বালুদস্যুদের মেঘনা গ্রাস হুমকির মুখে আশুগঞ্জ বন্দর
ডেস্ক রির্পোট : বালুদস্যুদের মেঘনা গ্রাসে হুমকির মুখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর ও তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকা। ইতিমধ্যে নদীতীরে ভাঙন শুরু হয়েছে। তার পরও বালু উত্তোলন বন্ধ নেই। এমনকি উচ্চ আদালতের নিষেধাজ্ঞারও তোয়াক্কা করছে না এ বালুদস্যুরা। আশুগঞ্জ নৌবন্দর থেকে শুরু করে মেঘনা নদীর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দিন-রাত চলছে ড্রেজারে বালু উত্তোলন। সরজমিন (২৫শে মার্চ) সোহাগপুর এলাকায় গিয়ে দেখা গেছে, একেবারেই তীরের কাছে ড্রেজার চালিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। আর তা বড় বড় স্টিলের নৌকায় ভরে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, ড্রেজারের মালিক এলিগ্যান্স নামের একটি প্রতিষ্ঠান। কয়েক সপ্তাহ ধরে তারা এ স্থান ও আশপাশ থেকে দিন-রাত সমানে বালু উত্তোলন করছে। এ সময়ে ১০ থেকে ১২ লাখ ঘনফুট বালু উত্তোলন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র ধারণা দিয়েছে। এই বালুর আর্থিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা। অবৈধভাবে জোর খাটিয়ে বালু উত্তোলন করার কারণে সরকার কোন রাজস্বও পাচ্ছে না। তবে স্থানীয় প্রশাসন-থানা পুলিশের পকেট ভারি হচ্ছে বলে ক্ষতিগ্রস্ত লোকজনের অভিযোগ। বিশেষ করে ওই এলাকার উপসহকারী ভূমি কর্মকর্তা ইলিয়াস আক্তার ভূঁইয়ার প্রত্যক্ষ সহায়তায় আদালতের দেয়া নিষেধাজ্ঞার স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এই বালু উত্তোলনে নদীর তীরবর্তী জমির মালিকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন। অপরিকল্পিত এই বালু খননে এখন আশুগঞ্জ নৌবন্দরও হুমকির মুখে পড়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান। প্রভাবশালী হওয়ায় বালু উত্তোলনকারী এই সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খোলার সাহস পাচ্ছেন না কেউ। তবে অব্যাহতভাবে বালু উত্তোলনের মুখে কয়েক মাস আগে ক্ষতিগ্রস্ত সাবেক ইউপি সদস্য মিজান খাঁ উচ্চ আদালতে একটি রিট পিটিশন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত বাহাদুরপুর ও সোহাগপুর এলাকা থেকে বালু উত্তোলন না করার বিষয়ে নিষেধাজ্ঞা দেয়। এরপর কিছুদিন বালু উত্তোলন বন্ধ রাখার পর আবারও বালু উত্তোলন শুরু করে ওই সিন্ডিকেট। ওই রিট পিটিশনে বিবাদী করা হয় ভূমি মন্ত্রণালয়ের সচিব, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সদস্য সচিব জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটি, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার, আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। কিন্তু স্থানীয় উপজেলা প্রশাসনের চোখের সামনে এই বালু উত্তোলন হলেও তারা কোন ব্যবস্থা নিচ্ছেন না। তাদের সঙ্গে মোটা অঙ্কের গোপন লেনদেনের অভিযোগ চাউর আছে। ড্রেজারে বালু উত্তোলনে সোহাগপুরের সায়িদ মিয়ার ইটাখোলা হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, তারা বালু তুলছে আর আমাদের জায়গা ভেঙে নদীতে চলে যাচ্ছে। কোন অবস্থাতেই টিকতে পারছি না। ইউএনও-ওসিসহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছি কিন্তু কোন কাজ হচ্ছে না। ডিসি অফিসে গিয়েও কোন লাভ হয়নি। আমার মনে হয় বালু উত্তোলনকারীদের সঙ্গে তাদের যোগসাজশ আছে। সোহাগপুরের বালু উত্তোলনের এ স্থান থেকে অল্প দূরেই আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের বেশির ভাগ স্থাপনা। ড্রেজারে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে নদীর এ অংশে গভীর খাদ হওয়ায় এসব স্থাপনাও হুমকির মুখে রয়েছে বলে স্থানীয় লোকজন জানান। আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদ এ বালুদস্যুদের বিচার দাবি করে বলেন, আমাদের বিদ্যুৎকেন্দ্রগুলো নদীর তীরে অবস্থিত। যে কোন সময় এগুলো হুমকির মধ্যে পড়বে। তা ছাড়া বন্দরে ব্যক্তিগত অনেক বহুতল বিল্ডিং আছে। সেগুলোও নদীগর্ভে চলে যাবে। এখনই ভূমিদস্যুদের বিচার না হলে এরা আগামীতে আরও উৎসাহিতবোধ করবে। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ মেঘনার ওই অংশে (বাহাদুরপুর ও সোহাগপুর) বালু উত্তোলনে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলে জানান। বালু উত্তোলন অব্যাহত আছে তাকে এ তথ্য জানানোর পর বলেন, এখন বালু উত্তোলন হচ্ছে তা আপনাদের (সাংবাদিক) মুখে শুনলাম। আমি তহশিলদারকে বলবো তাদের নাম-ঠিকানা সংগ্রহ করে ব্যবস্থা নেয়ার জন্য। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার ফাঁকে সহকারী কমিশনারকে (ভূমি) ফোন করেন। ওই প্রান্ত থেকে সহকারী কমিশনার কিছু একটা বলার পর ইউএনও বলেন, ‘তাতে কি হয়েছে’। এরপর তিনি কিছু সময় চুপ থেকে বলেন, তহশিলদারকে বলো তাদের নাম-ঠিকানা সংগ্রহ করে ব্যবস্থা নিতে। তবে তহশিলদার (উপসহকারী ভূমি কর্মকর্তা) ইলিয়াস আক্তার ভূঁইয়ার মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তা রিসিভ করেননি তিনি। এ বিষয়ে কথা বলার জন্য আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফরের মোবাইলেও একাধিকবার ফোন করে কোন সারা পাওয়া যায়নি।











