বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিবাসীদের নাগরিকত্ব দিতে আগ্রহী হিলারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন অভিযোগ করেছেন, তাঁর বিরোধীপক্ষ রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের অভিবাসীদের ‘দ্বিতীয় শ্রেণির’ নাগরিকের মর্যাদা দিতে চায়। তবে তিনি প্রেসিডেন্ট হলে, দেশটির ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর বৈধতা দিতে যথাযথ ব্যবস্থা নেবেন। খবর এএফপি ও টাইম ম্যাগাজিনের।

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন দেশটির অভিবাসন সংস্কার নিয়ে সব সময় সরব। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা তরুণদের নাগরিকত্বের বিষয়ে তিনি ইতিবাচক অবস্থান নিয়ে আসছেন। হিলারি বলেছেন, ‘অভিবাসীদের পূর্ণ ও সমান নাগরিকত্বের সুযোগ দেওয়ার জন্য আমরা আর অপেক্ষা করতে পারি না।’
গত মঙ্গলবার নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে একটি হাইস্কুলের অনুষ্ঠানে ভাষণে এসব কথা বলেন হিলারি। তিনি বলেন, ‘রিপাবলিকান পার্টির প্রত্যেক মানুষের সঙ্গে এ বিষয়ে আমার ভিন্নমত আছে। আমি ভুল করছি না। আজ পর্যন্ত রিপাবলিকান পার্টির কোনো সম্ভাব্য প্রার্থী নাগরিকত্বের বিষয়টি নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি।’
হিলারি বলেন, ‘রিপাবলিকান পার্টির লোকজন যখন অভিবাসীদের আইনি স্বীকৃতির কথা বলেন, তাঁরা তাঁদের দ্বিতীয় শ্রেণির নাগরিকত্বের পক্ষে বলেন।’
হিলারি যে অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন, সেখানে দর্শকসারিতে বেশ কিছু অনিবন্ধিত অভিবাসী উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি আটকে আছে। ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলই মনে করে, বিপুলসংখ্যক অনিবন্ধিত অভিবাসী এবং ভিসা কোটা বন্ধের ফলে অভিবাসীদের বিষয়ে সংস্কার জটিল হয়ে পড়েছে। ২০১৩ সালে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে অভিবাসন সংস্কার প্রস্তাব অনুমোদিত হয়। তবে পরে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদে তা স্থগিত হয়ে যায়। মধ্য আমেরিকার দেশগুলো থেকে বিপুলসংখ্যক শিশুর আগমন ইস্যুটিকে আরও সামনে নিয়ে আসে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত বছরের নভেম্বর মাসে কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাহী পদক্ষেপে প্রায় ৫০ লাখ অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দেন। তবে গত ফেব্রুয়ারি মাসে এই আদেশ কার্যকর হওয়ার আগ মুহূর্তে টেক্সাসের একজন বিচারক এই পদক্ষেপ স্থগিত করেন। হিলারি ওবামার ওই পদক্ষেপের পক্ষে তাঁর অবস্থান পুনর্ব্যক্ত করেন। গতকালের আলোচনায় তিনি বলেন, ‘কংগ্রেস যদি বারবার এভাবে প্রত্যাখ্যান করেই যায়, তবে প্রেসিডেন্ট হিসেবে আমি আইন মেনেই সম্ভাব্য যা করার তাই করব।’
প্রেসিডেন্ট ওবামার মেয়াদ শেষ হওয়ার আগে অভিবাসী প্রশ্নে বড় ধরনের কোনো সংস্কার হবে না বলেই মনে করা হচ্ছে।
আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে হিলারি বলেন, নির্বাচিত হলে অভিবাসী সংস্কারের বিষয়টি হবে তাঁর নেওয়া প্রথম উদ্যোগ। অভিবাসীদের বিষয়টিকে একটি পারিবারিক ও অর্থনৈতিক ইস্যু হিসেবে তুলনা করেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক