বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হুইল চেয়ারে বিমর্ষ ও দুর্বল মির্জা ফখরুল ফের কারাগারে

news-image

ডেস্ক রির্পোট : অসুস্থ অবস্থায় ফের কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। অসুস্থ বোধ করায় বিএনপির এই নেতাকে গতকাল (মঙ্গলবার) সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। স্বাস্থ্য পরীক্ষার পর তার অবস্থা ‘স্থিতিশীল’ বলে জানিয়েছে ছয় সদস্যের মেডিকেল বোর্ড। চিকিৎসকদের পরামর্শে বেশ কিছু পরীক্ষা করার পর মির্জা ফখরুলকে বিকেল পৌনে ৪টায় আবারও কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘মির্জা ফখরুলের বর্তমান শারীরিক অবস্থা এমন নয় যে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে।’ অন্যদিকে কারা তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক জানান, কারাগারের চিকিৎসকের পরামর্শেই ফখরুলকে ঢাকায় পাঠানো হয়। আর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মির্জা ফখরুল দীর্ঘদিন ধরেই আইবিএস, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগসহ বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছেন। তার চিকিৎসার জন্য তারা হাসপাতালে ভর্তিরও দাবি জানান। কারা চিকিৎসক মোঃ আনোয়ার হোসেন বলেন, মির্জা ফখরুলের ‘ইন্টারনাল করোটিড আর্টারি ব্লক’ রয়েছে। এছাড়া তিনি আইবিএস, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছেন। আনোয়ার হোসেন আরও জানান, শারীরিক সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে গতকাল সকাল পৌন আটটায় মির্জা ফখরুলকে কারাগারের একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। তার অসুস্থতার কারণে তাকে ভাস্কুলার সার্জন, নিউরোলজিস্ট, গ্যাস্ট্রো এন্টেরোলজিস্ট ও কার্ডিওলজিস্ট দেখানো দরকার। চিকিৎসক মোঃ আনোয়ার হোসেন আরও বলেন, প্রায় দুই মাস আগে বিএসএমএমইউতে চিকিৎসা নিয়েছিলেন মির্জা ফখরুল। কিন্তু তখন একসঙ্গে সব চিকিৎসককে দেখানো সম্ভব হননি। তিনি সেখানে ভর্তি হয়ে চিকিৎসা নিতে চান। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে বিএসএমএমইউতে আনার পর তার স্বাস্থ্য পরীক্ষার জন্য ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রফেসর রফিকুল আলমের নেতৃত্বে এই বোর্ডের সদস্যরা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষা করে দ্রুত কিছু পরীক্ষার সুপারিশ করে প্রতিবেদন দেয়। বোর্ডের অপর সদস্যরা হলেন- প্রফেসর সজল কৃষ্ণ ব্যানার্জি, প্রফেসর হাসান মাসউদ, প্রফেসর মনিরুজ্জামান খান, প্রফেসর আতিকুর রহমান ও প্রফেসর হাবিবুর রহমান। হাসপাতালের পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া পরে সাংবাদিকদের বলেন, “মির্জা ফখরুলের জন্য গঠিত মেডিকেল বোর্ড তাকে দেখেছেন। বর্তমানে তার কোনো গুরুতর শারীরিক সমস্যা নেই। রুটিন চেকআপের জন্য কিছু পরীক্ষা-নিরীক্ষার সুপারিশ করেছেন চিকিৎসকরা। বোর্ডের প্রতিবেদন অনুযায়ী, তার শারীরিক অবস্থা স্থিতিশীল।” এক প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বর্তমান শারীরিক অবস্থা এমন নয় যে, তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। তিনি কোনো ভর্তিযোগ্য সমস্যার মধ্যে নেই।।’ বোর্ডের পরামর্শ অনুযায়ী গতকাল বেলা ১টার দিকে মির্জা ফখরুলের আল্ট্রাসোনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষা করা হয়। এ সময় ফখরুলের পাশে ছিলেন তার স্ত্রী রাহাত আরা বেগম।  মেডিকেল বোর্ড মির্জা ফখরুলের রক্তের কয়েকটি পরীক্ষা, এক্সরে, আল্ট্রাসোনগ্রাম, ইকো কালারডপলারসহ ৭/৮টি পরীক্ষার সুপারিশ করে। দুপুর ১টার দিকে কেবিন থেকে তাকে হুইল চেয়ারে করে বহির্বিভাগের আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। হুইল চেয়ারে বসা মির্জা ফখরুলকে এ সময় বিমর্ষ ও দুর্বল মনে হচ্ছিল। তার ওজনও হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। মির্জা ফখরুলকে দেখে কেবিনের বাইরে উপস্থিত সাংবাদিকদের প্রফেসর রফিকুল আলম বলেন, “উনার (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। তার হৃদযন্ত্রে রিং লাগানো আছে। তার মাথা চক্কর দেয়। মেরুদ-ে ব্যথা (ব্যাক পেইন) রয়েছে। আমরা কিছু পরীক্ষার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সুপারিশ করেছি।’’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে হাসপাতালে ভর্তি করার সুপারিশ করেছিলেন কিনা- এমন প্রশ্নে মেডিকেল বোর্ডের প্রধান বলেন, “আমরা রোগীর কিছু পরীক্ষা-নিরীক্ষার কথা বলেছি। ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে হাসপাতাল কর্তৃপক্ষ। রিপোর্টগুলো দেখার পর আমরা পরবর্তী সুপারিশ করব।” তবে ফখরুল ‘এখন ভালো আছেন’ বলেও তিনি উল্লেখ করেন। গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় নাশকতার মামলায় গ্রেফতার করা হয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে। গত ৮ জানুয়ারি তাকে পাঠানো হয় কাশিমপুর কারাগারে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক