বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সাথে সংলাপ না করার সিদ্ধান্ত

ashraf_bg_789735080দেশে চলমান অচলাবস্থার মধ্যেও বিএনপির সাথে কোনো ধরনের সংলাপ না করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একইসঙ্গে বিএনপিকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএসের সঙ্গে তুলনা করে নাশকতায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার রাতে দলটির কার্যনির্বাহী সংসদের সভায় এ ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকালের এ বৈঠকের কয়েকঘণ্টা আগে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘সন্ত্রাস বনাম রাজনীতি’ বিষয়ক এক সেমিনারে প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মন্তব্য করেছিলেন, একজন পাগল ছাড়া কি কেউ বলতে পারেন যে খালেদার সঙ্গে সংলাপে বসতে। যারা পাগল তারাই সংলাপে বসতে বলছেন।

বিএনপি-জামায়াতের টানা অবরোধ কর্মসূচির ৩১ দিন পর এ নিয়ে এই প্রথম আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক হলো। সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মধ্যে কোনো তফাত নেই। আইএস মানুষ পুড়িয়ে মারছে। বিএনপি-জামায়াতও মানুষ পুড়িয়ে মারছে। তিনি সংলাপের বিপক্ষে মত দিয়ে বলেন, ‘অনেকেই টিভি টক শোতে আমাকে সংলাপের কথা বলেন। পুত্রশোক যাকে টলাতে পারল না, আমি তাকে সহানুভূতি জানাতে দেখতে গেলাম, আমাকে ঢুকতে দেওয়া হলো না। তিনি বলেন, ‘বিএনপির কার্যালয়ে একজন ভদ্রলোকও কি ছিলেন না, যে আমাকে ভেতরে নিয়ে তাঁদের কাছেই শোক জানাতে দিতে পারতেন?’

বৈঠক শেষে সৈয়দ আশরাফ সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘যারা আগুনে পুড়িয়ে মানুষ মারে, তাদের সঙ্গে সরকার কীভাবে আলোচনা করবে। আমরা বলছি, এসব ঘটনায় যারা জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের ছাড় দেওয়া হবে না। দল এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি বলেন, খালেদা জিয়ার এজেন্ডা তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচন নয়। দেশকে অকার্যকর রাষ্ট্র করা। এটা করতে দেওয়া হবে না।

সৈয়দ আশরাফ বলেন, ‘জর্ডানের পাইলটকে পুড়িয়ে মারা হয়েছে। আমাদের দেশেও এ ধরনের ঘটনা প্রতিদিনই ঘটছে। এটা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। তাই বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার কঠোরভাবে নাশকতাকারীদের দমন করবে। যেভাবেই হোক এদের সর্বশক্তি দিয়ে মোকাবিলা করা হবে।’ তিনি বলেন, এই পরিস্থিতি মোকাবিলা করতে না পারলে দেশের অবস্থা আরও ভয়াবহ হবে। বর্তমান পরিস্থিতিতে এখানে আইএস জঙ্গি আসতে পারে।

এর আগে উদ্বোধনী বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণের জীবন রক্ষায়, জনগণের নিরাপত্তায়, দেশের কল্যাণের জন্য যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নেওয়া হবে। প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াত জোটকে এসএসসি পরীক্ষার মধ্যে আর হরতাল-অবরোধ না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ১৫ লাখ পরীক্ষার্থীর জীবন নষ্ট করবেন না। তাদের আতঙ্কগ্রস্ত করবেন না। তিনি বলেন, মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সোচ্চার হতে হবে। একাত্তরের পরাজিত শক্তি জামায়াতে ইসলামীকে নিয়ে দেশকে ধ্বংসের খেলায় লিপ্ত হয়েছেন বিএনপির নেত্রী।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, বৈঠকে সাংগঠনিক বিষয়ে আলোচনায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক হিসেবে জাহাঙ্গীর আলমের নাম ঘোষণা করেন শেখ হাসিনা। ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন আগামী মার্চের মধ্যে বিভাগের সব জেলা সম্মেলন শেষ হবে বলে জানান। শেখ হাসিনা এপ্রিলের মধ্যে সারা দেশের জেলা সম্মেলন শেষ করার নির্দেশ দেন।

উদ্বেগে নেতা-মন্ত্রীরা: এদিকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গত কয়েক দিনে এ প্রতিবেদকের সঙ্গে আওয়ামী লীগের অন্তত ১০ জন নেতা ও মন্ত্রীর কথা হয়। তাঁরা জানান, প্রশাসনিক কঠোর পদক্ষেপ নেওয়া সত্ত্বেও সহিংসতা ও মানুষের প্রাণহানি অব্যাহত থাকায় তাঁদের মধ্যে অস্বস্তি ও উদ্বেগ আছে। দীর্ঘদিন দেশ এ রকম অস্বাভাবিক পরিস্থিতিতে থাকতে পারে না। এ সংকট নিরসনে সরকারের কর্মকৌশলের বিষয়ে মন্ত্রী ও দলীয় নেতাদের বেশির ভাগই অনেকটা অন্ধকারে। সবকিছু প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিচ্ছেন।

সূত্র: প্রথম আলো ও বাংলানিউজ