বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারের ঘটনা বাংলাদেশের জন্য হুমকি না হলেও ভাবতে হবে

news-image

সীমান্ত পেরিয়ে মিয়ানমারে জঙ্গি নিধনে ভারতের সামরিক অভিযান পার্শ্ববর্তী দেশগুলোর জন্য একটি সতর্কবার্তা বলে মনে করছে সেদেশের গণমাধ্যমগুলো।

ভারতের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন সিং বলেই দিয়েছেন, এ হামলার মধ্য দিয়ে প্রতিবেশীদের প্রতি আমরা এ বার্তা দিতে চাই যে, সীমান্তের ওপার থেকে কোনো জঙ্গি হামলা আমরা সহ্য করব না। সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে এমন কোনো দলকেও কেউ যদি আশ্রয় দেয়, তবে আমরা সময় ও জায়গা ঠিক করে হামলা চালাব।

ভারতের এই মনোভাব প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে সামরিক কিছু কৌশলগত কারণে ভারত কখনোই বাংলাদেশে হামলা করতে পারবে না। এবং বাংলাদেশের সামরিক শক্তি বিশ্বের যেকোন শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম বলে মনে করেন সাবেক বিডিআর মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর  রহমান।

তিনি বলেন, সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে যেকোন সমস্যা সমাধানে কূটনৈতিক পর্যায়ে আলোচনা করে সমাধানের সুযোগ রয়েছে। কিন্তু অন্য দেশের  ভেতর ঢুকে হামলা করা আগ্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ।

ফজলুর রহমান বলেন, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের দুই দিন পরেই সীমান্তে বিএসএফ এক বাংলাদেশিকে জবাই করে হত্যা করেছে বলে গণমাধ্যমে খবর এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফরের পরেই এরকম ঘটনা কোন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত দেয় না।

তিনি বলেন, বাংলাদেশ বন্ধুত্বের নিদর্শন অব্যাহত রেখেছে। চুক্তি অনুযায়ী  বৃহষ্পতিবার থেকে মংলা বন্দরে ভারতীয় জাহাজ পণ্য আনা নেয়ার কাজ শুরু করেছে। কিন্তু সীমান্তে বাংলাদেশিকে জবাই করার ঘটনা কিন্তু ভারতের বন্ধু মনোভাবের পরিচয় দিচ্ছে না।

মিয়ানমারের সীমান্তের ভেতরে প্রবেশ করে হামলার ঘটনা প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের জন্য কোন সতর্কবার্তা বলে মনে করেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলাওয়ার হোসেন। তিনি বলেন, আমার মনে হয় না এর সাথে বাংলাদেশকে সংযুক্ত করা ঠিক হবে। কারণ কোনো একটি ঘটনা দিয়ে একটি দেশের আচরণকে ব্যাখ্যা করা যায় না। এটা আসলে মিয়ানমারের বিষয়। এখানে নিশ্চয়ই  ইন্টিলিজেন্স রিপোর্টের ওপর ভিত্তি করেই যা করার করা হয়েছে। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।

ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো জানাচ্ছে, তাদের সীমান্তবর্তী রাজ্যগুলোর ওপর কোনো হামলা হলে তা ভারতের অখ-তার ওপর হুমকি মনে হলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ভারত। উলফাসহ বেশকিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য বাংলাদেশের ভেতরে লুকিয়ে অবস্থান করে বলে ভারতের পক্ষ থেকে অনেক আগে থেকেই অভিযোগ করা হচ্ছে। সেক্ষেত্রে ভারতের বর্তমান মনোভাবে কোনোভাবে বাংলাদেশও ঝুঁকির মধ্যে পড়ছে কি না তা জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক শান্তনু মজুমদার  বলেন, যে  কোনো ঘটনাই ঘটুক না কেন তার পরবর্তী পদক্ষেপগুলো যেন দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান হয়। আলোচনার খাতিরে ধরেই নিচ্ছি যে, মিয়ানমারে থাকা বিদ্রোহীরাই হামলা চালিয়েছে। কিন্ত তারপরও বর্ডার ক্রস করে হামলা করাকে সমর্থন করি না।

তিনি বলেন, এই ঘটনা বাংলাদেশের ব্যাপারে আমি ‘হুমকি’ শব্দটি বলতে চাই না। তবে প্রত্যেক প্রতিবেশিরই বিষয়টা মাথায় নেওয়ার ব্যাপার আছে। এটা খুবই কৌশলী ব্যাপার। সার্বভৌম ক্ষমতাকে ব্যাখা করার যে কনসেপ্ট সেটা সবখানে কাজ করে বলে মনে হয় না। প্রতিবেশিদের মধ্যে যেকোনো অনাকাঙ্খিত ঘটনাই ঘটুক না কেন, তার পাল্টা জবাব দেওয়ার আগে পারস্পরিক আলোচনা করে নেওয়া দরকার। সেটা বাংলাদেশের সাথে ভারতের হোক, পাকিস্তানের সাথে হোক, আর ভুটান বা নেপালের সাথে হোক।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ড. আশেকা ইরশাদ বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী, প্রতিবেশি দেশগুলোর মধ্যে কোনো সমস্যা থাকলে আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান করা হয়। কোনো রকম পূর্বানুমতি ছাড়া তো সীমান্ত অতিক্রম করা যায় না। এ রকম যদি ঘটে থাকে তাহলে ভারতের ব্যাপারে সবারই সজাগ থাকা দরকার।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এসম্পর্কে বলেছে, মঙ্গলবার রাত তিনটা থেকে পৌনে এক ঘণ্টা ধরে সেনাবাহিনী এ অভিযান চালায়। এতে অনেকে নিহত হয়েছে। তারা উত্তর-পূর্ব ভারতের জঙ্গি। অভিযানে বিমানবাহিনী হেলিকপ্টার ও ড্রোন দিয়ে (চালকবিহীন বিমান) সহায়তা দেয়।

গণমাধ্যমের খবরে বলা হয়, গত সপ্তাহে মণিপুরে জঙ্গিদের হামলায় ২০ জন ভারতীয় সেনাসদস্য নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবেই চালানো হয় এ অভিযান। গত দুই দশকে মণিপুরে আর এত বড় জঙ্গি হামলার শিকার হয়নি সেনাবাহিনী। এ ছাড়া নিজের সীমান্ত পেরিয়ে প্রতিবেশি মিয়ানমারে এ অভিযান চালানোর ঘটনাও ভারতের এটাই প্রথম।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক