বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হয়তো একদিন তিতাসের নামটিই শুধু থাকবে

untitled-11_124414ডেস্ক রির্পোট : 'তিতাস একটি নদীর নাম। তার কূলজোড়া জল, বুকভরা ঢেউ, প্রাণভরা উচ্ছ্বাস। স্বপ্নের ছন্দে সে বহিয়া যায়।
ভোরের হাওয়ায় তার তন্দ্রা ভাঙ্গে, দিনের সূর্য তাকে তাতায়; রাতে চাঁদ ও তারারা তাকে নিয়া ঘুম পাড়াইতে বসে, কিন্তু পারে না।'অদ্বৈত মল্লবর্মণের কালজয়ী উপন্যাস 'তিতাস একটি নদীর নাম' এ কয়টি বাক্য দিয়ে শুরু হয়েছে। মাত্র কয়েক দিন আগে গত ৬ মার্চ সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে গোকর্ণঘাট এলাকায় তিতাস নদীর তীরে গিয়ে দেখা গেল বৈদ্যুতিক আলোয় ভেসে গেছে ভরা পূর্ণিমার চাঁদ। এপারে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার শেষ গ্রাম গোকর্ণঘাট, ওপারে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুলপুর গ্রাম। এখানটায় নদী শুকিয়ে কৃশকায় হয়ে গেছে। দু'পারের দূরত্ব এপারে-ওপারে ডাকাডাকির মতো। ইঞ্জিনচালিত গতিশীল নৌকায় করে মাছ ধরছে জেলেরা। ঘাটে দ্রুতগামী স্পিডবোটের বহর। প্রায় ছয় দশক আগে তিতাস নদীর যে বিবরণ 'তিতাস একটি নদীর নাম' উপন্যাসে লিপিবদ্ধ হয়েছিল, তা আর আগের মতো নেই অদ্বৈতের নিজের গ্রামেও।
এই গোকর্ণঘাট গ্রামেই ছিল অদ্বৈত মল্লবর্মণের বাড়ি। শতবর্ষ আগে ১৯১৪ খ্রিস্টাব্দে গোকর্ণঘাটের যে বাড়িটিতে অদ্বৈতের জন্ম হয়েছিল, সেখানে গিয়ে তার আত্মীয়-পরিজনের কাউকেই পাওয়া গেল না। কাউকে যে পাওয়া যাবে না এমন ধারণা অবশ্য আগে থাকতেই ছিল। যে ভিটেতে অদ্বৈত জন্মেছিলেন, এখন সেখানে বাস করেন অনিল বর্মণরা তিন ভাই। অনিলের সপ্তম শ্রেণীপড়ুয়া ছেলে লোকনাথ বর্মণের সঙ্গে আলাপ হলো। লোকনাথ জানে, এই ভিটেতে জন্মেছিলেন অদ্বৈত মল্লবর্মণ। প্রায়ই দূরদূরান্ত থেকে লোকজন আসে এ ভিটেবাড়িটি দেখতে। লোকনাথদের ঘরে 'তিতাস একটি নদীর নাম' উপন্যাসটিও আছে। উপন্যাসটি অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মিত হওয়ার খবরও জানা আছে তার। তবে চলচ্চিত্রটির নির্মাতা ঋতি্বক ঘটকের নাম জানা নেই তার।
তিতাস অবশ্য অনেক পথ ঘুরে অদ্বৈত মল্লবর্মণের গ্রাম গোকর্ণঘাটের পাশ দিয়ে
প্রবাহিত হয়েছে। বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ ও গবেষক আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া সম্পাদিত 'কুমিল্লা জেলার ইতিহাস' গ্রন্থে বলা হয়েছে, বর্তমান তিতাস নদী ব্রাহ্মহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড় নামক স্থানের কাছে মেঘনা থেকে উৎপন্ন হয়েছে। পরে নবীনগরের পশ্চিমে গিয়ে লালপুর দিয়ে আবারও মেঘনা নদীতে পতিত হয়েছে।
আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া সম্পাদিত ওই বইয়ে তিতাস নামে ব্রাহ্মহ্মণবাড়িয়ায় অন্তত চারটি প্রবাহ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। 'বাংলাদেশের নদীকোষ' গ্রন্থে ড. অশোক বিশ্বাস লিখেছেন, 'ওই অঞ্চলে নদীনালার অনেক প্রবাহ পরিচিত পুরনো তিতাস নামে। তাহলে অতীতে কি তিতাস আরও বড় নদী ছিল, না-কি এর অনেক শাখা-প্রশাখা ছিল যাদের উৎসমুখ এখন আর তিতাসের সঙ্গে সংযুক্ত নয়?' অশোক বিশ্বাসের বইয়ে তিতাস 'ভারতের ত্রিপুরা রাজ্যের পার্বত্যাঞ্চলে উৎপন্ন হয়ে আগরতলার পাশ দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হওয়ার পর কুমিল্লার আখাউড়ার কাছে বাংলাদেশে প্রবেশ করেছে' বলে উল্লেখ করা হলেও অদ্বৈতের উপন্যাসে তিতাসকে মেঘনা থেকে উৎপন্ন হয়ে মেঘনাতেই বিলীন হয়ে যাওয়া একটি নদী হিসেবে বর্ণনা করা হয়েছে। উপন্যাসের বর্ণনায়, 'ঝরনা থেকে জল টানিয়া, পাহাড়ি ফুলেদের ছুঁইয়া ছুঁইয়া উপল ভাঙিয়া নামিয়া আসার আনন্দ কোনোকালে সে পায় নাই। অসীম সাগরের বিরাট চুম্বনে আত্মবিলয়ের আনন্দও কোনোকালে তার ঘটিবে না। দুরন্ত মেঘনা নাচিতে নাচিতে কোনকালে কোন অসতর্ক মুহূর্তে পা ফসকাইয়াছিল; বাঁ তীরটা একটু মচকাইয়া গিয়া ভাঙিয়া যায়। স্রোত আর ঢেউ সেখানে প্রবাহের সৃষ্টি করে। ধারা সেখানে নরম মাটি খুঁজিয়া, কাটিয়া, ভাঙিয়া, দুমড়াইয়া পথ সৃষ্টি করিতে থাকে। এক পাঁকে শত শত পল্লী দুই পাশে রাখিয়া অনেক জঙ্গল অনেক মাঠ-ময়দানের ছোঁয়া লইয়া ঘুরিয়া আসে মেঘনার গৌরব আবার মেঘনার কোলেই বিলীন হইয়া যায়। এই তার ইতিহাস। কিন্তু সে কি আজকের কথা? কেউ মনেও করে না কিসে তার উৎপত্তি হইল। শুধু জানে, সে একটি নদী। অনেক দূর-পাল্লার পথ বাহিয়া ইহার দুই মুখ মেঘনায় মিশিয়াছে। পল্লীরমণীর কাঁকনের দুই মুখের মধ্যে যেমন একটু ফাঁক থাকে, তিতাসের দুই মুখের মধ্যে রহিয়াছে তেমনি একটুখানি ফাঁক কিন্তু কাঁকনের মতই তার বলয়াকৃতি।'
বলয়াকৃতির এ নদীর জলরাশির সেই 'প্রাণভরা উচ্ছ্বাস' আর নেই। ব্রাহ্মহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক সংগঠন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন বলেন, হয়তো একদিন তিতাসের নামটিই থাকবে শুধু। এরই মধ্যে 'তিতাস একটি নদীর নাম' উপন্যাসে যে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের বিবরণ রয়েছে, তার অনেক কিছুই হারিয়ে গেছে বলে তিনি জানালেন।
উপন্যাসে বর্ণিত সাংস্কৃতিক কৃত্যগুলো আছে কি-না তা খুঁজতে গিয়েছিলেন লোক-গবেষক সাইমন জাকারিয়া। তিনি বলেন, সেই 'কাঁথা সেলাইয়ের ধুম', 'মাঘমণ্ডলের ব্রত', 'পাঁচপীর বদরের ধ্বনি', 'দোলপূর্ণিমার রং খেলা', 'গানবাজনা', মনসা পূজার 'পদ্মাপুরাণ গান' ইত্যাদি সবই কি বিলুপ্ত হয়ে গেছে? এ ধরনের প্রশ্নের উত্তরে একজন নৃতাত্তি্বক সাংস্কৃতিক গবেষকের পক্ষে নেতিবাচক কোনো কথা বলার উপায় নেই। কেননা, 'তিতাস একটি নদীর নাম' উপন্যাসে বর্ণিত সব চালচিত্র, কৃত্য, উৎসব, জনজীবনের নানা তৎপরতা নিয়ে নিরবচ্ছিন্ন অনুসন্ধান প্রয়োজন। আর এমন তাগিদ মনে জেগে ওঠে বাস্তব অভিজ্ঞতার কারণেই। সেই বাস্তব অভিজ্ঞতাটি হলো বছর দুয়েক আমরা স্বচক্ষে তিতাস নদীর তীরবর্তী অঞ্চলে ভাবসাধকদের গুরু-শিষ্য পরম্পরার ঐতিহ্য প্রত্যক্ষ করি এবং অনুভব করি 'তিতাস একটি নদীর নাম' বর্ণিত মানব-সাধনার চর্চা ও ধারাবাহিকতা এখনও বহমান। উপন্যাসে বর্ণিত চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান মহাদেবের কৃত্য বা হর-গৌরী লীলা, শ্রাবণ মাসে পদ্মাপুরাণের পুঁথি ও গানের অস্তিত্ব কিছু কিছু আছে, কিন্তু যাত্রার সেকালের ঐতিহ্য ক্ষয়িষ্ণু হতে হতে একেবারেই বিলীন হয়ে গেছে প্রায়। উঠানযাত্রার অনুষ্ঠানে রাধাকৃষ্ণের নানা ধরনের লীলার অভিনয় অদ্বৈতের তিতাস পারের সংস্কৃতি থেকে লুপ্ত হয়েছে কি-না জানা নিশ্চিত হওয়া গেল না। তবে অস্তিত্বও খুঁজে পাওয়া যায়নি।
এখনও আছে গান, কবিতা। আল মাহমুদের কবিতায় ঘুরেফিরে এসেছে তিতাসের প্রসঙ্গ। তিনি লিখেছিলেন, 'নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে?/হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে।/বলল কেঁদে তিতাস নদী হরিণবেড়ের বাঁকে /শাদা পালক বকরা যেথায় পাখ ছড়িয়ে থাকে।'
সরেজমিন হরিণবেড়ের ওই বাঁকে গিয়ে দেখা গেল নদী এখানে মরা খালে পরিণত হয়েছে। ওই পানিতে মাছ ধরার নৌকাগুলো সারি সারি নোঙর করে রাখা হয়েছে। নদীর তলদেশে চাষ করা হচ্ছে বোরো ধান। দেখে মনে হলো, নদীতে জেগে ওঠা চরে যেন সবুজের সমারোহ বসেছে। নদী-তীরবর্তী গ্রামের জেলেদের জীবন-জীবিকাও হুমকির মুখে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছেন নদীর ওপর নির্ভরশীল জেলে পরিবারের লোকজন।
হরিণবেড় গ্রামের জেলে শ্যামলাল দাস বলেন, বছরের ছয় মাসই নদীতে পানি থাকে না। মাছ একেবারে নেই বললেই চলে। গত প্রায় ১০ বছর ধরে কৈ, মাগুর, বেদা, টাকি, বোয়াল, চিংড়ি এসব মাছ নদীতে দেখাই যায় না। এখন পুঁটি, বাইম, গুতুম আর বেলে মাছই পাওয়া যায়। তবে পরিমাণে খুবই অল্প। একই গ্রামের রাধাচরণ দাস বলেন, সারা বাজারে এখন দুই ভাগা মাছও ওঠে না। হরিণবেড়, হরিপুর, ও হাসানপুর এ তিন গ্রামের দুই হাজারেরও বেশি লোক মাছ ধরে জীবিকা নির্বাহ করত। এখন সবাই বেকার। নদী-তীরবর্তী সব মানুষের দাবি নাব্যতা ফিরিয়ে আনতে নদীটি খনন করা হোক।

সমকাল