ফেরি ও লঞ্চঘাটের ইজারা বাতিল, যাত্রীরা স্বস্তিতে
ফেরি ও লঞ্চঘাটের ইজারা প্রথা বাতিলে সরকারি আদেশ বুধবার থেকে কার্যকর হয়েছে। প্রথম দিনে ১২টি ঘাটের মধ্যে ১০টিতে সরকারি আদেশ কার্যকর হয়েছে। তবে ইজারাদারদের রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় দুটি ঘাটে সরকারি সিদ্ধান্ত কার্যকর হয়নি। রিট আবেদন নিষ্পত্তি সাপেক্ষে এগুলোতেও শিগগিরই ইজারা প্রথা বাতিল করা যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে। ইজারা প্রথা বাতিলের পর এখন থেকে যৌথভাবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডবি্লউটিএ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডবি্লউটিসি) সরাসরি তত্ত্বাবধানে এসব ঘাট থেকে টার্মিনাল চার্জ ও ভাড়া আদায় করা হবে। এ লক্ষ্যে প্রতিটি ঘাটে বন্দর বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিদের মনোনীত ব্যক্তি এবং লঞ্চ মালিক সমিতির নেতাদের সমন্বয়ে একটি করে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এ কমিটি এই কার্যক্রমে নজরদারি করবে। ফলে এসব ঘাট দিয়ে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের আর হয়রানির মুখে পড়তে হবে না বলেও আশা করা হচ্ছে। এ দিকে ইজারা প্রথা বাতিলের প্রথম দিন থেকেই সাধারণ মানুষ সরকারি সিদ্ধান্তের সুফল পেয়েছেন বলে সরেজমিনে ঘুরে জানিয়েছেন সমকাল প্রতিনিধিরা। সরকারি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ঘাটের টোল ৩ টাকা হলেও এতদিন অসাধু ইজারাদাররা ১০ থেকে ১৫ টাকা এমনকি ঈদের আগে ২০ টাকা পর্যন্ত আদায় করত। কাওড়াকান্দি ঘাটে ঘুরে শিবচর প্রতিনিধি জানিয়েছেন, বুধবার থেকে ঘাটের টোল সরকার নির্ধারিত ৩ টাকা হারেই আদায় করতে দেখা গেছে। মাওয়া ঘাট ঘুরে লৌহজং প্রতিনিধি জানান, মাওয়ায় শিমুলিয়া ঘাটে কোনো ইজারাদার দেখা যায়নি। সরকার নির্ধারিত ২ টাকা টোল লঞ্চ ভাড়ার সঙ্গে আদায় করা হচ্ছে। এ ঘাটে লঞ্চ ভাড়া ৩৩ টাকা, ২ টাকা টোলসহ যাত্রীদের কাছ থেকে ৩৫ টাকা করে নেওয়া হচ্ছে। একইভাবে বাস, ট্রাক ও প্রাইভেট কারের ক্ষেত্রে ৪০ টাকা ও ২০ টাকা টোল ফেরি ভাড়ার সঙ্গে নেওয়া হচ্ছে। পাটুরিয়া ঘাটেও ২ টাকার টোল আদায় না করে ২০ টাকার লঞ্চ ভাড়া ২৫ টাকা করা হয়েছে বলে জানিয়েছেন মানিকগঞ্জ প্রতিনিধি। নিয়ম অনুযায়ী ২ টাকার টোল এবং ২০ টাকার লঞ্চ ভাড়াসহ ২২ টাকা আদায় করার কথা থাকলেও খুচরা টাকার ঝামেলা এড়াতে বিআইডবি্লউটিএ এবং লঞ্চ মালিক সমিতি যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে ২৫ টাকা আদায় করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ কারণে তিন টাকা বেশি আদায় নিয়ে পাটুরিয়া ঘাটে যাত্রীদের সঙ্গে বিআইডবি্লউটিএর টোল আদায়কারীদের বচসা হতেও দেখা গেছে। বিআইডবি্লউটিএর আরিচা বন্দর কর্মকর্তা এনামুল হক ভূঁইয়া জানান,বিআইডবি্লউটিএ এবং মালিক সমিতি যৌথভাবে ২৫ টাকা ভাড়ার হার নির্ধারণ করেছে। প্রথম দিকে যাত্রীরা কিছুটা বিভ্রান্তিতে পড়ছেন, পরে এটা ঠিক হয়ে যাবে। সাধারণ মানুষ ইজারা প্রথা বাতিলে সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং ইজারাদার নামের দুর্বৃত্তদের কাছে আর যেন কখনোই জিম্মি না হতে হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে। যে ১০টি ফেরিঘাট ও তৎসংলগ্ন লঞ্চঘাটের ইজারা প্রথা বাতিলের সিদ্ধান্ত গতকাল থেকে কার্যকর হয়েছে সেগুলো হচ্ছে_ মুন্সীগঞ্জের মাওয়া (শিমুলিয়া), মানিকগঞ্জের পাটুরিয়া, মাদারীপুরের চরজানাজাত, কাঁঠালবাড়ী (ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাট), রাজবাড়ীর দৌলতদিয়া, পাবনার নগরবাড়ীর কাজির হাট, বরিশালের নাহারহাট, ভোলার ইরিশা ও ভেদুরিয়া এবং লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট। অবশ্য পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাটে বেশ আগে থেকেই ইজারা প্রথা বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়ে আসছে। ইজারাদারদের রিট আবেদনে কারণে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় শরীয়তপুরের আলুবাজার এবং চাঁদপুরের হরিনা ফেরি ও তৎসংলগ্ন লঞ্চঘাটে এখনই ইজারা প্রথা বাতিলের এই সিদ্ধান্ত কার্যকর করা যাচ্ছে না। বিআইডবি্লউটিএর পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মাহবুবুল আলম সমকালকে জানিয়েছেন, উচ্চ আদালতের এই রিট আবেদন নিষ্পত্তি তথা স্থগিতাদেশ প্রত্যাহার বিষয়ে তাদের আইনজীবীরা কাজ করছেন। কয়েকদিনের মধ্যেই রিট আবেদন নিষ্পত্তি সাপেক্ষে ওই দুটি ফেরি ও লঞ্চঘাটেও ইজারা প্রথা বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা যাবে বলে তারা আশা করছেন।দেশের বিভিন্ন নৌপথের এসব ফেরি ও তৎসংলগ্ন লঞ্চঘাটগুলোর ইজারাদারদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যানবাহন ও যাত্রী হয়রানির অভিযোগ চলে আসছিল। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে এসব ঘাট ইজারা নিয়ে এমন অনিয়ম চালানো হচ্ছিল। দেশের বিভিন্ন নৌপথের অবস্থিত এসব ফেরিঘাট দিয়ে পারাপারকারী যানবাহনের কাছ থেকে অতিরিক্ত টার্মিনাল চার্জ আদায়ের অভিযোগও অনেক পুরনো। এক্ষেত্রে বাস-ট্রাকসহ বড় গাড়ি পারাপারে ৪০ টাকা এবং প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ ছোট গাড়ি পারাপারে ২০ টাকা টার্মিনাল চার্জ নির্ধারণ করে দেওয়া হলেও ৫০ টাকা, এমনকি ঈদের আগে একশ' টাকা পর্যন্ত করা হচ্ছিল। একইভাবে লঞ্চযাত্রীদের ঘাটের টোল ঘাটভেদে ২ টাকা ও ৩ টাকা নির্ধারিত থাকলেও ইজারাদার ও তাদের নিয়োজিত ব্যক্তিরা যাত্রীদের কাছ থেকে অনেক বেশি আদায় করত। এতে যাত্রীদেরও ভোগান্তি ও হয়রানির মুখে পড়তে হয়েছে। প্রতিবাদ করলে যাত্রীদের ইজারাদারদের হামলারও শিকার হওয়ার ঘটনাও ঘটত প্রায়ই। এর বাইরে যানবাহনের সিরিয়াল নিয়েও ফেরিঘাটগুলোতে অনিয়ম চলে আসছিল। অর্থের বিনিময়ে বিশেষ করে পণ্যবাহী ট্রাক কিংবা বড় বাসগুলোকে আগে সিরিয়াল পাইয়ে দিতেন এক শ্রেণীর ইজারাদার নিয়োজিত চার্জ আদায়কারীরা। এক্ষেত্রে পরে আসা যানবাহনগুলো সিরিয়াল পেয়ে গেলেও আগে আসা যানবাহনগুলোকে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হতো। এই অতিরিক্ত অর্থ আদায় নিয়েও কোনো কোনো ফেরিঘাটে ইজারাদার নিযুক্ত কর্মচারীদের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন চালক কিংবা যাত্রীদের মধ্যে প্রায়ই অপ্রীতিকর ঘটনাও ঘটছিল। প্রভাবশালী ইজারাদাররা এই অনিয়মের ক্ষেত্রে অনেক সময় সন্ত্রাস ও পেশিশক্তিকে ব্যবহার করছিলেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া ইজারা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারীরাও নানাভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন।











