প্রকৃত অবস্থা দেখার আহ্বান জানিয়েছেন বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ। প্রয়োজনে দিনের বেলায় বোরকা পরে প্রধানমন্ত্রীকে রাস্তায় বের হওয়ার অনুরোধ করেছেন তিনি। বুধবার জাতীয় সংসদে ১০ম জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর যানজট, যত্রতত্র ময়লা-আবর্জনা কীভাবে নাগরিক জীবনকে দুর্বিষহ করছে সে বিষযে বক্তব্য রাখতে গিয়ে এ আহ্বান জানান।  রওশন এরশাদ বলেন, 'ছদ্মবেশে বের হয়ে দেখেন মানুষের দুরবস্থা। কীভাবে তারা বাস করছেন। আপনি যদি এটা করেন তাহলে সত্যিকারের বঙ্গবন্ধু কন্যা হিসেবে আরো সম্মানিত হবেন। আপনার চারপাশে যারা আছেন তারা সত্যিকার তথ্য আপনাকে জানাবেন না। অন্যের কাছ থেকে শোনা আর নিজের চোখে দেখার মধ্যে পার্থক্য আছে।' এ সময় বিরোধী দলের নেতা উচ্চ পর্যায়ের শক্তিশালী একটি কমিটি গঠন করে মাদক ব্যবসা বন্ধের উদ্যোগ নেয়ার আহ্বান জানান।  প্রায় ২০ মিনিটের বক্তব্যে রওশন এরশাদ বলেন, নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা পাওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। সেই সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হওয়ায় তিন কন্যাকেও ধন্যবাদ। তারা বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করেছে। তিনি বলেন, এর আগে কখনো সংসদে ধন্যবাদ প্রস্তাব পাসে বিরোধী দলের উপস্থিতি ছিল না। এই প্রথমবারের মতো তারা সংসদে থেকে এ ধরনের কার্যক্রমে অংশ নিচ্ছেন। বিরোধী দল হিসেবে সরকারের গঠনমূলক সমালোচনা করতে চান। বিরোধী দলের ভূমিকা কি রকম হতে পারে তার উদাহরণ তৈরি করে দেখাতে চান। যানজট প্রসঙ্গে তিনি বলেন, যানজট নিরসন করতে না পারায় জীবনীশক্তি রাস্তাতেই নষ্ট হয়ে যাচ্ছে। এই যানজটের কারণে প্রধানমন্ত্রীর দেয়া ইফতার মাহফিলে যোগ দিতে পারেননি বলে জানান বিরোধী দলের নেতা। তিনি বলেন, প্রতিদিন রাস্তায় ১৫ লাখ গাড়ি ও ৫০ লাখ মানুষ এবং ৯ লাখ মোটরসাইকেল চলাচল করে। কিন্তু যানজটের কারণে অনেক কর্মক্ষমতা, কর্মঘণ্টা ও বাণিজ্যিক ঘণ্টা নষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে। এসবের সুরাহা করা প্রয়োজন। এর মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনা। ভুয়া লাইসেন্স নিয়ে অনেক চালক রাস্তায় বের হচ্ছেন। তারা জানেন না কোথায় কীভাবে চলতে হয়। এ থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। যানজট ও কালোধুয়া থেকে নিষ্কৃতি পেতে পরিকল্পনা করতে হবে। রওশন এরশাদ বলেন, বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয়। এ কারণে ঢাকায় বিশেষ করে মৌচাক-মালিবাগ, এমনকি গুলশান, বনানী, বারিধারাতেও জলাবদ্ধতা হচ্ছে। রাজধানীর ৫০টি খালের মধ্যে এখন আছে মাত্র ২২টি। এর মধ্যে বেশিরভাগ আবার নষ্ট ও দখল হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী ও যোগাযোগমন্ত্রীকে এ সমস্যা নিরসনে দৃষ্টি আকর্ষণ করছেন। তিনি বলেন, ভূমিকম্পের বিষয়ে কোনো প্রস্তুতি নেই। এটা যে কোনো সময় ঘটতে পারে। মার্কিন যুক্তরাষ্ট একটি রিপোর্ট দিয়েছে, নেপালে যে ভূমিকম্প হয়েছে তার থেকে ৩২ গুণ বেশি মাত্রায় ভূমিকম্প হবে। তাহলে তখন উপায় কি হবে। সিলেটে যে কোনো মুহূর্তে ৮ মাত্রার ভূমিকম্প হতে পারে। তাহলে ঢাকায় কয়েক লাখ মানুষ মারা যাবে বা ক্ষতিগ্রস্ত হবে। এসবের জন্য কি প্রস্তুতি আছে? রানা প্লাজা ধ্বংসের সময় দেখেছেন কি হতে পারে। আর্মি, নেভি, পুলিশসহ সব সংস্থা গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছে। তারপরও অনেক প্রাণহানি হয়েছে। পঙ্গু হয়েছে। তিনি বলেন, সাড়ে চার কোটি মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। এখনো ভিক্ষাবৃত্তি চলছে। রাস্তাঘাটে চলাফেরা করা যায় না। বাংলাদেশে সাড়ে ১৪ হাজার বস্তি রয়েছে। ঢাকাতেই আছে ৪ হাজার ৬০৩টি। এখানে বাস করছেন ২৫ লাখ মানুষ। এসব জায়গায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ হয়। মাদকের কারণে তরুণরা ধ্বংস হয়ে যাচ্ছে। এটা রুখতে না পারলে দেশ ধ্বংস হয়ে যাবে। মাতুয়াইল নিয়ে এর আগেও কথা বলেছেন। কিন্তু এখনো অ্যাকশন নেয়া হয়নি। তারা সংসদে কথা বলার পর যদি ফলোআপ না করা হয় তাহলে লাভ কি। সেখানে ময়লা থেকে যারা জিনিসপত্র সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায় তাদের সবার হাতে-পায়ে ঘাঁ। এসব দূর করতে না পারলে তারা মধ্যবিত্তের দেশ হবেন কি করে। এরপর আছে হাসপাতালের বর্জন। পুরাতন সিরিঞ্জ নতুন করে ব্যবহার করে চলছে বিষক্রিয়া। বিরোধী দলের নেতা বলেন, দেশে কাজ কম থাকায় চুরি, ডাকাতি, খুন বেড়ে যাচ্ছে। এসব বন্ধ করার জন্য চেষ্টা করুন। মানব পাচার যেমন করেই হোক বন্ধ করতে হবে। দেশে কর্মসংস্থান নেই বলেই তারা বিদেশে যাচ্ছে। তা না হলে যাবে কেন। পাচারকারীরা অতি সহজে মানুষকে বুঝিয়ে তাদের জীবন কেড়ে নিচ্ছে। সৌদি আরবে এবার ২৫ হাজার হাজি হজ করতে পারলো না। ওমরাহ ভিসা বন্ধ করে দিল শুধু এই মানব পাচারের কারণে। চীনে ১২৫ কোটি মানুষ। তারা প্রথম থেকেই বুঝতে পেরেছিল এত মানুষকে কাজ না দিলে দেশের উন্নতি হবে না। তারা ১৯৭৮ সালে দেশের ৪টি জোন তৈরি করে শিল্পকলকারখানা গড়ে তোলে। অর্থনৈতিকভাবে তারা এখন এক নাম্বার। দাতাদের এখন রিজার্ভ আছে ১১ ট্রিলিয়ন ব্রিটিশ পাউন্ড। যেখানে আমেরিকায় আছে ১০ ট্রিলিয়ন ব্রিটিশ পাউন্ড। পরিকল্পিতভাবে তারা দেশকে এগিয়ে নিয়ে গেছে। দালালদের খপ্পরে পড়ে বেশিরভাগ লোক নিঃস্ব হয়ে গেছে। অর্থমন্ত্রী লেখাপড়ার ওপর ট্যাক্স ধরেছেন। এগুলো তো মৌলিক অধিকার। শেয়ারবাজার চাঙ্গা করতে হবে। এর মাধ্যমে অনেকের কর্মসংস্থান হতে পারে। সংসদে মহিলাদের সংরক্ষিত আসন বাদ দিয়ে তাদের সরাসরি ভোটে আনার ব্যবস্থা করতে হবে। এ সময় তিনি প্রত্যেককে সমপরিমাণ বরাদ্দ দেয়ার দাবি জানান। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে সরাসরি ভোটের জন্য তাদের মনোনয়ন দেয়ারও দাবি জানান।