ফেসবুক মেসেঞ্জারে আসছে যত নতুন ফিচার
প্রযুক্তি ডেস্ক : মাত্র একদিন আগেই শেষ হল ফেসবুকের এফ-৮ কনফারেন্সে। এবারের কনফারেন্সে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ফেসবুক মেসেঞ্জার। মেসেঞ্জারকে একটি আলাদা প্ল্যাটফর্ম হিসেবেই দাঁড় করানোর পরিকল্পনা করছে ফেসবুক। আর এজন্য ফেসবুকে যুক্ত করা হচ্ছে নানা সুবিধা।
এসকল নতুন ফিচার যুক্ত করা হলে যোগাযোগের ক্ষেত্রে নতুন ভূমিকা রাখতে পারবে মেসেঞ্জার। এমনই কিছু নতুন ফিচার নিয়ে আজকের এই আয়োজন।
১. স্ফেরিক্যাল ভিডিও: গুগল ম্যাপ স্ট্রিট ভিউ’র সাথে মোটামুটি সবাই পরিচিত। এখানে কনএক্তি স্থানের ৩৬০ ডিগ্রি ছবি দেখা সম্ভব। শীঘ্রই ফেসবুক মেসেঞ্জারেও যুক্ত হতে যাচ্ছে এমন একটি সুবিধা। এর মাধ্যমে ৩৬০ ডিগ্রি ভিডিও ক্যামেরায় ধারণকৃত ভিডিও দেখা যাবে মেসেঞ্জারে।
২. ই-কমার্স ইন্টিগ্রেশন: বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটের সাথে যুক্ত হবে মেসেঞ্জার। এর ফলে কোন একটি ওয়েবসাইট থেকে কিছু কেনার সময় আপনি চাইলে সেই ওয়েবসাইটকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যুক্ত করে নিতে পারবেন। ফলে পরবর্তীতে চাইলেই আপনি সরাসরি মেসেঞ্জার থেকেই সেই ওয়েবসাইটের সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়া সে প্রতিষ্ঠান আপনার কেনাকাটার বিষয়ে যেকোনো তথ্য সরাসরি আপনার ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়ে দিতে পারবে।
৩. আরও সহজে দেওয়া যাবে মেসেজের রিপ্লাই: মেসেঞ্জারে থার্ড পার্টি অ্যাপস যুক্ত করা যাবে এখন থেকে। ফলে কারও মেসেজের রিপ্লাই দেওয়ার ব্যাপারটি হয়ে যাবে আরও সহজ। ধরুন আপনি কারও মেসেজের রিপ্লাইতে একটি ট্রল কিংবা গিফ ইমেজ যুক্ত করতে চাইছেন। অন্য সময় হলে আপনাকে মেসেঞ্জার থেকে বের হয়ে অন্য কোন অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে এটি তৈরি করে এনে তারপর মেসেঞ্জারে আপলোড করে পাঠাতে হতো। কিনতি এখন মেসেঞ্জারে থাকা যেকোনো থার্ড পার্টি অ্যাপ থেকে এটি তৈরি করে এনে কেবল মেসেঞ্জারে পেস্ট করে দিলেই কাজ শেষ।











