শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার : ২৬ দোকান ভাংচুর, ২৭ জনের বিরুদ্ধে মামলা

Crime Logoস্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ২৬টি দোকান ঘর। উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। ২৭ জন দখলদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সংশ্লিষ্ট উপ-সহকারি ভূমি কর্মকর্তা। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, বিটঘর বাজার সংলগ্ন ইউপি ভূমি অফিসের সামনে ১নং খাস খতিয়ান ভুক্ত ৩৪৪০ দাগের জায়গা সম্পূর্ণ অবৈধভাবে দখল করে নিয়েছে সামছু মিয়ার নেতৃত্বে স্থানীয় একটি ভূমিদস্যু সিন্ডিকেট। সিন্ডিকেটের সদস্য সংখ্যা ৩০-৩৫ জন। তারা গত ২০-২৫ ধরে তহশিলদারের নাকের ডগায় মাটি ফেলে জায়গাটি ভরাট করে নেয়। পরে স্থানীয় লোকজনের কাছে প্রতি দোকান ৫ লাখ টাকা করে বিক্রি করে। ২৬টি দোকান বিক্রি করে সিন্ডিকেটের সদস্যরা মোট টাকাটা ভাগ বাটোয়ারা করে নেয়। ইউএনও বিষয়টি জেনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সংশ্লিষ্ট তহশিলদারকে। তার বাঁধা শুনেনি দখলদাররা। তহশিলদার গত ১ এপ্রিল ২৭ দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও’র কাছে লিখিত প্রতিবেদন প্রেরন করেন। অবৈধ দখলদার সিন্ডিকেটের সদস্যরা হলেন- বিটঘর গ্রামের সামছু মিয়া (নেতা), মোবারক মেম্বার, ফজলু মিয়া, তাবারক মিয়া, আবুল কাশেম, ছিদ্দিকুর রহমান, হাজী ছায়েব আলী, জিতু মিয়া, হাজী রমজান আলী, কাদির মিয়া, ইদন মিয়া, মামুন মিয়া, আমিনুল হক, আজর মিয়া, আঃ মালেক, আজিজ মেম্বার, উজ্জল মিয়া, হারুন মিয়া, আঃ কাইয়ুম, মোশারফ, ধন মিয়া, শওকত আলী, হাবিবুর রহমান, মন মিয়া, বাবুল বেড়তলা গ্রামের আইয়ুব খা ও বড়ইবাড়ি গ্রামের শফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ এমরান হোসেন গত রোববার বিকেলে ওই জায়গায় অভিযান চালিয়ে টিনের তৈরী ২৬টি দোকান ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন। সরকারি ওই জায়গা নিজেদের জিম্মায় নিয়ে এসেছেন। পরে সরকারি জায়গা অবৈধ ভাবে দখল ও বিক্রির দায়ে ২৭ দখলদারের বিরুদ্ধে গতকাল সোমবার একটি মামলা দায়ের করেছেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, স্থানীয় তহশিলদারের সহায়তায় তারা এ দখল কাজটি এগিয়ে নিয়েছে। গত ১৫-২০ দিন ধরে তিনি তো দখলদারদের কিছুই বলেননি। এ বিষয়ে পানিশ্বর ইউপি ভূমি সহকারি কর্মকর্তা খন্দকার মাঈন উদ্দিন আহম্মদ বলেন, আমার সাথে যোগাযোগ করে কাজ করার কথাটি মিথ্যা। আমি যখন বিষয়টি জেনেছি তখনই উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানিয়েছি। ইউএনও ও ভারপ্রাপ্ত সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ভূমিখেকু সিন্ডিকেটের কবল থেকে সরকারের কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছি। ওই দখলদারদের বিরুদ্ধে মামলা হয়েছে। আইনি পক্রিয়ায় তাদের বিচার করা হবে।