স্বস্তি আর আনন্দের জয়
ক্রীড়া ডেস্ক : খেলা মাঠে গড়ানোর আগে আফগান অধিনায়ক মোহাম্মদ নবীর হুংকার এবং অস্ট্রেলিয়াতে প্রস্তুতি ম্যাচের চারটিতেই বাংলাদেশের হার; সব মিলিয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটা বাংলাদেশের জন্য যেন হয়ে পড়েছিল 'মাইনফিল্ড'। জয়ের প্রত্যাশার চাপের সঙ্গে হারিয়ে ফেরা নিজেদের খুঁজে পাওয়ার লক্ষ্যটাও যেমন ছিল, সঙ্গে যোগ হয়েছিল হেরে গেলে সমর্থকদের তীব্র প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশের শঙ্কাও। সকল কাঁটা ধন্য করেই জিতেছে বাংলাদেশ, তাদের জয়ে স্বস্তির হাসি ফুটেছে দেশে থাকা সাবেক ক্রিকেটারদের মুখেও।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান মুগ্ধ সাকিব-মুশফিকের ব্যাটিং আর মাশরাফির অধিনায়কত্বে। বিশ্বকাপে প্রথম ম্যাচটা বড় ব্যবধানে জেতায় পেছনের হতাশা কাটিয়ে উঠতে পারবে বাংলাদেশ দল, এমনটাই মনে করেন তিনি, 'টানা চারটি হারের পর এই জয়। প্রত্যাশিত জয়ই আমি বলব, সঙ্গে আইসিং অন দ্য কেক হিসেবে এসেছে জয়ের বড় ব্যবধানটা। যেকোনো টুর্নামেন্টে প্রথম ম্যাচে জয়টা খুব গুরুত্বপূর্ণ।' প্রয়োজনীয় মুহূর্তে দলের অভিজ্ঞ দুই ক্রিকেটারের দায়িত্বশীল ব্যাটিং চোখ জুড়িয়েছে তাঁর, 'ভালো লেগেছে আমাদের দুই নন্দিত ব্যাটসম্যান সাকিব ও মুশফিকের দায়িত্বশীল ব্যাটিং দেখে। সেই সঙ্গে মাশরাফির উজ্জীবনী অধিনায়কত্ব ও পেস বোলারদের সাহসী বোলিং, শুরুতেই আফগানদের চেপে ধরায় জয়ের পথটা তৈরি হয়ে যায়।' সমর্থকদের মনে জেঁকে বসা শঙ্কা ছুঁয়ে গিয়েছিল আরেক সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকেও। এমন ম্যাচে বড় জয় তাই তাঁর কাছে কাঙ্ক্ষিত আবার স্বস্তিরও, 'চমৎকার জয়। খানিকটা শঙ্কা তো ছিলই, যদিও আমরা আফগানিস্তানের চাইতে অনেক ভালো দল। বিশ্বকাপে প্রথম ম্যাচ, বড় জয় দিয়ে শুরু, সব মিলিয়ে চমৎকার সূচনা।'
স্বস্তি আর আনন্দের জয়
তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবালের চোখ সরছিল না টিভির পর্দা থেকে। নাফিস নিজেও খেলেছেন জাতীয় দলে, সেই অভিজ্ঞতা থেকেই বলছিলেন, 'প্রতিপক্ষ হিসেবে খাটো করে না দেখলেও আমরা কোনো দিন চিন্তাও করি না যে আফগানিস্তান আমাদের হারিয়ে দেবে। এ রকম ম্যাচগুলোতে জিততেই হবে বলে একটা চাপ থাকে। আর আমাদের সমর্থকরা যেহেতু খুব আবেগপ্রবণ, এ রকম ম্যাচে হারলেই ক্ষুব্ধ প্রতিক্রিয়ারও সম্মুখীন হতে হয়। সব মিলিয়ে একটা চাপ তো ছিলই, জেতার পর খুব ভালো লাগছে। সবাই খুব ভালো খেলেছে, আর ক্যাপ্টেন তো ক্যাপ্টেনই! নেতৃত্ব দিয়েছে সামনে থেকেই।' বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন খেলাটা দেখতে পারেননি জাতীয় লিগের ম্যাচের কারণে। না দেখলেও নিজের উত্তরসূরিদের জয়ে অভিনন্দন জানিয়েছেন সাবেক এই ওপেনার, 'কাঙ্ক্ষিত জয়ই ছিল এটা। জয়টা খুবই প্রয়োজনীয় ছিল। যেকোনো টুর্নামেন্টে প্রথম ম্যাচ জয়টা খুব গুরুত্বপূর্ণ। আশা করি, সামনে বাংলাদেশ এমন আরো অনেক আনন্দের উপলক্ষ এনে দেবে।' জয়ে সতীর্থদের অভিনন্দন জানিয়েছেন শাহরিয়ার নাফীসও। জাতীয় দলের এই উদ্বোধনী ব্যাটসম্যান মনে করেন, শুরুর কিছুটা সময় বাদ দিলে ম্যাচের বাকিটুকু ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশই, 'প্রথম ৩০ ওভার বাংলাদেশ ভালো খেলে নাই, বাকি সময়টা খুব ভালো খেলেছে। জয়টা খুব গুরুত্বপূর্ণ, আফগানিস্তান ও স্কটল্যান্ড তো আমাদের মাস্ট উইন ম্যাচ। আশা করছি, এই ম্যাচে যে ভুলগুলো হয়েছে আগামী ম্যাচে সেই ভুলগুলো আর হবে না।' জাতীয় দলে খেলা বাঁহাতি স্পিনার মোশাররফ রুবেলও মনে করেন, এই জয়টা কাঙ্ক্ষিতই ছিল বাংলাদেশের, 'প্রত্যাশিত জয়। স্বাভাবিক খেলাটা খেলেই জিতেছে বাংলাদেশ।'
একনজরে
* আফগানিস্তানের বিপক্ষে পাওয়া ১০৫ রানের জয় বিশ্বকাপে রানের হিসাবে সবচেয়ে বড় জয়। এর আগে রানে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ছিল ৬৭ রানে। ২০০৭ সালের বিশ্বকাপে এই রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল। এক দিনের ক্রিকেটে ১০০ বা তার বেশি রানে এটি বাংলাদেশের অষ্টম জয়।
* পঞ্চম উইকেটে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ১১৪ রানের জুটি বিশ্বকাপে বাংলাদেশের যেকোনো উইকেটেরই সর্বোচ্চ রানের জুটি। ক্রিকেট মহাযজ্ঞে এটি প্রথম সেঞ্চুরি জুটিও। এর আগে সর্বোচ্চ রানের জুটি ছিল ৯২ রানে, যা ২০১১ বিশ্বকাপে করেছিলেন ইমরুল কায়েস ও জুনায়েদ সিদ্দিকী।
* এ নিয়ে চতুর্থবার সেঞ্চুরি জুটি গড়লেন সাকিব ও মুশফিক। বাংলাদেশের পক্ষে দুটির বেশি সেঞ্চুরি জুটি নেই আর কারো। দুজন মিলে ওয়ানডেতে মোট রান করেছেন ১৭২৫, বাংলাদেশের হয়ে এটাও রেকর্ড।
* গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে পাঁচ জয়সহ বাংলাদেশ এ নিয়ে টানা ছয় ম্যাচ জিতল। বাংলাদেশের টানা সবচেয়ে বেশি ম্যাচ জয় ৯টি।
* আফগানিস্তানের বিপক্ষে করা ২৬৭ রান অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় ইনিংস। এর আগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ছিল ১৪৭ রানের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রান করেছিল বাংলাদেশ।
* ২৬৭ রানে সব উইকেট হারিয়ে বাংলাদেশ ওয়ানডেতে ১২৯ বার অল আউট হয়েছে। অল আউট হওয়া ম্যাচে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রান।











