নির্বাচনের ঘোষণা না দেয়া পর্যন্ত আন্দোলন!
সমঝোতার জন্য সংলাপ ডাকতে সরকারকে নতুন করে আর কোনও আহ্বান জানানোর পরিকল্পনা নেই বিএনপির। আন্দোলনের তীব্রতায় সরকার যদি সংলাপ ডাকে, সেক্ষেত্রেও চলমান আন্দোলন স্থগিত করবে না দলটি। কেবল মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দেওয়ার পরই আন্দোলন ‘সাময়িক’ স্থগিত করতে পারে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এরপরই নির্বাচনকালীন সরকারব্যবস্থার সংযোজন-বিয়োজন বিষয়ে সরকারের সঙ্গে সংলাপে বসবে তারা। বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্রে মিলেছে এ তথ্য।
সূত্রমতে, ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া চলমান আন্দোলনের ফসল বিএনপির ঘরে না ওঠা পর্যন্ত আন্দোলন বিরামহীনভাবে চালিয়ে যেতে এখনও অনড় খালেদা জিয়া। তিনি গ্রেপ্তার হলেও যাতে আন্দোলন চলমান থাকে, সে বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় কর্ম-নির্দেশনা সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছেন তিনি। খালেদা জিয়া তার মুখ থেকে আন্দোলন স্থগিত ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে জেলাসহ তৃণমূলের নেতাদের নির্দেশ দিয়েছেন। সরকারের সঙ্গে গোপনে যোগাযোগ রক্ষাকারী দলের কোনও নেতা যাতে আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সে বিবেচনা থেকেই তিনি আগাম এ নির্দেশ দিয়েছেন।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা সূত্র দাবি করেছে, সরকার মুখে পরিস্থিতি স্বাভাবিক করার ঘোষণা দিলেও বাস্তবে তারা পরিস্থিতির ভয়াবহতায় উদ্বিগ্ন। পরিস্থিতি যে দিন-দিন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, বিলম্বে হলেও সেই উপলব্ধি করতে শুরু করেছেন তারা। এজন্য সরকারের প্রভাবশালী মন্ত্রী-নেতাদের কেউ-কেউ এখন অপ্রকাশ্যে সংলাপ-সমঝোতার জন্য বিএনপির কোনও কোনও নেতার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। কিন্তু বিএনপি এখন সংলাপের আগে সরকারের কাছে মধ্যবর্তী নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা চায়। মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দিলেই কেবল সংলাপে বসবে বিএনপি। তবে বিএনপির আলোচনায় বিএনপির দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি স্থগিত হওয়ার কোনও সুযোগ নেই।
বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, সরকারের প্রভাবশালী এক মন্ত্রী (বরিশাল অঞ্চলের নেতা) গত সোমবার সংলাপ-সমঝোতা বিষয়ে বিএনপির প্রভাবশালী এক নেতার (নোয়াখালী অঞ্চলের) সঙ্গে চলমান পরিস্থিতি উত্তরণ বিষয়ে ফোনালাপ করেন। সেখানে প্রয়োজনে সংলাপের বিষয়ে সরকারপক্ষ থেকে শর্তসাপেক্ষে আন্তরিকতা দেখানোর ইচ্ছা জানানো হয়। একইসঙ্গে সংলাপে বসার আগে চলমান আন্দোলন স্থগিত করার জন্য বিএনপি চেয়ারপারসনকে বোঝানোর বিষয়ে তাকে দায়িত্ব নিতে অনুরোধ করা হয়। কিন্তু বিএনপির ওই নেতা দায়িত্ব নিতে অপরাগতা প্রকাশ করেন। তিনি সরকারের মন্ত্রীকে জানান, ‘বর্তমান প্রেক্ষাপটে খালেদা জিয়া ক্ষুব্ধ। সরকারপক্ষের কোনও বার্তা নিয়ে তার কাছে কেউ গেলে তিনি তাকেই সন্দেহ করবেন। মধ্যবর্তী নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা সরকার দিলে তারপরই আন্দোলন স্থগিত করে সংলাপে বসতে পারে বিএনপি।’ সূত্রটি আরও জানিয়েছে, বিএনপি নেতার সঙ্গে প্রভাবশালী মন্ত্রীর যোগোযোগ করার ক্ষেত্রে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা ছিল। ওই মন্ত্রী ছাড়াও আরও একজন প্রভাবশালী নেতা বিএনপির সঙ্গে সংলাপ ইস্যুতে অপ্রকাশ্যের যোগাযোগের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
সরকার কী পদক্ষেপ নিলে বিএনপি চলমান আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিতে পারে, এমন প্রশ্নের জবাবে মঙ্গলবার রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বলেন, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারব্যবস্থা পুনর্বহাল করে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দিয়ে সরকার পদত্যাগ করলেই আন্দোলন করার প্রয়োজন হবে না বিএনপির।











