বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া পুলিশের গ্রেফতারের হিসেবে ফারাক,বানিজ্যের অভিযোগ

Anwer-B.Baria Picjamal-B.Baria Pic

আমীরজাদা চৌধুরী : জেলা পুলিশের চলমান গ্রেপ্তার অভিযানে (গত ৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত) এ পর্যন্ত ৪ হাজার ১০৯ জন গ্রেপ্তার হওয়ার কথা বলছে জেলা পুলিশ। কিন্তু কারা কর্তৃপক্ষ বলছে, এ পর্যন্ত মাত্র ৮৮জন কারা অন্তরীণ রয়েছেন। এদিকে গ্রেপ্তার তথ্যে এমন ফারাকের কারণে পুলিশের গ্রেপ্তার অভিযান নিয়ে প্রশ্ন উঠেছে। জেলা পুলিশের বিশেষ শাখা ও অতিরিক্ত পুলিশ সুপারের পাঠানো বার্তা অনুযায়ি, ১ জানুয়ারী থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৪ হাজার ১০৯ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে নানা ঘটনায় বিএনপি দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১৩ মামলায় ১৮১ জনকে গ্রেপ্তার করার কথা বলা হয়েছে।
তবে পুলিশের আরেকটি সুত্র জানায়, জামাতে ইসলামীর ১০ জনসহ এই পর্যন্ত বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। এদিকে জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট গিয়াস উদ্দিন জানান, ৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা  পর্যন্ত কারাগারের কাগজে-কলমে এ পর্যন্ত ৮৮ জন কারাগারে রয়েছে।  
এদিকে গ্রেপ্তার অভিযানের নামে  পুলিশ সাধারণ মানুষকে হয়রানি করছে বলেও অভিযোগ উঠেছে। সদর উপজেলার রামরাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম মিয়া বলেন, উলচাপাড়া গ্রামের সেন্টু মিয়ার বাড়িতে পেট্রোল বোমা ও ককটেল তৈরির অভিযোগ এনে সেন্টু মিয়ার শহরের ব্যবসা প্রতিষ্ঠানের জামাল নামের এক কর্মচারিকে আটক করে পুলিশ। পরে অজ্ঞাত কারণে সেন্টুকে বাদ দিয়ে পেট্রোল বোমার মামলায় জামালকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। যদিও চেয়ারম্যান বলেছেন, উদ্ধার হওয়া বস্তুগুলোতে কোন পেট্রোল ছিল না। কেউ সেন্টুকে ফাঁসানোর উদ্দেশ্যে তার বাড়ির পাশে এইসব রেখে দিয়েছে। জামাল গ্রেপ্তার নাটকের পর ওই এলাকার মানুষ পুলিশের উপর অসন্তুষ্ট হয়েছেন।
এলাকাবাসী বলছেন, এটি আসলে সাজানো ঘটনা। তবে সদর থানার উপপরিদর্শক (এসআই) কাজী কামরুল হাসান তার এজাহারে বলেন, গত ৭ ফেব্রুয়ারি রাত নয়টার দিকে উলচাপাড়া গ্রামের সেন্টু মিয়ার বাড়িতে কিছু দুস্কৃতিকারী পেট্রোলবোমা ও ককটেল তৈরী করছে এমন গোপনে সংবাদ তারা পান। এই খবর পেয়ে সদর থানার সহকারি পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তফা কামাল পাশাসহ একদল পুলিশ ঘটনাস্থলে গেলে ৭/৮ যুবক পালিয়ে যায়। পরে তারা জামালকে গ্রেপ্তার করে। বোমাগুলো সেন্টু মিয়ার দালান ঘরের বাইরের দেয়ালের পূর্বদিকে একটি প্যাকেটে রাখা ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়।
এদিকে সরজমিনে উলচাপাড়া গ্রামে অনুসন্ধান করে জানা গেছে, পুলিশ সেন্টুর বাড়িতে গেলে সেন্টু ফোন দিয়ে শহর থেকে তার কর্মচারী জামালকে ঘটনাস্থলে পাঠায়। কিন্তু সেখানে যাওয়ার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রামরাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও আওয়ামী লীগ নেতা সুবির কুমার রায় বলেন, জামাল বোমাবাজ এই কথা কেউ বলতে পারবে না। তার কাঁধে বোমার দায় চাপিয়ে দেয়া হয়েছে। এটি নিছক একটি সাজানো ঘটনা। আমরা এলাকায় সভা করে এর প্রতিবাদ জানিয়েছি। জামাল নাটক ছাড়াও আরও কয়েক নিরাপরাধ ব্যক্তিকে চলমান নাশকতার মামলায় গ্রেপ্তার ও হয়রানি করার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে।
শহরের নয়নপুর এলাকার বাসিন্দা হুমায়ূনকে জানুয়ারি মাসের শেষ দিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। হুমায়ুনের পরিবারের লোকজন আজও জানতে পারেননি কি কারণে তাকে গ্রেপ্তার করা হলো। তার স্ত্রী ছালেহা বেগম বলেন, রাত দেড়টার দিকে পুলিশ তাদের বাড়িতে এসে তাকে ধরে নিয়ে যায়। এর কিছুক্ষণ আগে তিনি বাড়ির পাশের জমিতে কাজ শেষে ঘরে ফিরেছিলেন। ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের টিএ রোডের কার্ড কর্ণারের মালিক আনোয়ার হোসেনকে তার দোকান থেকে বের করে তাকে পুলিশের গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। এসময় তাকে বেধড়ক পেটানো হয়। থানায় নেওয়ার পর তাকে পুলিশের উপর হামলা ও বোমা বিস্ফোরণ মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়ে দেয়।
আনোয়ারকে গ্রেপ্তারের পর বেশিরভাগ সময়ই বন্ধ থাকে তার ব্যবসা প্রতিষ্ঠান। তার মা, স্ত্রী, দুই সন্তান ও ছোট ছয় ভাইয়ের সংসারে মূল উপার্জনকারি আনোয়ার। তার ওপরই পরিবারটি নির্ভরশীল। গ্রেপ্তারের আগে ১০ লাখ টাকা ঋণ করে দোকানে মালামাল উঠিয়েছিলেন এই ব্যবসায়ি। এখন তার অন্য ভাইয়েরা দোকান খুলে বসার সাহস পাচ্ছে না। শহরের মসজিদ রোডের আল-আমিন ইলেকট্রিক নামের দোকানের এক ব্যবসায়িকে গ্রেপ্তারের ঘটনাটি শহরে ব্যাপক আলোচিত। গত ২ ফেব্রুয়ারি রাত ১২ টার দিকে রুহুল আমিন মুন্না নামের ওই ব্যবসায়িকে তার পূর্ব পাইকপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ির এক ভাড়াটিয়ার কক্ষের পাশে পেট্রোল বোমা পাওয়া গেছে- এমন অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার পর তাকে ছাড়িয়ে নিতে ব্যবসায়িসহ অনেকেই থানায় ভীড় করেন। পরে অবশ্য অজ্ঞাত কারণে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।
নাম প্রকাশ না করার শর্তে মুন্নার পরিবারের এক সদস্য বলেন, এখন পেট্রোল বোমার সময়। ইচ্ছে করলে পুলিশ কত কিছুই করতে পারে। তাই আমাদেরকে বাধ্য হয়ে রফাদফা করতে হয়েছে।
সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস কোন রকম রফাদফার কথা অস্বীকার করে বলেন রহুল আমীন মুন্নাকে সন্দেহ জনক ভাবেই গ্রেপ্তার করা হয়েছিল।
গত ১২ ফেব্রয়ারী নবীনগর উপজেলার বড়াইল গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী জাহের মিয়াকে তার শ্বশুর বাড়ি শহরের শিমরাইলকান্দি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ছুটিতে সৌদি থেকে দেশে এসেছিলেন। তার শ্যালক জেলা ছাত্রদলের নেতা সালাউদ্দিনকে খুঁজতে এসে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শহরের কান্দিপাড়ার বাসিন্দা কাউন্সিলর কাউছার মিয়ার ছেলে ঢাকায় পড়াশুনা করেন। বাড়িতে এসে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তবে এসব বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বলেন, এ ধরনের ঢালাও অভিযোগ ঠিক নয়। গ্রেপ্তারের ৪০/৪৫ ভাগ ছাড়া পাচ্ছে প্রসেস রিকলে। অর্থাৎ গ্রেপ্তারি  পরোয়ানা থাকা আসামিরা গ্রেপ্তারের পর তাদের জামিনের কাগজপত্র দেখিয়ে ছাড়া পেয়ে যাচ্ছে।
তিনি বলেন, যাদের দোষ পাওয়া যায়, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হচ্ছে। পেট্রোল বোমার বিষয়ে বলেন, বোমার বিষয়টি বিশেষজ্ঞরা দেখবেন।