খালেদা জিয়ার গুলশানের কার্যালয় কি সরাতে পারবে!
নিজস্ব প্রতিবেদক : চলমান অবরোধ হরতালের বিশৃংখলা দেখিয়ে সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয় সরিয়ে দেয়ার কৌশল চুড়ান্ত করেছে সরকার। এ ক্ষেত্রে সরকার গুলশান এলাকায় অবস্থিত বিদেশী দূতাবাসগুলোর জনমত তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে।
সূত্র মতে, বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রথম উদ্যোগ হিসেবে হাতে নেয় ক্যান্টমেন্ট এলাকা থেকে খালেদা জিয়ার বাসভবন উৎখাত করা। সেটির সফলতার পরের উদ্যোগ হিসেবে সরকার গুলশান এলাকা থেকে খালেদা জিয়ার কার্যালয় সরিয়ে নেয়ার কৌশল হাতে নেয়। ২০১১ সালে প্রথম বিষয়টি উত্থাপন করেন আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা। এরপরই থেকেই বিভিন্ন আন্দোলন , সভা-সমাবেশ হলেই বিষয়টি বিভিন্নভাবে উত্থাপনের চেষ্টা করে আসছে সরকার।
২০১৩ সালে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির আন্দোলন কর্মসূচির সময়ও কয়েকটি দেশের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টি বলা হয়েছিলো। সেটিকেই আমলে নিয়ে এরপর থেকেই দূতাবাসগুলোকে এ ব্যাপারে ইন্ধন দেওয়া শুরু করে সরকার পক্ষ। বিশেষ করে গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ও কার্যালয় ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিলো সে সময়ই গুলশানসহ কূটনৈতিক জোন থেকে রাজনৈতিক কার্যলয় সরানোর বিষয়ে মতামত তৈরির উদ্যোগ নেয় সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, চলমান হরতাল অবরোধে কানাডার হাইকমিশনের সামনে ককটেল বিস্ফোরনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় স্ব উদ্যোগে দূতাবাসগুলোর মতামত নিতে শুরু করে। এতে পররাষ্ট্রমন্ত্রণালয়ও উদ্যোগী হয়। ইতিমধ্যে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশরসহ অন্তত ১০টি বিদেশী মিশন থেকে এ ব্যাপারে মতামত নিয়েছে সরকার। পর্যায়ক্রমে এ ব্যাপারে সবার অভিমত নেবে এবং এটাকে কাজে লাগিয়ে সরকার খালেদা জিয়ার গুলশানের কার্যালয় সরিয়ে নেবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের রাজনৈতিক কার্যালয়টি ব্যবহার করছেন ২০০৮ সাল থেকে। বিশালাকার এই বাড়িটির বর্তমান মালিক সাবেক এমপি এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমনের বলে জানা গেছে।
এ সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল বলেন, দূতাবাসগুলোর পক্ষ থেকে অনেক দিন ধরেই বলা হচ্ছে, কূটনৈতিক এলাকা থেকে রাজনৈতিক দলের কার্যালয় সরিয়ে নিতে। এ ব্যাপারে সরকারের কোনো ভূমিকা নেই। সরকারও তো বিদেশী মিশনগুলোকে নিরাপত্তা দিতে বাধ্য। খালেদা জিয়ার কার্যালয় সরিয়ে নেওয়া হবে কিনা এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি অনুযায়ীই কাজ হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, বেগম জিয়ার কার্যালয় সরাতে সরকার কূটনৈতিক সমর্থন আদায়ে আদাজল খেয়ে নেমেছে। দেশের ভেতর থেকেও তারা এ বিষয়ে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে। এই সরকার বিএনপিকে ভয় পায়। এইজন্য এসব দমনপীড়ন চালাচ্ছে। তিনি বলেন, দূতাবাসকে নিরাপত্তা দিতে বাধ্য সরকার। তাই বলে বিএনপির মতো সবচেয়ে বড় একটি দলের প্রধানের রাজনৈতিক কার্যলয় সরিয়ে নয়। এটা সরকার পারবেনা।











