শুরুর অপেক্ষায় বঙ্গবন্ধু গোল্ডকাপ
১৯৯৬ সালে প্রথম, দ্বিতীয়টি ১৯৯৯ সালে। এরপর পার হয়ে গেছে প্রায় ১৫ বছর। নানা জটিলতায় হয়নি বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। তবে দেরিতে হলেও বেশ জাঁকজমকপূর্ণ পরিবেশে বৃহস্পতিবার বিকেলে মাঠে গড়ানোর অপেক্ষায় এই আন্তর্জাতিক ফুটবল আসর।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবলের এই মহোৎসব। উদ্ধোধন করবেন টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
দুই গ্রুপে তিনটি করে মোট ছয়টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে আছে মালয়েশিয়া ও শ্রীলংকা। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে বাহরাইন, থাইল্যান্ড ও সিঙ্গাপুর। সিলেট স্টেডিয়ামে গ্রুপ পর্বের তিনটি ও একটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি তিন গ্রুপ ম্যাচ, একটি সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আগামী ৮ ফেব্রুয়ারী ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন এবং ফক্স টিভি। অংশগ্রহনকারী প্রতিটি দেশেই দেখা যাবে ম্যাচগুলো।
টুর্নামেন্টের ম্যাচগুলো আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি দেবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ম্যাচগুলো ফিফার প্রথম শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে।
আন্তর্জাতিক এই আসরে ট্রফিতেও থাকছে বেশ বৈচিত্র্য। ট্রফির উচ্চতা হবে ২২ ইঞ্চি। ট্রফিতে থাকবে প্রায় ২০ ভরি র্স্বণ। রানার্সআপ ট্রফি হবে ২০ ইঞ্চি এবং ট্রফিটি হবে রূপালী রংয়ের।
টুর্নামেন্টের উদ্বোধন আর সমাপনীতে আনুষ্ঠানকিতা রাখারও পরকিল্পনা রয়েছে বাফুফের। সিলেটে উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩০ মিনিটের। ৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চ্যাম্পিয়ন দলের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রফি তুলে দেয়ার পরই শুরু হবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। যার অন্যতম আর্কষণ হবে আতশবাজি। সমাপনী ম্যাচের বিরতির সময় মাঠে চারদিকে ঘুরে গান গাইবেন দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পীরা।











