পরিবারের সুখের জন্য প্রবাসে গিয়ে লাশ শেষ ইচ্ছে পূরন হয়নি রাকিবের
মাহবুব খান বাবুল : উঠতি বয়সের যুবকটির নাম আবদুর রাকিব (২৭)। সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মজিদের বাড়ির আবদুল কাইয়ুমের তৃতীয় ছেলে। পরিবার ও নিজের সুখের কথা চিন্তা করে চার বছর আগে পাড়ি জমিয়েছিলেন প্রবাসে। সুখের সন্ধান পেয়েছিলেন। কিন্তু তা আর স্থায়ী হতে দেননি বিধাতা। একটি দূর্ঘটনা কেড়ে নিল রাজিবের সকল স্বপ্ন। সারা জীবনের জন্য দুঃখের সাগরে ডুবে গেল রাকিবের পুরো পরিবার। বিয়ে করে সংসার বাঁধার শেষ ইচ্ছে টুকু পূরণ হয়নি তার। গত ২৫ ফেব্র“য়ারী সৌদী আরবের রিয়াদে কাজ করার সময় চারতলা বিল্ডিং থেকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রাকিব। মৃত্যুর দশ মিনিট আগে সর্বশেষ ভাবী পাখির সাথে মুঠোফোনে কথা বলেছিলেন রাকিব। তরতাজা ওই যুবকের মৃত্যুর সংবাদে স্তম্ভিত ও হতাশা নেমে আসে গোটা পরিবারে। শোকে পাথর হয়ে গেছে পিতা মাতা। পরিবার ও গ্রামে চলছে শোকের মাতম। শান্তনা দেওয়ার সাধ্য নেই কারো। রাকিবের পারিবারিক সূত্র জানায়, চার ভাই এক বোনের সংসারে রাকিব তৃতীয়। তার বড় দু’ভাই আবদুল হাকিম (৩৪) ও আবদুল আজিজ (৩২) থাকেন সৌদী আরবের রিয়াদে। ছোট ভাই আবদুর রকিব (২৪) থাকেন বাহরাইনে। ২০০৬ খ্রিষ্টাব্দে কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় থেকে রাকিব মাধ্যমিক পরীক্ষায় পাস করে। এরপর আর পড়া লেখা হয়নি তার। এক সময় স্বপ্ন দেখেন বিদেশ যাওয়ার। ২০১১ খ্রিষ্টাব্দের প্রথম দিকে ফ্রি ভিসায় চলে যান সৌদী আরবের রিয়াদে। সেখানে তার এক স্বজন ঠিকাদার শাব্বির মিয়ার তত্ববধানে পেইন্টারের কাজ করতেন রাকিব। ভালই চলছিল তার দিনকাল। মা বাবা সহ পরিবারের সকলকে টাকা পয়সা দিতেন। তারপরও প্রবাস জীবনের প্রতি তার একটা অনিহা চলে এসেছিল। ছোট ভাইকে প্রায়ই বলতেন, বিদেশ নয় স্বদেশে ভাল কিছু করার চেষ্টা কর। সর্বদা হাস্যজ্জ্বোল রাকিব সম্প্রতি বিয়ে করে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছিলেন। বাবা কাইয়ুম মিয়া সহ পরিবারের অন্য সদস্যরা রাকিবের জন্য পাত্রির সন্ধান করছিলেন। কে জানত নির্মম নিষ্ঠুর নিয়তি ওতপেতে ছিল রাকিব ও তার পরিবারের জন্য। পৃথিবীতে কোন উত্তরাধিকারী না রেখেই রাকিবকে পাড়ি জমাতে হয়েছে পরপারে। সকল আশায় ও স্বপ্নে গুড়েবালি। গত ২৫ ফেব্র“য়ারী (বুধবার) রিয়াদের ঈমাম সাউথ কলেজের ৭ নাম্বার এলাকায় একটি মার্কেট ভবনের চার তলায় কার্পেন্টিং-এর কাজ করছিলেন রাকিব। তখন তার সহযোগী কেউ সেখানে ছিল না। সৌদী সময় দুপুর ১২টা আর বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটা। হঠাৎ চারতলা থেকে নিচে পড়ে যান রাকিব। ঘটনাস্থলেই নিভে যায় তার জীবন প্রদীপ। তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। রাকিবের অকাল মৃত্যুর খবর বাড়িতে পৌঁছা মাত্র স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে পরিবেশ। অনেকেই হয়ে পড়েন বাকরুদ্ধ। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন গর্ভধারিনী মাতা আয়েশা বেগম (৫৮)। নির্বাক হয়ে চুপসে যান বাবা কাইয়ুম মিয়া। গত শনিবার সরজমিনে রাকিবদের বাড়িতে গিয়ে দেখা যায়, সকলের চোখে মুখে বিষাদের চাপ। পুরো পরিবারে চলছে শোকের মাতম। পৃথিবীতে সবচেয়ে কষ্টের -“পিতার কাঁদে পুত্রের লাশ।” এ বাস্তবতার বোঝা এখন বাবা কাইয়ুম মিয়ার উপর। তিনি বসে আদরের সন্তানের স্মৃতিচারন করছেন আর চোখের জল ফেলছেন। ওদিকে পুত্র শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা আয়েশা। চোখের জল ফেলে হ্যা হুতাশ করছেন রাকিবের খেলার সাথী ও বন্ধুরা। পরিবার পাড়া ও পুরো গ্রামে এখন চলছে শোকের মাতম। এখন তারা অধীর আগ্রহে রাকিবের লাশের অপেক্ষা করছেন। নিহত রাকিবের পিতা আবদুল কাইয়ুম দুঃখ ও আক্ষেপ করে কান্না জড়িত কন্ঠে বলেন, ছেলে তো আমাকে মাটি দেওয়ার কথা। আমি কেন তাকে মাটি দিব? রাকিব ফোন করে সব সময় আমার ও তার মায়ের খাবার দাবার ঔষধের খোঁজ খবর নিত। এখন কে নিবে খবর? ছেলেটাকে বিয়ে করাতে পারলাম না। বাবা তুমি এভাবে অকালে চলে গেলে কেন? মৃত্যুর সময় আমার ছেলের পাশে কেউ ছিল না রে। বলেই চুপসে যান।
শেষ কথা হয় ভাবী পাখির সাথে:
মৃত্যুর ঠিক দশ মিনিট আগে সর্বশেষ মুঠোফোনে কথা হয় রাকিবের বড় ভাইয়ের স্ত্রী রুনা আকতার পাখির সাথে। কে জানত এটাই রাকিবের জীবনের শেষ কথা। ফোনে রাকিব তার আদরের ভাতিজি শিশিরের (৬মাস) খোঁজ খবর নিয়েছিলেন। কান্নার শব্দ শুনে ভাবীর কাছে শিশিরের কান্নার কারনও জানতে চেয়েছিল। সবশেষে রাকিব তার ভাবীকে বলেছিল, বাংলাদেশে একবারেই এসে পড়ব। তারপর ভাল করে ব্যবসা বাণিজ্য করব।
ছোট ভাইকে মোটরসাইকেল দেওয়া হল না:
রাকিবের ছোট ভাই ইসলামপুর কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র আবদুল ফয়সাল। ফয়সাল জানায়, তার সাথে রাকিবের শেষ কথা হয় মৃত্যুর আগের দিন বিকেলে। রাকিব ফেইসবুকে তার একটি ছবি পাঠায়। সেই ছবির সূত্র ধরেই কথা। ফয়সাল মোটরসাইকেল চালানো শেখার কথা জানিয়ে রাকিবের কাছে মোটরসাইকেল দাবী করে। রাকিব ছোট ভাইকে সাইকেল দেওয়ার কথা স্বীকার করে বলে, তোমাকে নিয়ে আমি খুব টেনশন করি। বিদেশে অনেক কষ্ট। দেশে ভাল কিছু করার চেষ্টা করিও।











