শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যানজটে স্থবির রাজধানী

news-image

পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর থেকেই রাজধানীর ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে। সকাল থেকে মধ্যরাত অবধি চলছে অসহনীয় যানজট। যানজটের কবলে পড়ে প্রতিনিয়তই নাকাল হচ্ছেন নগরবাসী। বাদ যাচ্ছে না ছুটির দিনগুলোও। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, ঈদুল ফিতর আসন্ন। কেনাকাটার জন্য এখন সবাই ছুটছেন বিপণি বিতান ও ঈদ পণ্যে দখল হয়ে যাওয়া ফুটপাথে। এ কারণে ব্যক্তিগত গাড়ি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে রিকশা। এছাড়া, ঈদ উপলক্ষে রাজধানীর বাইরে থেকেও যানবাহন ও লোকজনের সংখ্যা বেড়েছে। নগরীতে তীব্র যানজটের মূল কারণও এটাই। গতকাল রাজধানীর মিরপুর, ফার্মগেট, কাওরানবাজার, বাংলামোটর, মগবাজার, মালিবাগ, মৌচাক, শাহাবাগ, পুরানা পল্টন, গুলিস্তান, যাত্রাবাড়ী, নিউমার্কেট এলাকা ঘুরে দেখা গেছে যানজটের ভয়াবহতা। ছুটির দিন হলেও এই নিত্য যন্ত্রণা থেকে গতকালও স্বস্তি মেলেনি নগরবাসীর। বরং কোথাও কোথাও যানজটের তীব্রতা আরও বেড়েছে। বাদ যাচ্ছে না ভিআইপি সড়কগুলোও। যানজট নিয়ন্ত্রণে দায়িত্বরতদের অবস্থা গলদঘর্ম। অসহায়ত্ব প্রকাশ করা ছাড়া কিছুই করার নেই তাদের। গতকাল সকালে ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচ থেকে কাওরানবাজার পান্থপথ সিগন্যাল পর্যন্ত যতদূর চোখ যায় দেখা যায় শুধু গাড়ি আর গাড়ি। প্রায় সারাদিনই ছিল এ অবস্থা। এই সড়কে চলাচলকারী একাধিক গণপরিবহনের চালক, সুপারভাইজার, লাইনম্যান ও যাত্রীরা জানান, কেবল ফার্মগেট থেকে পান্থপথ সিগন্যাল পার হতেই লেগেছে ২০ মিনিট থেকে ৪০ মিনিট পর্যন্ত। এ কারণে গুলিস্তান ও শাহবাগ অভিমুখী অনেক গাড়িই যানজটের ভয়ে পান্থপথ গিয়ে ইউটার্ন করে ফার্মগেট হয়ে আবার নিজ গন্তব্যে ফিরে যায়। কাওরানবাজারের আন্ডারপাসের পাশের সড়কের ফুটপাথের চা বিক্রেতা মো. শরীফ জানান, সকাল থেকে দুই পাশের সড়কে গাড়ির সারি। অন্যদিন ভিআইপি আসা-যাওয়া করলে এমন অবস্থা হয়। আজ (গতকাল) কোন ভিআইপি যাইতে দেখিনি। তারপরও গাড়ি যেন আর নড়ে না। মিরপুর-গুলিস্তান রুটের ইটিসি পরিবহনের লাইনম্যান জামালউদ্দিন জানান, মিরপুর থেকে গাড়ি ছেড়ে আসার পর ফার্মগেট খামারবাড়ি সিগন্যালে ৪০ মিনিট অপেক্ষা করতে হয়েছে। একেকটি সিগন্যালে মাত্র ১০/১৫টি গাড়ি ছেড়ে দিয়েই আবার তা বন্ধ করে দেয়া হয়। ফার্মগেট পুলিশ বক্সের সামনে দায়িত্বপালনকারী ট্রাফিক পুলিশ আনোয়ার হোসেনকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে হতাশার সুরে তিনি বলেন, ভাই আমি অসহায়। কি অবস্থা দেখতেই পাচ্ছেন। অন্য সিগন্যাল না ছাড়লে এই সিগন্যাল আমি ছাড়ি কি করে? কোন সিগন্যালই সময়মতো ছাড়া যাচ্ছে না।  তিনি বলেন, বসুন্ধরা ও নিউমার্কেট এলাকায় ঈদের কেনাকাটা চলছে। একারণে বেড়েছে প্রাইভেট গাড়ি ও রিকশা। আর এর জেরে এই এলাকায় যানজট বেড়েছে বলে জানান তিনি।  দুপুরে মহাখালী এলাকায় দেখা যায় ফ্লাইওভারে ফার্মগেট অভিমুখী গাড়ির দীর্ঘ সারি। বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি। ফ্লাইওভারের নিচের অবস্থাও তথৈবচ। ফার্মগেট ও মিরপুর অভিমুখী গাড়িগুলো যেমন আটকে যাচ্ছে বার বার। তেমনি মগবাজার, মালিবাগ অভিমুখী গাড়িগুলোও ঠাঁয় দাঁড়িয়ে। আর বনানী, উত্তরা অভিমুখী গণপরিবহনগুলো কিছুদূর এগুলেও কাকলি, বনানী এলাকায় গিয়েই আটকে যাচ্ছিল যানজটে। দুপুরের পর যানজটের তীব্রতা কিছুটা কমে এলেও বেলা তিনটার পর তা আবারও বেড়ে যায়। একই সঙ্গে বাড়ে প্রচণ্ড গরম। ফলে যানজটের কবলে পড়ে যাত্রীরা গাড়িতেই ঘেমে নেয়ে একাকার হন। বিশেষ করে নারী ও শিশুদের কষ্ট ছিল চোখে পড়ার মতো। প্রচণ্ড গরমে অনেকেই নেতিয়ে পড়েন। বিকাল তিনটায় শাহবাগ এলাকায় দেখা যায়, মৎস্য ভবন থেকে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট পার হয়ে সোহরাওয়ার্দী উদ্যান হয়ে শিশুপার্ক পর্যন্ত দীর্ঘ গাড়ির সারি। সময় বাঁচাতে যাত্রীদের অনেকেই পায়ে  হেঁটে শাহবাগ এলাকা পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু তাতে লাভ হয়নি কিছুই। এই সড়কের একেকটি সিগন্যাল পার হতে সর্বোচ্চ এক ঘণ্টা পর্যন্ত সময় লেগেছে বলে জানান কয়েকজন যাত্রী। ফলে তীব্র গরম ও যানজটে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। একারণে অনেকেই শাহবাগ সিগন্যালে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সঙ্গে বচসায় লিপ্ত হন। মতিঝিল থেকে মিরপুর চিড়িয়াখানা অভিমুখী নিউনেশনের যাত্রী জাকির হোসেন বলেন, ভাই, এক ঘণ্টার বেশি সময় ধরে যানজট ও গরমে  অসুস্থ বাচ্চাটা কষ্ট করছে। কিন্তু এই সিগন্যাল ছাড়ার কোন নাম নেই। ট্রাফিক পুলিশের হাতে পায়ে ধরেছি। ট্রাফিক পুলিশ উল্টো আমার হাত ধরে তার অপারগতা প্রকাশ করেছেন। নিউ নেশন পরিবহনের সুপারভাইজার মাসুদ বলেন, যানজটের কারণে ট্রিপের পরিমাণ কমে গেছে। আগে প্রতিদিন যে ট্রিপ পড়তো, রমজান মাস শুরু হওয়ার পর তা অর্ধেকে নেমে এসেছে। কিন্তু মালিকের টাকা জমা ও জ্বালানি খরচ ঠিকই হচ্ছে। শাহবাগে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মো. ছাদেক বলেন, সোনারগাঁ মোড় থেকে কোন সিগন্যালই ঠিকমত ছাড়ছে না। যে কারণে এই সিগন্যালেও ঠিকমতো ছাড়তে পারছি না। আমার কিছুই করার নেই। তিনি বলেন, ঈদের কেনাকাটার কারণে রাজধানীর বিপণিবিতানগুলোতে ভিড় বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে গাড়ি। একারণেই যানজট নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। যাত্রাবাড়ী থেকে গাবতলী অভিমুখী ৮ নম্বর পরিবহনের যাত্রী ষাটোর্ধ্ব আবদুস সালাম বলেন, প্রায় দেড় ঘণ্টা আটকে থাকার পর শাহবাগ সিগন্যাল পার হয়েছি। গাবতলী পৌঁছতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে। বিকালে পুরানা পল্টন এলাকায় দেখা যায়, প্রেস ক্লাব থেকে মতিঝিল ও গুলিস্তান অভিমুখী গাড়িগুলো ঠাঁয় দাঁড়িয়ে। তবে সড়কের অন্যপ্রান্তে ফার্মগেট অভিমুখী গাড়িগুলো প্রেস ক্লাব, হাইকোর্ট পার হয়ে মৎস্য ভবনে আটকে যাচ্ছিল যানজটে। বাংলামোটর, ইস্কাটন পার হয়ে মগবাজার ও মালিবাগ এলাকায় দেখা যায়, রিকশা ও গাড়ির দীর্ঘ সারি। এখানকার যানজট ছুঁয়েছে রামপুরা, বনশ্রী এলাকাতেও। এখানকার কয়েকজন বাসিন্দা জানান, মগবাজার ও মৌচাক ফ্লাইওভারের কাজ শুরু হওয়ার পর থেকেই এই এলাকার রাস্তা সরু হয়ে গেছে। এছাড়া, বৃষ্টির দিনে কাদা ও শুকনা দিনে ধুলার মধ্যেই আমাদের বসবাস করতে হচ্ছে। আর যানজটের কারণে যন্ত্রণা আরও বেড়েছে। এই রুটে চলাচলকারী ৬ নম্বর পরিবহনের সুপারভাইজার শাহীন বলেন, মগবাজার চৌরাস্তা পার হতেই আধ ঘণ্টা সময় লেগে যায়। কোন গাড়িই সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারে না। আর একটু বৃষ্টি হলেই অবস্থা আরও খারাপ হয়। তখন মন চায় গাড়ি ছেড়ে পালিয়ে যাই। 

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা