সমস্যার জালে ঢাবি ডাকসু নির্বাচন নেই ২৪ বছর
ডেস্ক রির্পোট : প্রতিষ্ঠার পর থেকে দেশ গঠনে অসামান্য অবদান রেখে চলা প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। দীর্ঘ ২৪ বছর ধরে অকার্যকর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। উচ্চশিক্ষায় গবেষণার হার হ্র্রাস পাচ্ছে। রয়েছে শিক্ষার্থীদের আবাসিক সংকট। ঘটছে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছিনতাই-চাঁদাবাজি। আবাসিক হলগুলোতে চুরির ঘটনা নিত্যনৈমিত্তিক। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দেশসেরা এ বিশ্ববিদ্যালয়। আর এই আন্দোলনের নেতৃত্ব গড়ে উঠেছে ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র ডাকসু থেকে। কিন্তু দীর্ঘ দুই যুগ ধরে হয় না দেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত ডাকসুর নির্বাচন। স্বৈরশাসনামল পর্যন্ত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও ’৯০-এর পরে গণতান্ত্রিক সরকারের শাসনামলের দীর্ঘ ২৪ বছরে হয়নি নির্বাচন। ক্ষমতাসীন দলের কর্তৃত্ব হারানোর ভয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরকারের প্রতি মেরুদণ্ডহীন আনুগত্যের কারণে শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পরেও সচল হচ্ছে না ডাকসু। ফলে স্থবিরতা বিরাজ করছে ছাত্র রাজনীতিতে। শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে তাদের ন্যায্য অধিকার থেকে। দীর্ঘদিন ধরে ডাকসু না থাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর স্বাভাবিক কার্যক্রম নেই। ক্ষমতাসীন ছাত্র সংগঠন ক্যাম্পাস ও হলে আধিপত্য বিস্তার করছে। শিক্ষার্থীদের বাধ্য হয়ে অপরাজনীতি করতে হচ্ছে। ফলে গড়ে উঠছে না ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্ব। এছাড়া মেধাবীরা ছাত্র রাজনীতি বিমুখ হচ্ছেন।
আগ্রহ নেই গবেষণায় : উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা প্রাথমিক বিষয় হলেও নানা কারণে গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারছে না ঢাবি। শিক্ষকদের পদোন্নতির জন্য গবেষণাকে মানদণ্ড হিসেবে গণ্য করা হয়। কিন্তু বাজেট স্বল্পতা, পদোন্নতিতে গবেষণার পরিবর্তে রাজনৈতিক বিবেচনাকে অগ্রাধিকার দেওয়াসহ নানা কারণে প্রকাশনা ও গবেষণার দিক থেকে অবস্থান উজ্জ্বল ও আকর্ষণীয় করতে পারছে না এই বিশ্ববিদ্যালয়।চুরি-ছিনতাই অবাধেই : ক্যাম্পাসে ছিনতাই, চাঁদাবাজি, চুরির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। যে ক্যাম্পাসে একসময় রাত ৮টার পরে কোনো গাড়ি প্রবেশে কড়াকড়ি আরোপ ছিল সেই ক্যাম্পাসেই এখন দিনরাত চলছে গণপরিবহন। ফলে অরক্ষিত এই উচ্চ বিদ্যাপীঠ।আবাসন সংকট : বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট প্রকট। এতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি শিক্ষার্থী বসবাস করছে হলগুলোতে। যে কারণে অনেক শিক্ষার্থীকে বারান্দা, করিডোর ও গণরুমে থাকতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মধ্যে সলিমুল্লাহ মুসলিম হলের অবস্থা সবচেয়ে শোচনীয়। এই হলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের খোলা বারান্দায় তীব্র শীত আর বর্ষার বৃষ্টি উপেক্ষা করে অবস্থান করতে হয়। শিক্ষক রাজনীতি : বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে এখন বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল অনেকটা কোণঠাসা। আওয়ামী-বাম সমর্থিত নীল দল বিভিন্ন নির্বাচনে অর্জন করেছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। সাদা দলের গ্রুপিংয়ের কারণে বিভিন্ন নির্বাচনে তাদের শোচনীয়ভাবে পরাজয় বরণ করতে হয়েছে বলে মনে করেন শিক্ষক সমিতির নেতারা। সম্প্রতি অনুষ্ঠিত শিক্ষক সমিতির নির্বাচনে ১৫টি পদের সব কটিতেই বিজয়ী হয় নীল দল। এর আগে ডিন নির্বাচনে ১০টি পদের ৮টিতে বিজয়ী হয় নীল দল।সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সমস্যা থাকতে পারে। তবে আমরা সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। নতুন নতুন হল তৈরির মাধ্যমে আবাসন সংকট নিরসনের কাজ চলছে। তবে খুব দ্রুত আবাসন সংকট নিরসন করা সম্ভব নয়।











