,

ঈশ্বর কে? প্রশ্নে থতমত ভারত সরকার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে দোকান নষ্ট হয়েছিল। একে  ‘অ্যাক্ট অব গড’ বলে টাকা দিতে চায়নি বিমা সংস্থা। তাই ঈশ্বরের বিরুদ্ধে মামলা করেছিলেন ‘ওহ মাই গড’ ছবির কাঞ্জিলালজি মেটারূপী পরেশ রাওয়াল। প্রেক্ষাপট ভিন্ন হলেও বাস্তবে ঈশ্বরকে আইনের প্যাঁচে টেনে আনলেন এক ব্যক্তি। আর তার জবাব দিতে হিমশিম খেতে হয়েছে ভারতের আইন মন্ত্রনালয়কে।

ভারতে ঈশ্বরের নামে শপথ নেন প্রধানমন্ত্রীসহ শীর্ষ সাংবিধানিক পদাধিকারী ও জনপ্রতিনিধিরা। সম্প্রতি তথ্য অধিকার আইনের অধীনে শ্রদ্ধানন্দ যোগাচার্য নামে এক ব্যক্তি জানতে চান, এই ঈশ্বর কে? তার আবেদনটি গিয়েছিল রাষ্ট্রপতির সচিবালয়ে। সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রনালয় ঘুরে সেটি যায় আইন মন্ত্রনালয়ে।

সরকারের কাছ থেকে উপযুক্ত জবাব না পেয়ে কেন্দ্রীয় তথ্য কমিশনে যান শ্রদ্ধানন্দ। ভিডিও কনফারেন্সে আইন মন্ত্রনালয়ের এক কর্মকর্তা শ্রদ্ধানন্দকে বোঝানোর চেষ্টা করেন, সংবিধানে ‘ঈশ্বর’ শব্দের অর্থ স্পষ্ট করা নেই। সরকারি রেকর্ডে যে তথ্য নেই তা তথ্য অধিকার আইনে জানানো যায় না।

জবাবে সন্তুষ্ট হননি শ্রদ্ধানন্দ। তখন মুখ্য তথ্য কর্মকর্তা এস কে চিটকারা তাঁকে বোঝানোর চেষ্টা করেন, ‘সত্য’, ‘ধর্ম’, ‘জাতি’ শব্দগুলির অর্থ সংবিধানে বলা নেই। তাই এ নিয়ে তথ্য দেওয়া সম্ভব নয়। শ্রদ্ধানন্দ জাতীয় স্মারক চিহ্নের নীচে থাকা ‘সত্যমেব জয়তে’ শব্দটির অর্থও জানতে চেয়েছিলেন। চিটকারা তাঁকে জানান, ওই শব্দটি সংবিধানের কোনও ধারার অন্তর্ভুক্ত নয়। সত্য, ন্যায়, জাতি শব্দের অর্থ বোঝানোর কথা শিক্ষক বা আচার্যদের। তথ্য অধিকার আইনে তা জানানো সম্ভব নয়। তা ছাড়া কিছু কিছু শব্দ আদালতের রায়েও ব্যবহার করা হয়। সেগুলি রায়ের বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে বুঝতে হয়।

এই প্রশ্নের মাঝে তথ্য কমিশনার শ্রীধর আচারুলু শ্রদ্ধানন্দকে প্রশ্ন করেন, ‘আপনি নিজে ঈশ্বর বা সত্যের সংজ্ঞা দিতে পারবেন?’ শ্রদ্ধানন্দ পারেননি।

শেষ পর্যন্ত শ্রদ্ধানন্দের আবেদন বাতিল করে শ্রীধর আচারুলু বলেন, ‘আবেদনকারী বুঝতে পারছেন না, তিনি যা চাইছেন তা হল জ্ঞান। তথ্য ভিন্ন বস্তু। দর্শন বা ঈশ্বরচিন্তা ব্যাখ্যা করা তথ্য কর্মকর্তার কাজ নয়। আবেদনকারী সরকারি দফতরের প্রচুর সময় নষ্ট করেছেন।’

কড়া ভাষায় আচারুলু বলেন, ‘এমন আর্জি সমাজের কোনও কাজে লাগে না।’ সেই সঙ্গে আবেদনকারীকে কটাক্ষ করে তাঁর বক্তব্য, ‘যোগচার্যের মতো বড় নামের মানুষের এমন ফাঁপা আর্জি করা উচিত নয়। সত্য, ঈশ্বর, ধর্মের কথা জানতে গেলে তিনি উপযুক্ত গুরুর সন্ধান করুন। নিজের অজ্ঞতা দূর করুন।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা