শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে ‘বাংলাওয়াশ’ করার হাতছানি টাইগারদের

news-image

সফরকারী ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি জিতে ইতোমধ্যে শিরোপা নিশ্চিত করে নিয়েছে বাংলাদেশ। এখন প্রতীক্ষা ‘বাংলাওয়াশের’।ক্রিকেট পরাশক্তি ভারতীয়দের বিপক্ষে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি টাইগাররা নিশ্চিত করেছে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ।এমন এক পরিস্থতিতে বুধবার তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। বিকেল ৩টায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দিবারাত্রির ম্যাচটি।এই ম্যাচে ভারতীয় দল যখন মান বাঁচানোর জন্য লড়বে তখন নির্ভার টাইগারদের সামনে থাকবে হোয়াইওয়াশ তথা ‘বাংলাওয়াশের’ হাতছানি।কয়েকদিন আগে ‘বাংলাওয়াশের’ এই মাহাত্ম আপাদমস্তক উপভোগ করে গেছে উপমহাদেশের আরেক ক্রিকেট পরাশক্তি পাকিস্তান। তবে কি এই পথেই ভারতকে পাঠাতে যাচ্ছে বাংলাদেশ? মঙ্গলবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত স্বাগতিক দলের অলরাউন্ডার নাসির হোসেন কিছুটা ভদ্রভাবেই বললেন, ‘দলের চিন্তা-ভাবনা আসলে তেমন কিছু না। চেষ্টা থাকবে ম্যাচটি জেতার। আমরা জেতার জন্যই খেলবো এটাই বড় কথা।’ তিনি বলেন, ‘ড্রেসিংরুমে একটু আগে কথা হয়েছে। দুটি ম্যাচে হেরে গেলে আমরা যেভাবে চাপে থাকতাম এবং গুরুত্ব দিয়ে খেলতাম কালকেও যেন সেভাবেই খেলি। জেতার জন্যই যেন খেলি। সবাই যেন সিরিয়াস থাকে। বিন্দু পরিমাণও ছাড় দেয়ার যাবে না।’ভারতকে হারিয়ে বাংলাদেশ নিজেদের বড় দল হয়ে ওঠেছে বলে প্রতিষ্ঠিত করতে চায় কিনা প্রশ্ন করা হলে জবাবে নাসির বলেন, ‘আমি এখনো বলবো না আমরা বড় দল হয়ে উঠছি। আমরা এখনো পুরোপুরি বড় দল হয়ে উঠতে পারিনি।’‘কারণ আমরা হোম কন্ডিশনে খেলছি। আমরা বড় দল কিনা এখনো বলতে পারছি না। বড় হতে হলে নিয়মিতভাবে দুই-তিন বছর আমাদের এরকম খেলতে হবে। তারপর মনে হবে আমরা হয়তো ভালো অবস্থানে আছি’ যোগ করেন তিনি। বাংলাদেশ দলে একটিমাত্র পরিবর্তন আসতে পারে। শেষ ম্যাচে খেলতে পারেন লেগ স্পিনার জোবায়ের হোসেন। গত দুই ম্যাচে চার পেসার খেলানোয় দলে কোনো স্পেশালিস্ট স্পিনারের জায়গা হয়নি।
এদিকে দুদলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছেন টাইগার দলের বিষ্ময় বালক মুস্তাফিজুর। এমনটিই মানছেন ভারতীয় ক্রিকেটাররা। হুমকি মানলেও এই মুহূর্তে তাকে প্রতিরোধের কোন অস্ত্র পায়নি বলেই প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন সফরকারী দলের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, ‘তার (মুস্তাফিজুর) যদি কোনো প্রতিপক্ষ না থাকে তাহলে আমরা কি করবো? আমরা কি তাকে অপহরণ করব?’ বাংলাদেশ স্কোয়াড (সম্ভাব্য): মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মোমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, জোবায়ের হোসেন, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, রনি তালুকদার, মুস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস। ভারত স্কোয়াড (সম্ভাব্য): মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, আজিঙ্কা রাহানে, রবিন্দ্র জাদেজা, ধাওয়াল কুলকার্নি, রবীচন্দ্রন অশ্বিন, স্টুয়ার্ট বিনি, অক্ষর প্যাটেল, মোহিত শর্মা, উমেশ যাদব ও ভুবেনশ্বর কুমার।