বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাফল্যের প্রত্যাশা মুশফিকের

news-image

ক্রীড়া ডেস্ক : আগের সাফল্যগুলো এসেছে মাশরাফি বিন মর্তুজার অধীনে। টেস্ট ক্রিকেটের নেতৃত্ব বদলে এখন মুশফিকুর রহিমের হাতে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টির ধারাবাহিকতায় টেস্ট জয়ের চ্যালেঞ্জ তাঁর দলের সামনে। সেই চ্যালেঞ্জে জয়ের প্রত্যয়ই কাল শুনিয়ে গেলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। সেসব তুলে ধরেছেন নোমান মোহাম্মদ

ওয়ানডে, টি-টোয়েন্টি জয়ের পর টেস্টে কতটা চাপ

মুশফিকুর রহিম : চাপের কিছু নেই। এটা চ্যালেঞ্জ। ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল খুব ভালো করেছে, টেস্টে এর ধারাবাহিকতা যেন থাকে। আর প্রত্যাশা বেশি হলে আমাদের অনেক খেলোয়াড়ের সেরাটা বেরিয়ে আসে। সেদিক থেকে বলব, ছেলেরা অনেক আত্মবিশ্বাসী এবং তারা কঠিন পরিশ্রম করার জন্য প্রস্তুত। আশা করছি পাঁচ দিন যদি ভালো ক্রিকেট খেলি, তাহলে অবশ্যই ভালো ফল আসবে।

২০০৩ সালের মুলতান টেস্টের স্মৃতি

মুশফিক : তখন আমি স্কুলে পড়তাম, বিকেএসপিতে। খেলাটা দেখেছি, খুবই কষ্ট পেয়েছিলাম। সেটি নিয়ে আক্ষেপ অবশ্যই আছে। তবে শুধু সেটি না, টেস্ট ক্রিকেটে আমাদের যে সামর্থ্য আছে হয়তো-বা শেষ ১৫ বছর সেভাবে ভালো খেলতে পারিনি। এখন গত দেড় বছর ধরে বাংলাদেশ খুব ভালো খেলছে। এর আগে পাকিস্তানের সঙ্গে যত টেস্ট খেলেছে বাংলাদেশ, এমন জয়ের মানসিকতা নিয়ে খেলেনি কখনো। সেদিক থেকে বলব, আমরা ভালো একটা আত্মবিশ্বাস নিয়ে টেস্ট সিরিজ শুরু করছি।

মিসবাহ-উল হক ও ইউনিস খানের প্রত্যাবর্তন প্রসঙ্গে

মুশফিক : টেস্টে তাঁরা দুজনই দারুণ ব্যাটসম্যান। বলতে গেলে কিংবদন্তি ক্রিকেটার। ওরা যোগ দেওয়ায় পাকিস্তানের ব্যাটিং শক্তি বেড়েছে। তার পরও তাদের মনের মধ্যে থাকবে, তারা এই সিরিজের আগেই ৪-০তে আমাদের কাছে হেরেছে। এ জন্য অনেক চাপে থাকবে। আমাদেরও লক্ষ্য থাকবে এই মিসবাহ ও ইউনিসকে যেন চাপে ফেলে তাড়াতাড়ি আউট করতে পারি। এর বাইরে ব্যাটিংয়ে আজহার আলী খুব ভালো খেলছে। আর হাফিজও রয়েছে। এই চারজনই ওদের মূল ব্যাটসম্যান। তবে আমাদের জিততে হলে কিন্তু ২০ উইকেটই নিতে হবে।

টেস্টে পেস বোলিং কিছুটা দুর্বল হলো কি না

মুশফিক : আমার মনে হয় না। কারণ রুবেল এখন খুবই ভালো বোলিং করছে। শাহাদাতও শেষ সিরিজে সব টেস্টে ভালো করতে না পারলেও আমরা যতটুকু আশা করেছি, ততটুকু ও দিতে পেরেছে। আর শহীদ তো গত এক-দেড় বছর ধরে খুবই ভালো বোলিং করছে। এই পেস বিভাগ নিয়ে আমি, কোচ এবং টিম ম্যানেজমেন্ট খুশি। এদের মধ্যে যে দুই বা তিনজন খেলবে, তারা যেন নিজেদের প্রমাণ করতে পারে।

বেশ কিছু দিন বিরতিতে টেস্ট খেলায় সমস্যা হবে কি না…

মুশফিক : এর আগে টি-টোয়েন্টি সর্বশেষ কবে খেলেছি, ব্যক্তিগতভাবে আমি সেটা মনে করতে পারি না। তার পরও পাকিস্তানের বিপক্ষে জিতেছি সাত উইকেটে। এটা তাই এমন নয় যে, না খেলে ভালো করা যায় না। হ্যাঁ, খেলার মধ্যে থাকলে হয়তো আমাদের অনুশীলনটা হতো। তার পরও বিশ্বকাপের পর আমরা কিছু ওয়ানডে ম্যাচ খেলেছি এবং বিসিএলে দীর্ঘ পরিসরের ম্যাচ খেলেছি, সেটি আমাদের সাহায্য করবে। এখন আমাদের অধিকাংশ ব্যাটসম্যান রানে আছে। পরিস্থিতি অনুযায়ী তাদের মানিয়ে নিতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সব সময় করতে হয় এটা। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি খেলা তো থাকেই। সেদিক থেকে বলব, আমরা এখন অনেক পরিপক্ব। আশা করছি এর প্রতিফলন যেন মাঠে দেখাতে পারি।

খুলনায় ভালো খেলার ইতিহাসের প্রেরণা

মুশফিক : যে মাঠে খেলবেন, সেখানে ভালো স্মৃতি থাকলে তো খুবই ভালো। তবে আমাদের কোচ যেটা বললেন, অতীত আপনাকে কিছুই দেবে না। অতীত হয়তো-বা আপনাকে আত্মবিশ্বাস দেবে, কিন্তু আমাদের আবার প্রথম থেকে শুরু করতে হবে। এই টেস্টেও আমাদের পাঁচ দিন কঠিন পরিশ্রম করতে হবে, খেলতে হবে ভালো ক্রিকেট।

জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামা…

মুশফিক : দেখুন, জয়ের জন্য মাঠে না নামলে ব্যাটিং-বোলিং সব দিকে নেতিবাচক অ্যাপ্রোচ থাকে। প্রতিপক্ষ শরীরী ভাষা দেখে বুঝে যায়, ওরা ড্রয়ের জন্য খেলছে। এ কারণেই আমরা স্বাভাবিক খেলা খেলতে চাই। ব্যাটসম্যানরা যেন সহজাত ব্যাটিং করতে পারে, আক্রমণাত্মক বোলাররা যেন ওদের মতো বোলিং করতে পারে। আমার মনে হয়, খেলায় শেষ পর্যন্ত জয় ছাড়া কিছু নেই। আমাদের রয়েছে অনেক ম্যাচ উইনার, যারা পাঁচ দিন ভালো খেললে আমরা যেকোনো টেস্ট দলের বিপক্ষে ভালো করতে পারব। সেদিক থেকে বলব, এবার পাকিস্তানের বিপক্ষে আমাদের নতুন চ্যালেঞ্জ। সেই সুযোগটা নেওয়ার এটিই সঠিক সময়।

খুলনার উইকেট প্রসঙ্গে

মুশফিক : খুলনার উইকেটে শেষের দিকে অনেক কম রান হয়। এটা ঢাকার মতো না যে, তাড়াতাড়ি রান করা যাবে। আমার মনে হয়, এখানে প্রথম দুটো দিনই ব্যাটিংয়ের জন্য খুব ভালো থাকবে। যতটা পারা যায় আমাদের রানটা করা উচিত। আর পাকিস্তান ব্যাটিং করলে চাইব, ওদের যত কম রানে সম্ভব আটকে রাখতে

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক