ওরস ও মেলাকে কেন্দ্র করে সরাইলে জুয়ার মহোৎসব
মাহবুব খান বাবুল : মাজারে প্রশাসনের অনুমোদন বিহীন ওরস ও মেলাকে কেন্দ্র করে সরাইলে চলছে জুয়ার মহোৎসব। সেই সাথে চলে অশ্লিল নিত্য। সুযোগে নামধারী কিছু সমাজপতি কামাই করছেন মোটা অংকের টাকা। যেনতেন ভাবে গড়ে উঠছে পরিচালনা কমিটি। জুয়াড়িদের কাছে বিক্রয় করা হচ্ছে খেলার অনুমতি। উপজেলার চার সড়কে ডাকাতিরোধে ব্যস্ত পুলিশ হচ্ছে হয়রানি। তবে ডিএসবি’র লোক হাজির থাকেন জুয়ার ঘরে। গত মঙ্গলবার রাতে ধর্মতীর্থ জেলে হাটি এলাকায় দূর্গা চরনের অনুমোদন বিহীন বাউল মেলায় রাতভর চলে পুলিশ ও জুয়াড়িদের দৌড়ঝাঁপ। সেখান থেকে পুলিশ দুই ব্যক্তিকে আটকও করে। সরেজমিনে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বছর ওই মেলায় রাতভর চলছিল জুয়া। এ বিষয়ে গনমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল ফলাও করে। এ বছর মেলাকে কেন্দ্র করে উপজেলার সর্বত্রই ছিল মুখরোচক আলোচনা- সমালোচনা। প্রশাসনের কোন অনুমতি ছাড়াই গত মঙ্গলবার দুপুরের পর থেকে শুরু হয় মেলা। হরেক রকম পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পাশে গানের আসর। কমিটি ও জুয়াড়িদের মধ্যে চলে কানা ঘুষনা। বাদ আছর ৭-৮টি ঘর বিছিয়ে শুরু হয় জুয়া। সন্ধ্যায় এ এস আই মিজান মেলায় গিয়ে চড়াও হন জুয়াড়িদের উপর। জুয়া খেলার দায়ে আটক করা হয় মোহন ও বাবুল নামের দুই যুবককে। কয়েকটি জুয়ার ঘর জড়ো করেন। খেলার সুযোগ দেওয়ার জন্য পুলিশের কাছে চলে তদবির। এর পর থেকে থেমে চলে সুযোগ বুঝে সারারাত চলে জুয়া। জরুরী কাজে পুলিশ কোথাও গেলেই ঘা জাড়া দিয়ে শুরু করে জুয়া। এ ভাবে চলে সারারাত। মেলায় কর্তব্যরত এ এস আই মিজানুর রহমান বলেন, সন্ধ্যায় এসে দেখি ধুমছে চলছে জুয়া। ৪-৫টি জুয়ার ঘর জব্দ করেছি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জুয়াড়ি বলেন, মোটা অংকের টাকা অগ্রিম দিয়ে খেলার অনুমতি নিয়েছি। তাই চেষ্টা করছি কোন রকমে টাকাটা উঠানো যায় কিনা। গান শুরুর আগে ২-১জন শিল্পিকে মদ পান করতেও দেখা যায়। গত রোববার থেকে শুরু হয় নোয়াগাঁও সাচ্চার পাড় এলাকায় মোহন পাগলার তিন দিনের ওরস। গত মঙ্গলবার সহ তিন দিনই সেখানে রাতভর চলেছে জুয়া। গত শুক্রবার উৎসব উপলক্ষ্যে পশ্চিম কালিকচ্ছের কালিবাড়িতে বসে মেলা। দুপুর থেকেই পাশের খালি জমিতে জমে উঠে জুয়া। জুয়ার ঘরের পাশেই নিরব দাঁড়িয়ে থাকেন সরাইল থানার ডিএসবি’র সদস্য আবদুর রব। সন্ধ্যার পর পুলিশের উপস্থিতি টের পেয়ে দূরে সরে যায় জুয়াড়িরা। গত ৭ জানূয়ারী বুধবার ছিল মনিরবাগ এলাকায় ফকির নান্নু শাহ’র মাজারে ওরসের শেষদিন। চৌকিদার ধন মিয়ার তত্বাবধানে ও পরিচালনায় দুইদিনের ওই ওরসে গত মঙ্গলবার রাত থেকেই দেদারছে চলে জুয়া। প্রকাশ্যে হেঁসে খেলে জুয়া পরিচালনা করছেন ওই গ্রামের পিয়ারো মিয়ার ছেলে মন মিয়া ও রমজান মিয়ার ছেলে কালু মিয়া। দুইদিনই ফজর পর্যন্ত চলেছে জুয়া। সাথে ৫-৬ জন যুবক নিয়ে পাশে দাঁড়িয়ে পাহাড়া দিয়েছেন চৌকিদার ধন মিয়া। গনমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে দ্রুত একটু দূরে চলে যায় সে। কিছু জিজ্ঞেস করার আগেই বলতে থাকে ভাই আমি খেলা সম্পর্কে কিছুই জানি না। ২ জানুয়ারী শুক্রবার ছিল করাতকান্দি গ্রামে আহমদ শাহ’র মাজারে ওরসের শেষদিন। সেখানে খেলার অনুমতি আগেই জুয়াড়িদের কাছে বিক্রয় করে দিয়েছিলেন রুছমত মিয়া। ওই ওরসেও ডিএসবি’র সদরস্যর সামনেই চলেছে জুয়া। ১-৪ জানুয়ারী শাহবাজপুরে অনুষ্ঠিত বাঘা চান মিয়ার চার দিনের মেলায় দিনে রাতে চলেছে জুয়া। এ ছাড়া নরসিংহপুর গ্রামের বল্লার বাবার ওরসে ছিল জুয়া খেলা। দূর্গাচরন দাস বলেন, কালিপূঁজা উপলক্ষ্যে মেলার আয়োজন করেছি। নির্বাহী কর্মকর্তা বরাবর অনুমতির আবেদন করেছিলাম। অনুমতি পায়নি। প্রশাসন না জানলে পুলিশ আসল কেমন করে। এখানে জুয়া হয়নি। এটা আসলে কিছু সাংবাদিক ও স্থানীয় কতিপয় লোকের ষড়যন্ত্র। আমি বিষয়টা দেখে নিব। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, নিয়ম হচ্ছে লিখিত আবেদন করে মেলা ও ওরসের অনুমতি নেওয়া। দূর্গা চরন আমাদের কাছ থেকে কোন অনুমতি নেননি। এখানে কেউই অনুমতি নেয়ার প্রয়োজন মনে করেন না।











