শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার পাকিস্তান-বাংলাদেশ সিরিজের প্রথম ওডিআই

Sakib-Azhar-aliপ্রায় ১৬ বছর আগের কথা। এই পাকিস্তানকেই ১৯৯৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে শেষবারের মতো হারিয়েছিল বাংলাদেশ। ইতোমেধ্যে বাংলাদেশ ৩০০ ওডিআইয়ের মাইল ফলক পার করে ফেলেছে। পাকিস্তানের সঙ্গে খেলেছে বহু ম্যাচ কিন্তু দ্বিতীয় জয়ের দেখা পায়নি বাংলাদেশ। গেলো ১৬ বছরের মধ্যে কোনো ফরম্যাটেই আর পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ।

এর মধ্যে তাদেরকে বেশ কয়েকবার নাগালের মধ্যে পেয়েও শেষ পর্যন্ত সফল হতে পারেনি টাইগাররা। গত কয়েক বছরে দারুণ কিছু সুযোগ মিলেছিল জয় খরা কাটানোর। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঢাকায় অনুষ্ঠিত ২০১২ এশিয়া কাপ ফাইনাল। টানটান উত্তেজনার ম্যাচটি শেষ পর্যন্ত ২ রানে জিতে নিয়েছিল পাকিস্তানই। ২০১৪ এশিয়া কাপে ৩২৫ রান করেও হারের বৃত্তে ঘুরপাক খেতে হয়েছে টাইগারদের। ইতোমধ্যে বেশ পরিবর্তন এসেছে দুই দলের মধ্যে। প্রথমবারের মতো ধারবাহিকতার মধ্যে দীর্ঘ সময় পার করছে টাইগাররা। ব্যাপক রদবদল ঘটেছে পাকিস্তান দলে। সম্প্রতি অবসর নিয়েছে অধিনায়ক মিসবাহ উল হক। দলের অল রাউন্ডার শাহিদ আফ্রিদিও চলে গেছেন অবসরে। সবকিছু মিলিয়ে বেশ কজন সিনিয়র খেলোয়াড় এখন দলের বাইরে।

নতুন অধিনায়ক হিসেবে দলের দায়িত্ব নিয়েছেন তরুণ তারকা আজহার আলী। এমন এক অবস্থায় কাল শুক্রবার পরস্পরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। ওডিআই সিরিজের প্রথম দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বিশ্বকাপে ধীর গতির বোলিংয়ের কারণে অধিনায়ক হিসেবে এক ম্যাচ নিষিদ্ধ রয়েছেন স্বাগতিক দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ফলে আগামীকালের ম্যাচে খেলতে পারবেন না টাইগার দলের এ পেসার। তার পরিবর্তে দলের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়কের দায়িত্বে থাকা অল রাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবের নেতৃত্বেই টাইগাররা চায় জয়লাভের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে দীর্ঘদিনের জয় খড়া কাটাতে। বৃহস্পতিবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এমন আশার কথাই শুনিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ভালো করার জন্য এটা আমাদের সেরা সুযোগ। বিশ্বকাপে যে ধারাবাহিক ক্রিকেট আমরা খেলেছি, সেটি যদি ধরে রেখে খেলতে পারি, তা হলে এই সিরিজে ভালো ফল পাওয়া সম্ভব।’

সাকিবের আত্মবিশ্বাসের মূলে বিশ্বকাপ পারফরম্যান্স। বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করেছে টাইগাররা। সাকিব বলেন, ‘বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা খুব ভালো করছে। যে কারণে বিশ্বকাপে তাদের নির্বাচন করা হয়েছিল সেটা তারা প্রমাণ করেছে। আমরা দল হিসেবে আত্মবিশ্বাসী।’ সফরকারীদের প্রসঙ্গে বাংলাদেশ অলরাউন্ডার বলেন, ‘পাকিস্তান অবশ্যই ভালো দল। তাদের বিপক্ষে জিততে হলে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই আমাদের জ্বলে উঠতে হবে।’

বিশ্বকাপের কন্ডিশনে খেলার পর ঘরের মাঠে নতুন করে নিজেদের মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ আছে কী না প্রশ্ন করা হলে জবাবে সাকিব বলেন, ‘আমরা সবসময়ই এ মাঠে খেলি। বিশ্বকাপের জন্য দুই-তিন মাসের একটা গ্যাপ ছিল। এটা কোনো সমস্যা নয়। উইকেট দেখেছি। দেখে মনে হলো স্পোর্টিং হবে।’

প্রথম একাদশ প্রসঙ্গে সাকিব বলেন, ‘এখনো আমরা একাদশ ঠিক করিনি। কে খেলবে, কে খেলবে না সেটা পুরোপুরি ঠিক হয়নি। অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে। কালকের ম্যাচ জেতার জন্য যেটা মনে হবে সেরা টিম, সেটিই নামবে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক আজহার আলী বলেন, ‘আমাদের দলে তরুণ কিছু ক্রিকেটার আছে। তারা খুবই মেধাবী। আশা করছি তারা ভালো করবে। তা ছাড়া অধিনায়ক হিসেবে আগামীকাল আমার অভিষেক হচ্ছে। আমি খুবই উজ্জীবিত।’

বুধবার ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের কাছে পরাজিত হয়েছে পাকিস্তান। এ প্রসঙ্গে আজহার বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আমরা তরুণ একটি দল। প্রস্তুতি ম্যাচে সবাইকে পরখ করে নেয়া গেছে।’

এবারের বাংলাদেশ সফরকালে পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি স্বাগতিকদের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও একটি টি২০ ম্যাচে অংশ নিবে।

বাংলাদেশ দল (সম্ভাব্য) : মাশরাফি বিন মর্তুজা (অধি.), তামিম ইকবাল, রনি তালুকদার, সৌম্য সরকার, মোমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (সহ-অধি.) মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও আবুল হাসান।

পাকিস্তান দল (সম্ভাব্য) : আজহার আলী (অধি.), সামি আসলাম, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহেল, সাদ নাসিম, সাঈদ আজমল, ওহাব রিয়াজ, রাহাত আলী, ইহসান আদিল ও জুনায়েদ খান।