বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে একাদশ শ্রেণীতে ভর্তির ফল প্রকাশ

news-image

অনেক জটিলতার পর অবশেষে রোববার মধ্যরাতে একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছুদের মেধা তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। কারিগরি জটিলতায় নির্ধারিত সময়ের ৩ দিন পর এ ফল প্রকাশ করা হয়। রাত ১২টা ৪০ মিনিটে বুয়েটে এক সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, ‘প্রথম দফা যাদের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে ১০ লাখ ৯৩ হাজার ৩৭৪ জন মনোনীত করা হয়েছে। www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে এ তালিকা পাওয়া যাবে। রেজাল্ট পৌঁছে যাবে এসএমএসের মাধ্যমেও। ৩০ মে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০১৩ ও ২০১৪ সালে পাস করা সাড়ে ১১ লাখ শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তি হওয়ার জন্য এ তালিকার অপেক্ষায় ছিল। মনোনীতদের প্রথম মেধা তালিকা প্রকাশের কথা ছিল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায়। এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি আবু বক্কর ছিদ্দিক জানিয়েছেন, ২৯ ও ৩০ জুন এবং ১ ও ২ জুলাই শিক্ষার্থীরা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তবে পূর্বনির্ধারিত ১ জুলাই থেকেই ক্লাস শুরু হবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ থেকে ৩০ জুন বিলম্ব ফি ছাড়া প্রথম মেধা তালিকার শিক্ষার্থীদের ভর্তি করে আসন খালি থাকা সাপেক্ষে ২ জুলাই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করার কথা ছিল। তবে সারা দেশের সব কলেজে ভর্তির জন্য মনোনীতদের তথ্য সমন্বিত করে ওই ওয়েবসাইটে প্রকাশ করতে গিয়ে জটিলতায় পড়ে বুয়েটের আইআইসিটি, যাদের কাছ থেকে কারিগরি সহায়তা নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এবার মোট ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করলেও একাধিক আবেদন করার সুযোগ থাকায় মোট আবেদন জমা পড়ে ৩৩ লাখ। এর আগে ফল প্রকাশ নিয়ে ব্যাপক জটিলতা তৈরি হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করার কথা ছিল। এরপর চার দফা সময় পেছানো হয়। সর্বশেষ রোববার বিকালে মোবাইল ফোনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ যুগান্তরকে বলেন, আবেদনের ফল যেদিনই প্রকাশ হোক, ক্লাস ১ জুলাই শুরু হবে। প্রয়োজনে যে ক’জন ভর্তি হতে পারবে, তারা ক্লাস শুরু করে দেবে। তবে কখন ভর্তির ফল প্রকাশ করা যাবে তা নিশ্চিত করতে পারেননি তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘চেষ্টা করছি দ্রুত ফল দিতে। ফল না দেয়া পর্যন্ত নিশ্চিত করে বলা মুশকিল।’ অন্যদিকে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের জানান, অনলাইনের মাধ্যমে একাদশে ভর্তির আবেদনের ফল প্রকাশে বিলম্বের কারণে কলেজগুলোতে ভর্তির সময় পুনর্র্নিধারণ করতে বলা হয়েছে। ভর্তি ও ক্লাস শুরু হওয়া নিয়ে মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের এমন বক্তব্য এবং ফল প্রকাশে জটিলতায় শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করে। রাতে ফল প্রকাশের পর তাদের মাঝে স্বস্তি ফিরে আসে। এছাড়া আবেদনের ফল প্রকাশ না করেই ভর্তি আর ক্লাস শুরুর সময় নিয়ে খামখেয়ালির কারণে বিপুলসংখ্যক শিক্ষার্থী ক্লাসবঞ্চিত হওয়ার শংকায় ভুগছিল। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টরা বলছিলেন, শিক্ষার্থীরা এবার অনলাইনে ভর্তির আবেদনে ৫টি করে কলেজ পছন্দ দেয়ার সুযোগ পেয়েছে। তাই একজন শিক্ষার্থীকে যদি বোর্ডের নির্ধারণ করে দেয়া কলেজে কোনো কারণে ভর্তি পরিবর্তন (মাইগ্রেশন) করতে হয়, তাহলে তাকে দ্বিতীয় তালিকার জন্য অপেক্ষা করতে হবে। এদের সঙ্গে যুক্ত হবে দ্বিতীয় তালিকা, তৃতীয় তালিকা বা রিলিজ স্লিপে ভর্তির সুযোগ পাওয়া এবং এখনও আবেদন না করা ২৫ হাজার শিক্ষার্থী। এ পরিস্থিতিতে প্রথম তালিকার পরে যারা ভর্তি হবে, তাদের সবাইকে জরিমানা গুনতে হবে। পাশাপাশি যারা মাইগ্রেশন করবে, তাদের দু’বার ভর্তি ফি গুনতে হবে। ফলে উল্লিখিত তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের শুধু টাকাই গচ্চা যাবে না, ভর্তির কাজ শেষ করতেও অনেক সময় পেরিয়ে যাবে। এ কারণে তারা শিক্ষাবর্ষের প্রথম ক্লাসে বসতেই পারবে না। বিভিন্ন কলেজের অধ্যক্ষ নাম প্রকাশ না করে জানিয়েছেন, ভর্তির জন্য অন্যান্য বছর ১০ থেকে ১৫ দিন সময় পাওয়া যায়। কিন্তু এবার সরকার আবেদনকারী সাড়ে ১১ লাখের মধ্যে ১০ লাখ শিক্ষার্থীকে প্রথম তালিকায় ভর্তির সুযোগ দেয়, তাহলে ৮ হাজার ৮৮১টি কলেজের প্রতিটিতে গড়ে ১১৩ জন করে শিক্ষার্থী ভর্তি হতে হবে। সেক্ষেত্রে এ রমজান মাসে এসব শিক্ষার্থীকে তড়িঘড়ি আনুষঙ্গিক কাজ শেষ করে ভর্তি হতে হবে। তবে এক্ষেত্রে কম চাহিদার কলেজে ভর্তিচ্ছুদের তুলনায় নামিদামি কলেজে, যেখানে বেশিসংখ্যক শিক্ষার্থী ভর্তির সুযোগ হবে, তারা সংকটে পড়বে বেশি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী বলেছেন, প্রথমবার অনলাইনে ভর্তি কার্যক্রম নেয়ার কারণে এ সমস্যা হয়েছে। যদিও আমি ৩০০ আসন আছে, এমন কলেজে এ পদ্ধতি প্রবর্তনের পক্ষে ছিলাম। তারপরও যেহেতু পদ্ধতিটি প্রবর্তিত হয়েছে, তাই একটু সমস্যা হয়েছে। তবে এ সমস্যার কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না। তাদের কাছ থেকে বিলম্ব ফি নেয়া হবে না। এ বছর প্রথমবারের মতো চালু করা ‘স্মার্ট অ্যাডমিশন সিস্টেম’ নামে ডিজিটাল পদ্ধতির ভর্তি নিয়ে গোড়া থেকেই মন্ত্রী ও সচিবের মধ্যে মতানৈক্য ছিল। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ঢাকার বিভিন্ন কলেজের অধ্যক্ষদের নিয়ে ১৬ মে এক সভায় এই ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়। ওই সভায় সভাপতিত্ব করেন শিক্ষা সচিব। ২৮ মে সভার কার্যবিবরণী মন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। তখন মন্ত্রী সারা দেশের সব কলেজকে একসঙ্গে অনলাইন ভর্তির আওতায় না এনে দুর্বল, পশ্চাৎপদ এবং শিক্ষার্থী পায় না- এমন কলেজকে অনলাইনের বাইরে রাখার পরামর্শ দেন। এক্ষেত্রে ৩০০ শিক্ষার্থী ভর্তি করে, এমন কলেজকে এই পদ্ধতি রাখার একটি বৈশিষ্ট্য সুপারিশ করেন। মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রীর পরামর্শ অনুযায়ী ভর্তির নীতিমালাও প্রস্তুত হয়েছিল। কিন্তু তা জারি না করে নীতিমালার ৪(১) নম্বর ধারা সংশোধন করা হয়। এতে সব কলেজকে অনলাইনে ভর্তির অন্তর্ভুক্ত করে নীতিমালা জারি করা হয়। এ ঘটনার জন্য শিক্ষা সচিবের অনড় অবস্থানই কাজ করেছে বলে সংশ্লিষ্টদের অভিমত।
এর আগে উদ্ভূত পরিস্থিতির দায় নিজের ঘাড়ে নিয়ে শিক্ষা সচিব রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, ‘আমার পরিকল্পনাতেই অনলাইনে ভর্তির প্রক্রিয়াটি হচ্ছে। ভুলভ্রান্তি যা আছে এর সব দায় আমার। আপনারা আমার বিরুদ্ধে লিখতেও পারেন।’ এ সময় তিনি অনলাইনে ভর্তির সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘সব কাজেই ঝুঁকি থাকে। আমরা এ কাজের জন্য বিদেশ থেকে একটি সফটওয়্যার কিনতে পারতাম। বিদেশী বিশেষজ্ঞও আনতে পারতাম। কিন্তু কেনা জিনিস ব্যবহার করলে আমাদের অভিজ্ঞতা যেমন হতো না, তেমনি জানতাম না কিভাবে জিনিসটি তৈরি করতে হয়। এসব বিবেচনায় আমরা বুয়েটের মাধ্যমে সফটওয়্যারটি বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম।’ 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক