শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয় (ভিডিও)

tamim 19অবশেষে ধরা দিল সেই মাহেন্দ্রক্ষণ। দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘুচিয়ে এল কাক্সিক্ষত বিজয়। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১ ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য পাকিস্তানের দেওয়া ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তামিম ইকবালের শতক এবং মুশফিকুর রহিমের অর্ধশতকের ওপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

রোববার টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৩৯ রান সংগ্রহ করে পাকিস্তান। জয়ের জন্য ২৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৮.১ ওভারে ৩ উইকেটে জয় নিশ্চিত করে মাশরাফি বাহিনী। অনবদ্য ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলার জন্য তামিম ইকবাল ম্যাচসেরা নির্বাচিত হন।

বাংলাদেশের পক্ষে তামিম ১১৬ বল মোকাবেলা করে অপরাজিত থাকেন ১১৬ রানে। আর সাকিব ৫ বল মোকাবেলা করে অপরাজিত থাকেন ৭ রানে। এ ছাড়া মুশফিকুর রহিম ৬৫, সৌম্য সরকার ১৭ এবং মাহমুদুল্লাহ রিয়াদ করেন ১৭ রান।

পাকিস্তানের পক্ষে জুনায়েদ খান, সাঈদ আজমল, রাহাত আলী ১টি করে উইকেট নেন।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দুই ওপেনার আজহার আলী ও সরফরাজ আহমেদ দলকে ৩৬ রান এনে দিলেও সরফরাজের উইকেট পতনের মধ্যে দিয়ে শুরু হয় ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে ফেরা। রুবেল হোসেন সরফরাজকে ৭ রানে ফেরানোর পরের ওভারেই কোনো রান না করা মোহাম্মদ হাফিজকে তুলে নেন আগের ম্যাচে ৩ উইকেট পাওয়া আরাফাত সানি।

দ্রুত দুই উইকেট পড়ে গেলে হারিস সোহেলকে নিয়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন অধিনায়ক ও ওপেনার আজহার আলী। কিন্তু ৫৮ রানের মাথায় আজহার আলীও বিদায় নেন ৩৬ রান করে। সাকিবের বলে অসাধারণ ক্যাচ ধরে তাকে সাজঘরে ফেরান উইকেটরক্ষক মুশফিকুর রহিম। এর পরের ওভারে শূন্য রানে ফাওয়াদ আলমকে সাজঘরে ফেরান নাসির হোসেন।

নতুন ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে হারিস সোহেল পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে টপ অর্ডার ব্যাটসম্যানদের অনুসরণ করে সাকিবের বলে এলবিডব্লু হয়ে বিদায় নেন রিজওয়ান (১৩)। তবে এরপর চাপ মোকাবেলার জন্য হারিস সোহেলকে নিয়ে মাটি কামড়ে ব্যাট করতে থাকেন তরুণ ব্যাটসম্যান সাদ নাসিম।

পঞ্চম উইকেটে এই দুজনের ৭৭ রানের জুটি পাকিস্তানকে ম্যাচে ফেরায়। রিজওয়ানের পতনের একটু পরই ফিফটি তুলে নেন নাসিম। দীর্ঘ প্রতীক্ষার পর ব্যাটিং পাওয়ারপ্লের শেষদিকে নিজের বলে সোহেলের (৬১ বলে ৪৪) ফিরতি শট তালুবন্দি করে তাকে সাজঘরে ফেরান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে তাতে দুজনের রান তোলার গতি শ্লথ হয়নি। বরং শেষদিকে নতুন ব্যাটসম্যান ওয়াহাব রিয়াজ বিধ্বংসী ব্যাটিং করতে থাকেন।

শেষ পর্যন্ত পাকিস্তানের আর কোনো উইকেটের পতন ঘটাতে পারেননি তাসকিন-সানিরা। নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারানো পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২৩৯ রান। নাসিম ৬ চার ও ১ ছক্কার সহায়তায় ৯৬ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন। ৫ চার ও ২ ছক্কা হাঁকানো ওয়াহাব রিয়াজ ৪০ বলে ৫১ রানের অনবদ্য ইনিংস খেলেন।

বাংলাদেশের পক্ষে সাকিব নিয়েছেন ২টি উইকেট। এ ছাড়া ১টি করে উইকেট শিকার করেছেন মাশরাফি, সানি, রুবেল ও নাসির।

বাংলাদেশ দল :

মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসাইন, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

পাকিস্তান দল :

মোহাম্মদ হাফিজ, আজহার আলী, হারিস সোহাইল, সাদ নাসিম, মোহাম্মদ রিজওয়ান, ফাওয়াদ আলম, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনাইদ খান, সাঈদ আজমল ও রাহাত আলী।

https://www.youtube.com/watch?v=w9St1C5tDek

https://www.youtube.com/watch?v=HnBmEun0lJY