বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদাকে গ্রেফতারে জনমত গঠন করছে আওয়ামী লীগ

1422028562ডেস্ক রির্পোট : খালেদা জিয়াকে গ্রেফতারে একটু সময় নিয়ে জনমত গঠন করছে সরকার। প্রতিদিনই বিভিন্ন সভা-সমাবেশ, সংসদের ভেতরে ও বাইরে এ দাবি জোরাল করার চেষ্টা করছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ঐকমত্যের সরকার। নাশকতা অনেকটা কমে আসায় সরকার এ বিষয়ে আরেকটু সময় নিচ্ছে। দেশ-বিদেশে গ্রেফতারের পক্ষে দাবি জোরালো হলেই তাকে গ্রেফতার করা হবে। এর মধ্যে সহিংস আন্দোলন থেকে বেরিয়ে এলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গ্রেফতার নাও হতে পারেন।
সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানায়, খালেদা জিয়া তার কর্মসূচি অব্যাহত রাখলে অবরোধের সহিংসতা ও পেট্রলবোমায় নিহত হওয়ার ঘটনায় বিএনপি চেয়ারপার্সনকে হুকুমের আসামি করে হত্যা মামলা করার বিষয়েও সরকার চিন্তাভাবনা করছে। এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও একসঙ্গে গ্রেফতার দেখানো হতে পারে। এ বিষয়গুলো নিয়ে সরকারের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছে সরকারের একাধিক সূত্র। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘খালেদা জিয়াকে গ্রেফতারে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে। আমাদের যে ব্যবস্থা আছে সে অনুযায়ী আমরা পর্যবেক্ষণ করছি।’
সরকারি সূত্রের তথ্যানুযায়ী, আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতে আসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। এর আগে খালেদা জিয়াকে গ্রেফতার করার মতো বড় সিদ্ধান্ত নিতে চায় না সরকারের হাই কমান্ড। কারণ মোদির সঙ্গে বারাক ওবামার দ্বিপক্ষীয় বৈঠকের এজেন্ডায় বাংলাদেশ বিষয়টিও রয়েছে। এজন্য সাংবিধানিক নির্বাচনের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক দেখানোর চেষ্টাই সরকার বেশি করবে। এ সময় খালেদা জিয়াকে গ্রেফতারের সিদ্ধান্ত নিলে পরিস্থিতি হিতে-বিপরীত হতে পারে। তবে ওবামার ভারত ত্যাগের পর এবং আগামী ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষাকে সামনে রেখে অবরোধ ও নাশকতার মতো কর্মসূচি থেকে বিএনপি বেরিয়ে না এলে সরকার খালেদা জিয়াকে গ্রেফতারের মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।
আওয়ামী লীগ নেতারা বলেন, খালেদা জিয়াকে গ্রেফতারের আগে দেশ-বিদেশে বিএনপির নাশকতার বিরুদ্ধে জনমত গঠন করার কাজ চলছে। এজন্য সংসদে আওয়ামী লীগ, স্বতন্ত্র এমপি ও জাতীয় পার্টির এমপিরা এবং সংসদের বাইরে ১৪ দলের নেতারা বিভিন্ন সভা-সমাবেশে খালেদা জিয়ার গ্রেফতার দাবি করছেন। এর ফলে দেশের মানুষও নাশকতার বিরুদ্ধে তাদের অবস্থান নেয়া শুরু করেছে। রাজশাহীসহ কয়েক জেলায় সাধারণ মানুষ নাশকতাকারীদের ধাওয়া দিয়েছে। এগুলো আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের ফসল। আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা বলেন, ১৯৪৯ সাল থেকে এ ভূখণ্ডের মানুষকে নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে আসছে। দেশের মানুষকে কীভাবে উজ্জীবিত করতে হয় আওয়ামী লীগ ভালোভাবে জানে। নিরস্ত্র বাঙালি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে অস্ত্রের মুখেও প্রতিবাদ গড়ে তুলেছিল। কারণ আওয়ামী লীগ জনগণের কল্যাণে রাজনীতি করে। জনগণের মনের কথা ধারণ করতে পারে। এবারের বিজয় আওয়ামী লীগের রাজনৈতিক বিজয় হবে বলে মন্তব্য করেন এ নেতা।
গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও সরকারের মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করে তৃণমূলে বিএনপির নাশকতার বিরুদ্ধে জনমত গঠনে কাজ করেছেন। এর পাশাপাশি ১৪ দলের নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে প্রধানমন্ত্রী ঘোষিত সন্ত্রাস প্রতিরোধ কমিটিও গঠন করছেন নিজ নিজ এলাকায়। আজ শনিবারও নিজস্ব নির্বাচনী এলাকায় থাকার কথা তাদের। 
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল নিজ এলাকা শেরপুরে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, দিনাজপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা নিজ নিজ এলাকায় অবস্থান করেছেন। আজ শনিবার সাপ্তাহিক ছুটি শেষে সংসদ অধিবেশন শুরু হলে তারা আবার ঢাকায় ফিরবেন। 
নেতারা পাশাপাশি সারাদেশে জনমত সৃষ্টিও করছেন। জনগণকে বোঝানো হচ্ছে খালেদা জিয়াকে গ্রেফতার করলেই নাশকতা কমে আসবে। এর অংশ হিসেবেই গতকাল চট্টগ্রামের এক সমাবেশে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরী বলেন, অবরোধ-হরতালের নাশকতার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দায়ী। তাকে গ্রেফতারে চট্টগ্রাম থেকেই আন্দোলন শুরু করা হবে। খালেদা জিয়াকে হুকুমের আসামি করে অবিলম্বে গ্রেফতার করা হোক। তা না হলে বাংলাদেশ পুড়ে ছারখার হবে। 
সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, ‘প্রতিটি জেলা-উপজেলা, গ্রামে-গঞ্জে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে এসব নাশকতাকারীকে ধরিয়ে দেয়ার জন্য। দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে বাঁচাতেই এ নির্দেশ।’
আর জেলা সভাপতি জানালেন, আওয়ামী লীগের নেতৃত্বে পাড়া-মহল্লাসহ ওয়ার্ডগুলোতে ১৪ দলীয় জোটের প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান বলেন, ‘পাড়া-মহল্লায় আমাদের যে কমিটিগুলো আছে, সেগুলো দিয়েই প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে; ইতিমধ্যে প্রতিরোধ শুরু হয়ে গেছে।’
অপর একটি সূত্র জানায়, খালেদা জিয়া দুদকের মামলায় এমনিতেই গ্রেফতার হবেন। ওই মামলার প্রেক্ষাপটও খালেদা জিয়ার বিরুদ্ধে। সে মামলায় গ্রেফতার দেখালে সরকার দেশের বাইরে তেমন সমালোচিতও হবে না। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদার বিরুদ্ধে সব প্রমাণাদি সরকারের হাতে রয়েছে। আর চলমান অবরোধ খালেদা জিয়া এক সময় বাধ্য হয়ে এমনিতেই তুলে নেবে। আর জনমত পক্ষে থাকলে দেশের অবস্থা স্থিতিশীল করতে তাকে যে কোনো সময়ই গ্রেফতার করা যাবে। ইতিমধ্যে রাজনীতির মাঠে খালেদা জিয়ার গ্রেফতারের বিষয়টি ছেড়ে দেয়ায় সাধারণ মানুষ অনেক সহজেই বিষয়টিকে নেবে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষ নাশকতার মূল হোতা ও নির্দেশদাতা খালেদা জিয়াকে ইতিমধ্যে বর্জন করেছে। নাশকতার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। তবে আগুনে মানুষ পুড়িয়ে মারার মূল হোতা খালেদা জিয়ার গ্রেফতারের দাবি সারাদেশে জোরালো হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আওয়ামী লীগ ও জনগণের সম্পূর্ণ আস্থা রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে সঠিক সিদ্ধান্তই তিনি নেবেন। দেশের জনগণ মনে করে শেখ হাসিনা এ সংকট মোকাবিলা করতে সক্ষম হবেন।