ভূমি কর্মকর্তা মামুনের কীর্তি, ষ্ট্যাম্পে পৌনে ৪ লাখ টাকা ঘুষ গ্রহনের স্বীকারোক্তি


আমিরজাদা চৌধুরী : তল্পীতল্পা নিয়ে নতুন কর্মস্থলে যেতে পারলেননা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদার) মো: আল মামুন। ঘুষের টাকা প্রদানকারীরা আটকে দিলো তার যাত্রা। মালবোঝাই ট্রাক আটকে মালামাল আনলোড করা হলো। এরপর টাকা ফেরত পাওয়ার জন্যে দিনভর ঘেরাও করে রাখা হলো তাকে। সন্ধ্যার পর স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে ফয়সালা হয় একটা। ভূমি সহকারী কর্মকর্তা টাকা নেয়ার কথা স্বীকার করে ষ্ট্যাম্প ও সাদা কাগজে লিখিত স্বীকারোক্তি দেন। সোমবার সবার টাকা ফেরত দেবেন বলে অঙ্গীকার করেন। ষ্ট্যাম্পে ১৫ জনের কাছ থেকে পৌনে ৪ লাখ টাকা ঘুষ নেয়ার স্বীকারোক্তি রয়েছে তার। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা হিসেবে ৩ বছর ধরে কর্মরত ছিলেন মো: আল মামুন। সম্প্রতি তাকে নাসিরনগর উপজেলায় বদলী করা হয়। পরিবার নিয়ে গত ৯ ই এপ্রিল নাসিরনগরে পাড়ি জমানোর সময়ই খবর পেয়ে যান তাকে ঘুষ প্রদানকারীরা। ছুটে এসে তারা মালভর্তি ট্রাক আটক করেন। এরপর শুরু হয় টাকার জন্যে দেনদরবার। হরষপুর গ্রামের কামরুল হাসান শান্ত ও নিদারাবাদ গ্রামের এস. এম. জহিরুল আলম চৌধুরী টিপু জানান-এরআগে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মামুন বদলী হয়ে গেছেন তা কেউ জানতোনা। গোপনে চলে যাওয়ার সময় ভূক্তভোগী লোকজন তাকে আটক করে অফিস কক্ষে প্রায় ৬ ঘন্টা অবরুদ্ধ করে রাখে । টাকার জন্যে লোকজন ভূমি অফিসে এসে ভিড় জমায়। প্রত্যক্ষদর্শী এ দু-জন আরো জানান- সন্ধ্যার পর সেখানে ইউপি চেয়ারম্যান,সদস্য ও সর্দার-মাতব্বরগন আসেন। তাদের সামনে ভূমি কর্মকর্তা মামুন ১৫ জনের কাছ থেকে ৩ লাখ ৭৫ হাজার ৫’শ টাকা নিয়েছেন বলে সাদা কাগজ ও ১৫০ টাকার ষ্ট্যাম্পে লিখিত স্বীকারোক্তি দেন। সোমবার এই টাকা ফিরিয়ে দেবেন বলে উল্লেখ করেন। এনিমির জায়গা, খারিজ, নামজারি খারিজ , বাজারে দোকান ঘর বরাদ্ধ দেওয়ার নামে এই টাকা নেয়ার কথা জানান ইউনিয়ন ভূমি কর্মকর্তা। যাদের কাছ থেকে এই টাকা নেয়া হয় তারা হচ্ছেন বাগদিয়া গ্রামের ইব্রাহিম ৭৭ হাজার টাকা,আবন মিয়া ১৬ হাজার ৫’শ টাকা,জিয়াউর রহমান ১৭ হাজার টাকা,খেলু মিয়া ১৭ হাজার টাকা,বড়চাল গ্রামের জাকির হোসেন ২৩ হাজার টাকা,বাদশা মিয়া ৩৩ হাজার টাকা,জহির ১৭ হাজার টাকা,আমেনা ১৮ হাজার টাকা,কাইয়ুম ১৯ হাজার টাকা,আবদুল মোমিন ১৯ হাজার টাকা,সোহেব উদ্দিন ৬৫ হাজার টাকা,হরষপুরের ইদন শাহ ২১ হাজার টাকা,কালু মিয়া ১৮ হাজার টাকা,পলাশ ১৩ হাজার টাকা। ঘুষ প্রদানকারী ইব্রাহিম মিয়া জানান- বাগদিয়া মৌজার তার পৈত্রিক ৩৫ কানি জমি তিনিসহ অন্যান্য ওয়ারিশদের নামে খারিজ করার জন্যে তহশীলদার মামুনকে ৭৭ হাজার টাকা দেন তিনি ২ বছর আগে। কিন্তু খারিজ না করে সে নানা তালবাহানা করতে থাকে। প্রথমে একলাখ টাকা দাবী করা হয়েছিলো তার কাছে। পরে ৮০ হাজার টাকায় রফাদফা হয়। বাগদিয়া গ্রামের মো: মাহবুব বলেন- তার একটি নাল জমি খারিজ করার জন্যে তিনি ৩ মাস আগে তহশীলদারকে ১৬ হাজার ৫’শ টাকা দেন। ৯ ই এপ্রিল তহশীলদার চলে যাচ্ছে বলে খবর পেয়ে দুপুরের দিকে তিনি সেখানে আসেন। এসে দেখেন ট্রাকে মালামাল ভর্তি করা হয়েছে। এরপর তারা ট্রাক থেকে মালামাল নামিয়ে ফেলেন। তখন তহশীলদারের স্ত্রী আমাকে আশ্বাস দেয় টাকা ফেরত দেবে বলে। বলে- ‘এখন টাকা বস্তার ভেতর ভইরা ফেলছি। সন্ধ্যায় আপনাকে টাকা দিয়ে দেব’। মাহবুব জানান- কিন্তু সন্ধ্যায় সে অবরুদ্ধ থাকায় টাকা আর ফেরত দিতে পারেনি। তিনি আরো জানান- তালিকা হওয়ার পর তিনি সেখানে আসেন। সেজন্যে তালিকায় তার নাম নেই। তার আরো দু-একজন আত্বীয়ও তহশীলদারকে টাকা দিয়েছেন যাদের নাম তালিকায় নেই। উপস্থিত যারা ছিলো তাদের নামই শুধু তালিকায় উঠেছে। কিন্তু এরবাইরে গত ৩ বছরে সে হরষপুর ইউনিয়নের অনেক লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান- রাতে তাকে ইউপি চেয়ারম্যান,সদস্য ও স্থানীয় সর্দার গাজী মিয়া এই টাকার ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় টাকা সে নিদারাবাদের আবদুস সামাদ মাষ্টারের ছেলে মজিদ ও হানিফ মাষ্টারের কাছে রেখেছে। গ্রামের লোকজন জানান- সন্ধ্যার পর নিদারবাদ গ্রামস্থ দেওয়ানবাজারে মামুনের অফিসটিতে গোপন লেনদেন করতে আসা লোকজনের ভীড় থাকতো। অফিসের সামনের দরজা বন্ধ রেখে পেছনের দরজা দিয়ে আসা যাওয়া করতো সবাই। প্রতি গ্রামে ছিলো তার দু-একজন করে দালাল। তাদের মাধ্যমেই সে টাকার চুক্তি করতো। এমন দু-জনের নাম ভূমি কর্মকর্তা নিজেই জানিয়েছেন অবরুদ্ধ অবস্থায়। তারা হচ্ছে নিদারাবাদের মজিদ ও হানিফ মাষ্টার। অফিস সহকারী মোঃ শিপন মিয়াও টাকা হাতিয়ে নেয়ার ওস্তাদ। টাকা নেয়ার সময় গ্রামের অশিক্ষিত লোকজনের কাছ থেকে ভূমি কর্মকর্তা সাদা কাগজে স্বাক্ষর ও টিপসহি রাখতেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এই অফিসে রাতে মদ-গাজার আসর জমতো বলেও এলাকাবাসীর অভিযোগ। ভূমি কর্মকর্তা নিজেও মাদকাসক্ত বলে জানান তারা। এবিষয়ে কথা বলার জন্যে ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদার) মো: আল মামুনের মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। তবে হরষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খারিজ করে দেয়ার কথা বলে সে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়েছে । বদলী হয়ে যাওয়ার পর পাওনাদাররা তাকে সে টাকার জন্যে ঘিরে ধরে। আমি এর একটা ফয়সালা করেছি। সে সোমবার পর্যন্ত সময় নিয়েছে। বলেছে যাদের টাকা নিয়েছে তাদের খারিজের কাগজপত্র এনে দেবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূইয়া বলেন তার (মামুন) ব্যাপারে আমি আগেই অভিযোগ পেয়েছিলাম। এরপর আমি ডিসি স্যারকে বলে তাকে বদলী করে দিয়েছি। এখন সে আমার এখানে নেই। লেনদেনের বিষয়টি তার ব্যাক্তিগত ব্যাপার। তবে এ ব্যাপারে অভিযোগ পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।











