বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শুটিংয়ের ফাঁকে ডিস্টার্ব!

news-image

মেহজাবিন এখন দারুণ ব্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন শুটিং হাউসগুলোতে।
হঠাত এত ব্যস্ততা? মেহজাবিন জানালেন, ঈদ সামনে রেখেই তাঁর এই ব্যস্ততা। এরই মধ্যে ঈদের জন্য ১৫টি নাটকের কাজ করেছেন। বেশির ভাগ নাটকে তাঁর সঙ্গে আছেন সজল। আছেন তাহসানও। আরও আছেন অপূর্ব, নাঈম। এত ব্যস্ত যে মানুষটি, তাঁকে এখন হাতের কাছে পাওয়া চাট্টিখানি কথা! ২১ জুন বেলা সাড়ে ১১টা। পুবাইলের হাসনাহেনায় অপেক্ষা করছি তাঁর জন্য। ব্যস্ত মেহজাবিনকে ডিস্টার্ব করছি নাতো?পাঠক, মেহজাবিনকে বিরক্ত নয়, ডিস্টার্ব একটি নাটকের নাম। তাঁর সঙ্গে এখানে আড্ডার সময়টি দুই দিন আগেই চূড়ান্ত করা হয়েছে। একটু পরই এখানে নাটকটির শুটিং শুরু হবে। পরিচালক জাহিদ হাসান। ঈদের এই নাটকে মেহজাবিন অভিনয় করছেন জাহিদ হাসান আর সজলের সঙ্গে। জাহিদ হাসান চলে এসেছেন। সজল আসবেন বিকেলে। মেহজাবিন এলেন। ওদিকে শুটিংয়ের প্রস্তুতি চলছে। শুটিং শুরুর আগেই কথা হলো তাঁর সঙ্গে। শানবাঁধানো পুকুর পাড়ে হলো প্রথম দফার ছবি তোলা। ফাঁকে ফাঁকে কথা।
মেহজাবিন বললেন, ‘এরই মধ্যে একটি বিজ্ঞাপনচিত্রের কাজও করেছি। বাংলালিংকের। তৈরি করেছেন আদনান আল রাজিব। ঈদের সময় দেখানো হবে।’ জানালেন, এবার ঈদ উপলক্ষে আরটিভি, এসএ টিভি, বৈশাখী টিভি আর একুশে টিভিতে নাচের অনুষ্ঠান করেছেন তিনি। আপনি কখনো নাচ শিখেছেন? ‘না, প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি। তবে এখন শিখছি। ইভান শাহরিয়ার সোহাগের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছি,’ বললেন মেহজাবিন। নাচ ছাড়াও ঈদে মেহজাবিন অংশ নেবেন গেম শো আর আড্ডার অনুষ্ঠানে। নাটকের কাজের ফাঁকে তাঁকে সময় দিতে হচ্ছে এখানেও। আলাদা করে উল্লেখ করলেন ‘আজকের অনন্যা’ আর ‘ডে আউট’ অনুষ্ঠান দুটির কথা। এবার একটু পেছনে ফিরে যাওয়া যাক। মেহজাবিন ২০০৯ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’। এর পেছনে আছে মজার এক গল্প। জানালেন, তাঁর ছোটবেলা কেটেছে দুবাইয়ে। দেশে ফেরার পর পত্রিকায় বিজ্ঞাপন দেখে অংশ নেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায়। তখন তাঁর ও-লেভেল পরীক্ষা চলছে। একদিন স্কুলের ব্যাগ কাঁধে গেলেন অডিশন দিতে। শুরুতে তাঁকে ভেতরে ঢুকতেই দেওয়া হয়নি। বাসায় জানে কি না, এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পর ব্যাগ পরীক্ষা করে তবেই ঢুকতে দেওয়া হয়। সেই যে ঢুকলেন, বের হলেন একেবারে চ্যাম্পিয়ন হয়ে। মেহজাবিন বললেন, ‘শেষ ২৫ জনের মাঝে আমি ছিলাম সবার ছোট। তাই আমি ছিলাম সবার আদরের।’ চ্যাম্পিয়ন হওয়ার পর নাকি নাটক কিংবা বিজ্ঞাপনচিত্রে কাজ করার কথা তাঁর ভাবনাতেই ছিল না। বললেন, ‘নির্মাতাদের চাওয়ার কারণেই পরে আমি এই জগতের সঙ্গে যুক্ত হয়েছি।’
তবে পরিবারের সবার চাওয়া, মেহজাবিন যেন পড়াশোনা ঠিক রেখে বাকি সব করেন। মেহজাবিন এখন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং বিষয়ে পড়ছেন। ছোটবেলা থেকেই কাপড়ের নকশা করতে ভালো লাগত তাঁর। সামনে নিজের কাজ নিয়ে একটা কালেকশন বের করার ইচ্ছা আছে। আলাপচারিতায় ছেদ পড়ল শুটিংয়ের ডাকে। মেহজাবিন যখন ফিরে এলেন, তখন আকাশে মেঘ করেছে। বাতাস আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝেই আলাপ হলো তাঁর তারকা হওয়ার আগের এবং পরের জীবন নিয়ে। মেহজাবিন বললেন, ‘এখন যেখানেই যাই, সবাই আমাকে ঘিরে ধরে, তাদের ভালো লাগার কথা বলে। খুব ভালো লাগে তখন।’আজকাল ফেসবুকে মেহজাবিনকে অনেক সময় কাটাতে দেখা যায়। তা স্বীকার করলেন মেহজাবিন নিজেও। বললেন, ‘কাজের ফাঁকে বেশির ভাগ সময় আমি থাকি ফেসবুকে। নাটক কিংবা মডেলিংয়ের সঙ্গে জড়িত আমার বন্ধুদের একটা গ্রুপ আছে। সেখানে শত ব্যস্ততার মাঝেও একে অন্যের সঙ্গে চ্যাট করি।’
ছবি দেখেন? মেহজাবিন বললেন, ‘রোমান্টিক ছবি আমার খুব প্রিয়। টাইটানিক, মাই ব্লু বেরি নাইটস, মিড নাইট ইন প্যারিস ছবিগুলো কিন্তু দারুণ লাগে।’ মেহজাবিন নিশ্চয়ই প্রেম করেন? ‘প্রেম? আমার একমাত্র প্রেম হবে আমার স্বামী। আর আমার বিয়ে হবে পারিবারিকভাবেই। ওটাই হবে আমার লাভ স্টোরি।’
জানালেন, এখনই বিয়ে নিয়ে ভাবছেন না। পড়ালেখা শেষ করে অভিনয় আর মডেলিংয়ে নিজের অবস্থানকে একটু মজবুত করতে চান। এরপর বিয়ে নিয়ে ভাববেন। এদিকে মেহজাবিনের নাকের নিচে বিন্দু বিন্দু ঘাম।
আলাপচারিতার শেষে নিজের ঘরে গিয়ে টানা অনেকক্ষণ আইফোন সিক্সে কথা বললেন।
তবে কি কিছু লুকালেন মেহজাবিন?

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক