ব্রাহ্মণবাড়িয়া বড় মাদ্রাসার দস্তারবন্দী মহাসম্মেলন
ব্যাপক প্রস্তুতি,দেশ-বিদেশের ৬০ জনের বেশী বরেণ্য আলেম যোগ দেবেন, সমাগম হবে দু থেকে আড়াই লাখ ধর্মপ্রান মানুষের
আমিরজাদা চৌধুরী: ষাট জনেরও বেশী দেশ-বিদেশের বরেণ্য আলেম-উলামার সম্মিলন ঘটতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। তাদের মধ্যে ২১ জন আসছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে। জেলার বড় মাদ্রাসা জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার শত বৎসর পূর্তিতে আয়োজিত দস্তারবন্দী মহাসম্মেলনে যোগ দেবেন তারা। ৫,৬ ও ৭ ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য এই সম্মেলনে ঐ মাদ্রাসার প্রায় দশ হাজার সাবেক ও বর্তমান শিক্ষার্থীকে পাগড়ী প্রদান করা হবে। বরেণ্য আলেম-উলামার বয়ান শুনতে দেশ-বিদেশের দুই থেকে আড়াই লাখ ধর্মপ্রান মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।
এদিকে এই মহাসম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করছে আয়োজক কমিটি। জেলা ঈদগাহ মাঠে গত এক সপ্তাহ ধরে চলছে প্যান্ডেল বানানোর কাজ। শহরের বিভিন্নস্থানে নির্মান করা হয়েছে বেশ কয়েকটি তোরণ। প্রায় একশো মাইক লাগানো হবে সম্মেলনস্থল ও আশপাশে। প্রচার প্রচারানায় ইতিমধ্যে ৩ লাখ পোষ্টার ও লিফলেট সাটানো হয়েছে দেশের বিভিন্নস্থানে। স্বেচ্ছায় চলছে এই প্রচার-প্রচারনা। মহাসম্মেলন আয়োজনে এক কোটি টাকারও বেশী খরচ হবে বলে জানান আয়োজকরা। এদিকে মহিলাদের জন্যে বিভিন্ন বাসাবাড়ির ছাদে ব্যাক্তিগত উদ্যোগে অনেকে প্যান্ডেল নির্মান করছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বড় মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় ১৯১৪ সালে। মাদ্রাসার শিক্ষক সুত্রে জানা যায়-মাওলানা ইউনুছ(র:) স্বপ্নে আদিষ্ট হয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। যার বয়স এখন ১০২ বছর। দেশ-বিদেশের প্রাচীন মাদ্রাসাগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার এই মাদ্রাসাটি তৃতীয় যার শতবার্ষিকী পালন হচ্ছে। আর দেশের মাদ্রাসার হিসেব করলে এই ক্রমিক হবে দ্বিতীয়। এরআগে শততম বার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা। আর বিশ্বের হিসেব করলে ভারতের দারুল উলুম দেওবন্দ প্রথম তাদের শত বার্ষিকী পালন করে। তবে ব্রাহ্মণবাড়িয়ার বড় মাদ্রাসার শতবার্ষিকীতে হাটহাজারীর চেয়েও বিদেশী মেহমানের সংখ্যা বেশী হবে বলে জানা গেছে। বিদেশী আলেম-উলামাদের মধ্যে যারা যোগ দেবেন তারা হচ্ছেন ভারতের দারুল উলুম দেওবন্দের সাইয়্যিদ আরশাদ মাদানী,মক্কা মোকাররমার আবদুল হাফিজ মক্কী,পাকিস্তানের সাইয়্যিদ আব্দুল মাজীদ নাদীম,মাসিক দারুল উলুম দেওবন্দের সম্পাদক হাবিবুর রহমান আজমী,ভারতের মাজাহেরুল উলুম সাহারানপুর এর নায়েবে মুহতামিম শাহেদ মাজাহেরী, লন্ডনের মুফতী বেলাল বাওয়া,আমেরিকার মুফতী রুহুল আমিন,ভারতের দারুল উলুম দেওবন্দের আবুল কাশেম নুমানী,মদীনা মোনাওয়ারের আওলাদে ছাহাবা(র:) আব্দুল্লাহ আহমদ মুহাম্মদ,দেওবন্দের সাইয়্যিদ আসজাদ মাদানী,ভারতের মুফতিয়ে আযম শাহী মুরাদাবাদের মুফতী সাইয়্যিদ সালমান,ভারতের দারুল উলুম দেওবন্দের ক্বারী আবদুর রউফ,লন্ডনের মুফতী সাইফুল ইসলাম,সৌদি আরব দাম্মামের সাইদ আল গামেদী, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস হাফেজ ক্বারী উসমান,ভারতের একই মাদ্রাসার মুহাদ্দিস রিয়াসত আলী বিজনূরী ও সাইয়্যিদ মাহমুদ মাদানী,আমেরিকার ইসলামী শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান মুফতী নাওয়ারুর রহমান,আমেরিকার মুহিববুর রহমান,লন্ডনের মুফতী আবদুল হান্নান,আগরতলার আবদুর রহমান। এছাড়া দেশের শীর্ষস্থানীয় ৪২ জন আলেম-উলামা যোগ দেবেন এই মহাসম্মেলনে। ৩ দিনের এই মহাসম্মেলন সভাপতির প্যানেলে রয়েছেন চট্টগ্রাম হাটহাজারী আরবী বিল্ববিদ্যালয়ের শাহ আহম্মদ শফি,হবিগঞ্জ ইমামবাড়ির শায়খ আবদুল মুমিন,ঢাকার বসুন্ধরা ইসলামিক সেন্টারের মুফতী আবদুর রহমান,ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া ছদরে মুহতামিম আশেকে ইলাহী ইব্রাহিমী।
আয়োজক কমিটির অন্যতম দুই সদস্য মুফতী আবদুর রহমান কাসেমী ও মাওলানা আবদুল হক জানান, শতবার্ষিকীর এই মহাসম্মেলনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পুরোটাই এক মেহমানখানা হয়ে উঠবে। হোটেল রেস্তরা,মসজিদ-মাদ্রাসায় থাকবে দূরদূরান্ত থেকে আসা মেহমানরা। সরকারী বিভিন্ন অতিথিশালা ও আবাসিক হোটেলে থাকবেন বিশে^র বিভিন্ন দেশ থেকে আসা মেহমানরা। সব মিলিয়ে দু-আড়াইলাখ লোকের সমাগম ঘটবে বলে ধারনা করছেন তারা। সম্মেলন সফল করতে জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে তাদের দফায় দফায় বৈঠক হচ্ছে বলেও জানান । প্রশাসন থেকে সর্বাত্বক সহায়তার আশ্শাসও দেয়া হয়েছে তাদের। মহাসম্মেলন সফল করতে সারা দেশে ব্যাপক প্রচার-প্রচারনা চলছে বলে জানিয়েছেন তারা। ব্রাহ্মণবাড়িয়ার এই বড় মাদ্রাসাটি এদারায়ে তালিমীয়া শিক্ষাবোর্ড। এর অধীনে রয়েছে দেড় শতাধিক মাদ্রাসা। শতবছরে এই মাদ্রাসা থেকে যারা মাওলানা,মুফতী,হাফেজ ও ইসলামী সাহিত্যে বিশেষ কোর্স করেছেন এমন প্রায় ১০ হাজার জনকে পাগড়ী প্রদান করা হবে দস্তারবন্দী এই মহাসম্মেলনে । তাদের প্রত্যেকে এক হাজার টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করছেন। দেশের প্রাচীন এই মাদ্রাসায় শিক্ষকতা করেছেন দেশের বরেন্য আলেম শামসুল হক ফরিদপুরী,মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হজুর,আবদুল ওয়াহাব পিরজী হজুর,ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম,হযরত মাওলানা সিরাজুল ইসলাম,মুফতী নূরুল্লাহ প্রমুখ। অন্যতম ছাত্রদের কয়েকজন আজিজুল হক,হেদায়েত উল্লাহ চাদপুরী,ফজলুল হক আমিনী,আবদুল হক গাজিনগরী।











