বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি নির্বাচন নিয়ে দোটানায় বিএনপি

image_1140_171933

ডেস্ক রির্পোট : নির্বাচন না আন্দোলন এই নিয়ে দোটানায় আছে বিএনপি। ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে দলে দুই ধরনের মত থাকায় বিএনপিতে অস্থিরতা দেখা দিয়েছে। এই ইস্যুতে দলের একটি অংশ নির্বাচনে যাওয়ার পক্ষে আরেকটি অংশ না যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। দুটি অংশই নিজেদের পক্ষে উপস্থাপন করছে গ্রহণযোগ্য যুক্তি। সঙ্গত কারণে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে স্থির সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে বিএনপি হাইকমান্ডের। চূড়ান্ত হওয়া একটি সিদ্ধান্তও নানা কারণে পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। তবে এখন পর্যন্ত নির্বাচনে যাওয়ার ব্যাপারে ইতিবাচক ২০ দল। বিভিন্ন দাবি নিয়ে ২-১ দিনের মধ্যে নির্বাচন কমিশনে যাবে তারা। 
বিএনপির এক সিনিয়র নেতা জানান, আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাওয়ার ব্যাপারে ইতিবাচক বিএনপি। তবে নির্বাচনের পরিবেশ তৈরি না হওয়ায় বিভিন্ন প্রতিবন্ধকতার আভাস পাওয়া যাচ্ছে। এরপরও নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে নির্বাচন কমিশনে যাবে দলের একটি প্রতিনিধি দল। ইসিতে নির্বাচনের তফসিল নিয়ে আপত্তি জানিয়ে নির্বাচনের সময় বাড়ানোর প্রস্তাব করা হবে। এ ছাড়া চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে নির্বাচন করার জন্য কি ধরনের পরিবেশ সৃষ্টি করা হবে সেসব বিষয়ে জানতে চাওয়ার পাশাপাশি বিভিন্ন দাবিও পেশ করা হবে। নির্বাচন কমিশন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ওপরও অনেকটা নির্ভর করবে নির্বাচনে অংশ নেয়ার চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি। 
এর মানে নির্বাচনে যাচ্ছে না বিএনপি_ এমন প্রশ্ন করা হলে এই নেতা জানান, নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছে আছে বলেই তো নির্বাচন কমিশনে যাওয়া। এখন যে অবস্থা আছে তাতে ফল সম্পর্কে আগাম ধারণা পাওয়া যাচ্ছে। এ অবস্থা শেষ পর্যন্ত থাকলে নির্বাচনে যাওয়ারও কোনো কারণ নেই। 
বিএনপির সিনিয়র আরেক নেতা জানান, নির্বাচনে অংশ নেয়ার পক্ষেই আছেন দলের অধিকাংশ নেতাকর্মী। তবে এর বিপক্ষেও আছেন অনেক নেতা। তারা নিজেদের অবস্থানের পক্ষে যুক্তিও তুলে ধরছেন। পাশাপাশি বিভিন্ন পরামর্শও দিচ্ছেন। বিপক্ষে থাকা নেতারাই বলছেন নির্বাচনে অংশ যদি নিতেই হয় তাহলে দর কষাকষি করে পরিবেশ তৈরি করে নিতে হবে। এ কারণে প্রাথী চূড়ান্ত করার পরও নির্বাচন কমিশনে যাওয়াসহ আনুষঙ্গিক অন্য কাজগুলো করা হচ্ছে। 
বিএনপির অধিকাংশ নেতাই মনে করছেন টানা আড়াই মাস অবরোধ-হরতাল চালিয়েও সরকারকে টলাতে না পারা, শীর্ষ নেতাদের বন্দি হওয়া ও আত্মগোপনে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই নির্বাচনে অংশ নেয়া উচিত। 
বিএনপি সূত্রমতে, নির্বাচনে অংশ নেয়ার পক্ষে নেতাদের যুক্তি হচ্ছে_ এক. তৃণমূল থেকে নির্বাচনে যাওয়ার ব্যাপক চাপ আছে। দলের বৃহত্তর স্বার্থে তৃণমূলের এই দাবি উপেক্ষা করা সম্ভব নয়। দুই. দীর্ঘ আন্দোলনের কারণে নেতাকর্মী এখন নানাভাবে বিধ্বস্ত ও আন্দোলনের গতিও মন্থর। নির্বাচনে বিজয় হলে নেতাকর্মীদের চাঙ্গা করার একটি সুযোগ পাওয়া যাবে। আর নতুন উদ্যমে আন্দোলন শুরু করার পথ খুলবে। তিন. এমনিতেই প্রধান দুটি সিটিতে আন্দোলন প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। তাই সিটি নির্বাচনের কারণে তিনটি সিটি এলাকা ছাড়া সারাদেশে অবরোধ-হরতাল অব্যাহত রাখা যেতে পারে। ফলে আন্দোলনের পাশাপাশি নির্বাচনে অংশ নেয়াও সম্ভব হবে। চার. বিগত স্থানীয় নির্বাচনে বিজয়ের পর এই নির্বাচনে বিজয়ী হলে সারাদেশের মানুষ যে বিএনপির সঙ্গে আছে তা আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করা সম্ভব হবে।
অন্যদিকে নির্বাচনে অংশ নেয়ার বিপক্ষে থাকা নেতাদের যুক্তি হচ্ছে_ এই নির্বাচনে অংশ নিলে চলমান অবরোধ-হরতাল প্রত্যাহার করতে হবে। এই কর্মসূচি চালু রেখে নির্বাচনে যাওয়ার সুযোগ নেই। কর্মসূচি ঘোষণার সময় বিএনপি জোট থেকে বলা হয়েছিল, যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। সিটি করপোরেশন নির্বাচন আয়োজনে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাগিদ দিয়েছিলেন, বিএনপির শীর্ষ নেতারা তখন বলেছিলেন সিটি নির্বাচন সরকারের একটি ফাঁদ। তাদের চলমান আন্দোলন প- করতেই সিটি করপোরেশন নির্বাচন সামনে আনা হয়েছে। এই নির্বাচনে অংশ নেয়া মানে সরকারকে অনেকটা বৈধতা দেয়া। আরো যুক্তি হচ্ছে_ এ পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি পদপ্রার্থীরা জয়ী হলেও কোনো কাজ করতে পারছে না। এবারও এর ব্যাতিক্রম হবে না। 
তবে নির্বাচনের পক্ষে-বিপক্ষে নানা মত থাকলেও হাইকমান্ডকে দেয়া পরামর্শ প্রায় একই রকম। এর মধ্যে রয়েছে_ নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচনে গিয়ে লাভ নেই। নির্বাচনে যাওয়াকে কেন্দ্র করে কিছু শর্ত নিয়েও আলোচনা করা যেতে পারে। এগুলো হচ্ছে_ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার ও তার কার্যালয়ে নেতাকর্মীদের যাতায়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা তুলে নেয়া, নির্বাচনী কর্মকা-ে অংশগ্রহণের সুযোগ দিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ নেতাকর্মীকে মুক্তি দেয়ার পাশাপাশি যারা নির্বাচনে অংশ নেবেন তাদের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আগাম জামিন দেয়া, বিরোধী দলকে প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি পালন ও জনসম্পৃক্ততামূলক কর্মকা-ে অংশগ্রহণে বাধা না দেয়া এবং কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলে দেয়া, অব্যাহতভাবে মামলা দায়ের ও গণগ্রেপ্তার বন্ধ, দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদসহ বিএনপি, অঙ্গদল ও জোটের নিখোঁজ নেতাদের সন্ধান বা তাদের উদ্ধারে আন্তরিকতার সঙ্গে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের নিরপেক্ষ আচরণ নিশ্চিত করা।
এসব ইস্যুকে বিবেচনায় রেখেই সিদ্ধান্ত গ্রহণে দল ও জোট নেতাদের সঙ্গে কথা বলছেন বিএনপির সিনিয়র নেতারা। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটি বৈঠকও হতে পারে। ওই বৈঠক থেকেই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। 
জানা গেছে, বিএনপি নির্বাচনে এখন পর্যন্ত ঘোষণা না দিলেও তিন সিটিতে কাকে কাকে সমর্থন দেয়া হবে তার একটি তালিকা করে রেখেছে হাইকমান্ড। আগ্রহী প্রার্থীরাও নিতে শুরু করেছেন প্রস্তুতি। 
নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে দলের স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনে যাওয়া-না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়াটা অত্যন্ত কঠিন। দলের মধ্যেই পক্ষে ও বিপক্ষে মত আছে। সব দিক বিবেচনা করেই দল সিদ্ধান্ত নেবে। এ মুহূর্তে দেশ-বিদেশের সবার কাছে অগ্রাধিকার হচ্ছে জাতীয় নির্বাচন। অবশ্য তিনি মনে করেন, নির্বাচনে না গেলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। তাই সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।