গুগলযাত্রায় ‘লাকি সেভেন’
প্রযুক্তি ডেস্ক : চলতি বছর বিশ্বখ্যাত প্রযুক্তি-প্রতিষ্ঠান গুগলে বাংলাদেশ থেকে সাত তরুণ যোগ দিচ্ছেন। গত বছরের শেষ নাগাদ ছয়জনের নিয়োগ নিশ্চিত হয়েছে, আর চলতি মাসে আরও একজনের নিয়োগ চূড়ান্ত হয়েছে।
২১ মার্চ প্রথম আলো কার্যালয়ে কথা হয় এই ‘লাকি সেভেন’–এর পাঁচজনের সঙ্গে। তাঁরা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তাসনীম ইমরান, নগীব মেশকাত, সাদিয়া নাহ্রীন ও সাকিব শাফায়াত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনিন্দ্য মজুমদার। বাকি দুজন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ শাহরিয়ার মঞ্জুর ও ফরহাদ আহমেদ থাকেন সিলেটে। তাঁদের সঙ্গে কথা হয় মুঠোফোনে। এই সাতজনের ছয়জন কম্পিউটার প্রকৌশলের ছাত্র, তাসনীম ইমরান পড়াশোনা করেছেন পুরকৌশলে। সাতজনের মধ্যে নগীব মেশকাত ও সাকিব শাফায়াত হলেন দুই ভাই।সাক্ষাৎকার নিেয়ছেন মেহেদী হাসান
ছবি তোলার ফাঁকে নিজেরাই তুললেন সেলফি (বাঁ থেকে) সাকিব শাফায়াত, সাদিয়া নাহ্রীন, অনিন্দ্য মজুমদার, তাসনীম ইমরান ও নগীব মেশকাত। ছবি: খালেদ সরকারবাংলাদেশ থেকে এবার সর্বোচ্চসংখ্যক সাতজন গুগলে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন। এর কারণ কী বলে মনে হয় আপনাদের?
অনিন্দ্য মজুমদার: গত বছর অনলাইনে অ্যাপাক টেস্ট নামে চারটি প্রোগ্রামিং প্রতিযোগিতা হয়েছে।
সেই প্রতিযোগিতা থেকে বাছাই করে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। সেখানে যাঁরা ভালো করেছেন, তাঁরা এবার গুগলে যাচ্ছেন।
সাকিব শাফায়াত: এবারই প্রথম বাংলাদেশে চূড়ান্ত সাক্ষাৎকার পর্ব সেরেছে গুগল। এর আগে সুইজারল্যান্ড কিংবা ভারতে যেতে হতো সাক্ষাৎকারের জন্য। এটাও একটা কারণ হতে পারে।
সাক্ষাৎকারে মুখ্য বিষয় কী ছিল?
সাকিব শাফায়াত: আপনি কী পারলেন আর কী পারলেন না, সেটা মুখ্য নয়। কতটা ভিন্নভাবে সমস্যা সমাধান করতে পারছেন, সমাধানের জন্য কীভাবে এগোচ্ছেন—সেটাই দেখা হয়েছে সাক্ষাৎকারে।
সাদিয়া নাহ্রীন: সমস্যা সমাধান, ডেটা স্ট্রাকচার, সিস্টেম ডিজাইন। হোয়াইট বোর্ডে প্রোগ্রামিং সংকেত (কোড) লিখতে হয়েছে। কাউকে কাউকে কম্পিউটারেও প্রোগ্রামিং করতে দিয়েছে।
অনিন্দ্য মজুমদার: প্রত্যেকের চার থেকে পাঁচটি সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আমাকে পরদিন ফোনে আরেকটি সাক্ষাৎকার দিতে হয়েছে।গুগলে আপনাদের কাজের অভিজ্ঞতা পরে বাংলাদেশে কীভাবে কাজে লাগতে পারে?
সাদিয়া নাহ্রীন: আসলে আমরা যে কাজের জন্য গড়ে উঠেছি, তা করার মতো ক্ষেত্র আমাদের দেশে এখনো নেই। আমাদের দক্ষতা বা অভিজ্ঞতা কাজে লাগাতে হলে আগে সে রকম কিছু তৈরির উদ্যোগ নিতে হবে। আমরা প্রোগ্রামিং প্রতিযোগিতায় যে দক্ষতা নিয়ে আসি, তা মানসম্পন্ন সফটওয়্যার তৈরিতে কাজে লাগাতে পারি।
নগীব মেশকাত: নতুন ব্যবসায় উদ্যোগের (স্টার্টআপ) মাধ্যমে মানুষের বাস্তব সমস্যা সমাধানের একটা সংস্কৃতি গড়ে উঠেছে সিলিকন ভ্যালিতে। আমাদের দেশেও ধীরে ধীরে তা গড়ে উঠছে। এই স্টার্টআপগুলো কীভাবে কাজ করে, কীভাবে একটি নতুন প্রতিষ্ঠান সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাচ্ছে, এটা কাছ থেকে জানতে চাই।
তাসনীম ইমরান: বড় ডেটাবেইস বা কম্পিউটার সিস্টেমের ব্যবস্থাপনা কীভাবে করতে হয়, সেই অভিজ্ঞতা দেশে এসে কাজে লাগতে পারব।
প্রোগ্রামিং প্রতিযোগিতার অভিজ্ঞতা কীভাবে প্রায়োগিক ক্ষেত্রে কাজে লাগে?
তাসনীম ইমরান: সমস্যা সমাধানের দক্ষতাই হলো মূল কথা। আর তা আমরা পাই প্রোগ্রামিং প্রতিযোগিতা থেকে।
সাকিব শাফায়াত: প্রশিক্ষণ আর মূল খেলায় পার্থক্য থাকেই। তবে যেকোনো প্রশিক্ষণ আমাদের মূল খেলার জন্য গড়ে তোলে। প্রোগ্রামিং প্রতিযোগিতা দক্ষতা বাড়াতে সাহায্য করে।
গুগলে যাঁরা যোগ দিতে চান, তাঁদের জন্য আপনাদের পরামর্শ কী?
সাকিব শাফায়াত: প্রোগ্রামিং প্রতিযোগিতাগুলোর সঙ্গে থাকতে হবে। সবাই গুগলে যাওয়ার শর্টকাট রাস্তা খোঁজে। কিন্তু তা সম্ভব নয়। প্রথমে আমার অবস্থাও খুব খারাপ ছিল। কিন্তু আমি প্রোগ্রামিংয়ে লেগেছিলাম।
সাদিয়া নাহ্রীন: আমরা কখনো গুগল নিয়ে ভাবিনি। আমাদের লক্ষ্য ছিল প্রোগ্রামিং প্রতিযোগিতায় ভালো করার।
তাসনীম ইমরান, আপনি তো পুরকৌশলের ছাত্র। কীভাবে সফটওয়্যার প্রকৌশলী হয়ে উঠলেন?
তাসনীম ইমরান: ছোটবেলা থেকেই প্রোগ্রামিংয়ে আগ্রহ বেশি ছিল। নয় বছর ধরে প্রোগ্রামিংয়ের সঙ্গে জড়িত। বুয়েটে এসে কম্পিউটার কৌশলে পড়ার সুযোগ পাইনি। তাই পুরকৌশলে ভর্তি হয়েও অংশ নিতাম প্রোগ্রামিং প্রতিযোগিতায়। স্নাতক শেষ করে যোগ দিই একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে। এখন ইন্টারনেটেই শেখার অনেক উপকরণ আছে। চাইলেই সেখানে থেকে শিখতে পারে, এ জন্য নির্দিষ্ট বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকাটা জরুরি না। আগ্রহটাই বড় কথা।
সাদিয়া নাহ্রীন, আপনি তো স্নাতক পর্যায় থেকে প্রথম বাংলাদেশি নারী হিসেবে সরাসরি গুগলে যোগ দিচ্ছেন। আপনাকে দেখে মেয়েরা কি প্রযুক্তি শিক্ষায় আগ্রহী হয়ে উঠবেন?
সাদিয়া নাহ্রীন: কম্পিউটার বিজ্ঞান ও কম্পিউটার কৌশলে মেয়েরা এমনিতেই ভর্তি হন কম। যাঁরা ভর্তি হন তাঁরা এসেই ভালো ফল কিংবা গবেষণাপত্র প্রকাশের জন্য ব্যস্ত হয়ে পড়েন। আর প্রোগ্রামিং প্রতিযোগিতায় মেয়েদের অংশগ্রহণ থাকে না বললেই চলে। আমাকে দেখে হয়তো অনেকে অনুপ্রাণিত হচ্ছেন। অনেকে জানতে চান কী করতে হবে। আমি তাঁদের প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিতে বলি, এই কাজে লেগে থাকতে বলি। তবে কাজটা তো গুরুত্ব নিয়ে তাঁদেরই করতে হবে।
আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী?
সাদিয়া নাহ্রীন: দেশে ফেরার ইচ্ছা আছে। দেশে ফিরে কী করব, তা নির্ভর করছে গুগলে থাকা সময়টুকুর ওপরে।
সাকিব শাফায়াত: আমি উদ্যোক্তা হতে চাই। গুগলে কাজের অভিজ্ঞতা সেখানে ব্যবহার করতে পারব।
অনিন্দ্য মজুমদার: বড় প্রতিষ্ঠান হলেও দেখা যায় সবাই এক প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করেন না। বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে নিজের অভিজ্ঞতা বাড়ান। ইচ্ছা আছে কয়েকজন মিলে নতুন কোনো ব্যবসার উদ্যোগ চালু করার।
নগীব মেশকাত: নিজের পরিবার যেখানে থাকবে, সেখানেই কাজ করার ইচ্ছা আমার।
তাসনীম ইমরান: দেশে কিছু করতে চাই। হয়তো একটা স্টার্টআপ।











