বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাগাতার অবরোধে চাল ডালসহ নিত্যপণ্যের দাম বাড়ছে

image_1053_147001ডেস্ক রির্পোট : বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধে পণ্য সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় চাল, ডাল, মাংসসহ দাম বেড়েছে প্রায় সব ধরনের নিত্যপণ্যের। দুর্ভোগে পড়েছে সাধারাণ মানুষ। অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। বিশ্লেষকরা বলছেন এই অবস্থা চলতে থাকলে নিত্যপণ্যের দাম আরও বাড়বে। 
রাজনৈতিক সহিংসতায় গত কয়েক দিনে প্রায় সব ধরনের চালের দাম কেজিতে দুই টাকা পর্যন্ত বেড়েছে। অবরোধের কারণে কৃষক পর্যায় থেকে চালকলে ধান আনা এবং চালকল থেকে পাইকারী বাজারে চাল পৌঁছানোর ব্যয় বেড়ে যাওয়াকেই দাম বাড়ার মূল কারণ হিসাবে দেখছেন ব্যবসায়ীরা।
সরকারি বাণিজ্যিক সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, মূলত গত সোমবার থেকে চালের দাম বাড়ছে রাজধানীতে। গত এক সপ্তাহ ধরে সব ধরনের চালের দাম কেজিতে অন্তত ১ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছে টিসিবি সূত্র। তবে বাজারে সব ধরনের চালই আগের চেয়ে কেজিতে দুই টাকা বেশিতে বিক্রি করতে দেখা গেছে।
গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে ভালোমানের প্রতিকেজি নাজিরশাল, মিনিকেট ৫৫-৫৭ টাকা আর সাধারণ মানের একই চাল ৪৮-৫০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। মাঝারি মানের প্রতিকেজি বিআর-২৮ ধানের চাল ৪০-৪৫টাকা, লতা ও পাইজাম ৩৮-৪৪ টাকা এবং স্বর্ণা, চায়নাসহ মোটা চাল ৩৫-৩৭ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
চালের দামের পাশাপাশি বেড়েছে বিভিন্ন প্রকার ডালের দামও। মুগ, মশুরিসহ বিভিন্ন প্রকার ডাল প্রতি কেজিতে ১০ থেকে ১২টাকা বেশিতে বিক্রি হচ্ছে। 
অন্যদিকে প্রতি কেজি ফার্মের মুরগি ১০ টাকা বেড়ে ১৩৫-১৪০ টাকা বিক্রি হচ্ছে। দেশি মুরগির দর কেজি প্রতি ৩০ টাকা বেড়ে সাড়ে ৩০০ কোটি টাকায় লেনদেন হচ্ছে। খাসির মাংস ৩০ টাকা দাম বেড়ে ৬০০ টাকা। গরুর মাংসের দর বেড়ে ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
হালি প্রতি ডিমের দাম ২ টাকা বেড়ে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশী ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৫ টাকা। এ ছাড়া খোলা তেলের দর প্রতি কেজিতে ২৫ টাকা বেড়ে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া চায়না আদা আগে ১৬০ টাকায় লেনদেন হলেও বর্তমানে ২০০ টাকায় লেনদেন হচ্ছে।
এদিকে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় রাজনৈতিক সহিংসতায় অধিকাংশ নিত্য পণ্যের দাম বেড়েছে। প্রতি পিস বাধাকপি ও ফুলকপির দাম ৫ টাকা বেড়ে ১৮ টাকায় বিক্রি হচ্ছে, প্রতিটি লাউয়ের দাম ৭ টাকা থেকে বেড়ে ২০ টাকা, প্রতি কেজি কাঁচা মরিচ ৫ টাকা বেড়ে ৪০ টাকা, আলুর দাম ২ টাকা বেড়ে ১৪, প্রতি কেজি টমেটোর দাম ৫ টাকা বেড়ে ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। শসা ৩ টাকা বেড়ে ২০ টাকা, লেবুর দাম দ্বিগুণ হয়ে ২০ টাকা, করলা ৬ টাকা বেড়ে ৪০ টাকা, গাজর ২০ টাকা, ঢেড়স ১০ টাকা বেড়ে ৬০ টাকা, সিম ৩০ টাকা, বেগুন প্রতি কেজিতে ৪ টাকা বেড়ে ৩৫ টাকা, মুলার দাম কেজিতে ২ টাকা বেড়ে ১৫ টাকা, সিমে কেজিতে ৪ টাকা বেড়ে ৩০ টাকা, শালগম ২০ টাকা, মটর শুঁটি কেজিতে ২৫ টাকা বেড়ে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
একাধিক চাল ব্যবসায়ি জানান, অবরোধে নাশকতার আশঙ্কায় অনেক মালিক ট্রাক চালানো বন্ধ রেখেছেন। অনেকে রাজি হলেও সেজন্য গুণতে হচ্ছে মোটা অংকের টাকা। কৃষক পর্যায় থেকে ধানের সরবরাহও কমে গেছে। সব মিলিয়ে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার প্রভাব পড়ছে চালের দামে। এছাড়া মৌসুম শেষ হওয়ায়ও ধানের দাম কিছুটা বেড়েছে। 
ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীতে প্রতিদিন দেড় হাজার টনের বেশি চালের চাহিদা রয়েছে, যার সিংহভাগই আসে নওগাঁ, নাটোর, দিনাজপুর, রংপুর, কুষ্টিয়া ও জয়পুরহাট থেকে। অবরোধ শুরুর আগে প্রতিদিন প্রায় এক হাজার ট্রাকে চাল আসত রাজধানীতে। অবরোধের কারণে তা অনেক কমে এসেছে। আগে এক ট্রাক চাল দিনাজপুর থেকে ঢাকায় আনতে খরচ পড়ত ১৮ হাজার টাকা। এখন তা আনতে লাগছে ৩০-৩৫ হাজার টাকা। 
আবরোধে ধান থেকে চাল তৈরিও ব্যাহত হচ্ছে বলে বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম খোরশেদ আলম খান জানিয়েছেন। তিনি বলেন, একদিকে অবরোধ ও মৌসুম শেষ হওয়ার কারণে ধানের সরবরাহ কমেছে, বেড়েছে দামও। আর নিরাপত্তাহীনতায় বেড়েছে পরিবহন খরচ। সব মিলিয়ে উৎপাদন খরচ বেশি হওয়ায় চালের দামও কিছুটা বাড়ছে। আগে যেখানে এক ট্রাক ধান ১৫ হাজার টাকার মধ্যে মিলে আনা যেত, এখন সেখানে ২০-২৫ হাজার টাকা লাগছে। তবে মূলত সরবরাহ কমে যাওয়া এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়ে চালের দাম বেড়েছে মনে করছেন বাংলাদেশ চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক লায়েক আলী।