সবাই যখন মানববন্ধনে
আমিরজাদা চৌধুরী : হাসপাতালের পুরোপুরি চিকিৎসা কার্যক্রমের যখন সময় তখনই ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ছিলো অচল। আজ আধাবেলা চিকিৎসা সেবা ছিলো পুরোপুরি বন্ধ। ডাক্তার,নার্স,কর্মচারী-সবাই ছিলেন এই সময়ে মানবন্ধনে। হাসপাতাল ছিলো ফাকা।এমনকি জরুরী বিভাগেও কেউ ছিলোনা চিকিৎসা দেয়ার মতো। রোগীদের ভীড় ছিলো ডাক্তারদের কক্ষের সামনে।ওয়ার্ড গুলোও ছিলো ডাক্তার,নার্স ও কর্মচারী শূন্য। বিজয়নগর উপজেলার গোলাম রব্বান (৭০) বলেন, আধ ঘন্টা ধরে তিনি জরুরী বিভাগে রোগী নিয়ে অপেক্ষা করছেন। কিন্তু ডাক্তার পাচ্ছেননা। কোন একজনকে জিজ্ঞেস করে জেনেছেন ডাক্তাররা মিটিংয়ে আছেন। একই উপজেলার সাটিরপাড়া গ্রামের আসমা বেগম এসেছিলেন শিশু ডাক্তারের কাছে। তিনিও অপেক্ষা করছেন ডাক্তারের জন্যে একঘন্টা ধরে। কসবার বাদৈর গ্রামের সুমা আক্তার,ব্রাহ্মণবাড়িয়া সদরের কালীসীমার আকলিমা আক্তার,নয়নপুরের রমজান আলী সবারই দীর্ঘ অপেক্ষা ডাক্তারের জন্যে। সিংগারবিলের লিমা আক্তার বলেন তার রোগী আছে পেয়িং বেডে। রাত ১০ টায় স্যালাইন শেষ হওয়ার পর সেটি খুলে দিতে নার্সকে বললে দূর্ব্যবহার করে রোগীর সঙ্গে থাকা রুবি বেগমের সঙ্গে। আজ সকালে ওষুধ না দিয়ে তারা মানববন্ধনে চলে যায়। বলে পরে ওষুধ দেব। দেশ ব্যাপী হরতাল আর অবরোধের নামে নৈরাজ্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় আজ বুধবার দুপুরে চিকিৎসক ও মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা জেলা সদর হাসপাতালের সামনে মানববন্ধন করে। তাতে যোগ দেয়ার প্রস্তুতি চলছিলো সকাল থেকেই। মানববন্ধন শেষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা শাখার সভাপতি ডা.এফ জামান এর সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়। এটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ডা.আবু সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী সংগঠনের নেতা আবুল বাসেদ, মেডিকেল টেকনোলজিষ্ট নেতা নুরুনবী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা.হাসিনা বেগম।
মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া স্বাধীনতা চিকিৎসক পরিষদ,ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিস, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল,ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী এসোসিয়েশন,মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন,নার্সেস এসোসিয়েশনসহ বিভিন্ন বেসরকারী হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। হাসপাতালের একজন নার্স মিনা রানী ঠাকুর বলেন আধ ঘন্টার জন্যে মানববন্ধনে গিয়েছিলাম। এ বিষয়ে কথা বলার জন্যে জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক আকবর আলীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন এবিষয়ে আমি কিছু বলতে পারছিনা। কারন দু-দিন ধরে আমি ছুটিতে আছি। এরআগে স্বাধীনতা চিকিৎসক পরিষদের ব্যানারে একই কারনে মানবন্ধন হয়।











