বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অশুভ শক্তি প্রতিহত করতে সেনাবাহিনী প্রস্তুত :প্রধানমন্ত্রী

1421350510ডেস্ক রির্পোট:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অখণ্ডতা রক্ষায় যেকোন অশুভ শক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করতে আমাদের সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। জনগণকে সেবাদানের মাধ্যমে তাদের আস্থা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সমর্থন ও আস্থা ছাড়া একজন সৈনিক যুদ্ধে বিজয়ী হতে পারে না। রাজনীতিবিদ এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রধান শক্তি হচ্ছে জনগণ। সেনাবাহিনীকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি আধুনিক ও সুসজ্জিত বাহিনী হিসাবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, আওয়ামী লীগ যখনই দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, দেশকে এগিয়ে নিয়েছে। বাংলাদেশ আজ আর পরমুখাপেক্ষী দেশ নয়, বরং উন্নয়নের রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ২০১৪-২০১৫ সালের শীতকালীন মহড়ার এবং রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলায় সোনকান্দি গ্রামে গড়াই নদীর তীরে এ্যাসাল্ট রিভার ক্রসিং অপারেশনের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে ৫৫ পদাতিক ডিভিশনের দরবারে ভাষণ প্রদানকালে প্রধানমন্ত্রী এসব বলেন। শেখ হাসিনা ৫৫ পদাতিক ডিভিশনের মহড়া দেখেন এবং তাদের সামরিক অভিযানের অংশ হিসাবে নদীর অপর পাড়ে শত্রুদের অবস্থানের ওপর হামলা দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি শক্তিশালী সামরিক বাহিনীর প্রয়োজন। এ জন্য বঙ্গবন্ধু স্বাধীনতার পরই সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছিলেন। বঙ্গবন্ধু সেনাবাহিনীর জন্য উপযুক্ত নেতৃত্ব গড়ে তুলতে মিলিটারি একাডেমী প্রতিষ্ঠা করেন। ১৯৭৫ সালের ১১ জানুয়ারি তিনি প্রথম বিএমএ শর্ট কোর্সের ‘রাষ্ট্রপতি কুচকাওয়াজে’ সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজবাড়ি ও পটুয়াখালীতে আরো দুটি সেনানিবাস করার ঘোষণা দিয়ে বলেন, এতে সেনাবাহিনীর সক্ষমতা আরো বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে দুই পক্ষের যুদ্ধ দেখে সবাই মুগ্ধ হন। প্রতীকী লাল দেশ ও নীল দেশের এই যুদ্ধ হয়। লাল দেশ হলো শত্রু পক্ষ আর নীল দেশ হলো বাংলাদেশ। মুখোমুখি দুই পক্ষ। মাঝখানে নদী। আকাশে উড়ছে মিগ-২৯। জল ও স্থলে অত্যাধুনিক ট্যাংক। মুহুর্মুহু গুলি। এরই মাঝে আহত সেনা সদস্যদের চিত্কার। বাংলাদেশের উন্নয়নের অগ্রগতি সহ্য করতে না পেরে লাল দেশ নীল দেশের ওপর আক্রমণ করে। ৮ হাজার সৈন্যের অস্ত্রের ঝনঝনানি। রাজবাড়ির প্রত্যন্ত অঞ্চল বালিয়াকান্দিতে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সংঘটিত হয় রক্তপাতহীন ভয়ংকর গোলাগুলি। মিগ-২৯, এমআই-১৭ ও বেল-২০৬ বিমানের গোলাবর্ষণে মুহুর্মুহু কেঁপে উঠছিল যুদ্ধস্থান। বিজয়ী হয় নীল দেশ। সেনাবাহিনীর পোশাক পরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে শেষ হয় অনুশীলন দুর্জয় বাংলার। ২১ ডিসেম্বর থেকে শুরু হয়ে টানা ২৬ দিন পর গতকাল শেষ হয় সেনাবাহিনীর এ শীতকালীন মহড়া। এ অনুশীলন সমাপনী দেখাতে ঢাকা থেকে নেয়া হয় প্রায় ৮০ জন সংবাদকর্মীকে। সেনাবাহিনীর কোন মহড়ায় বিপুল সংখ্যক সাংবাদিকের উপস্থিতি এটাই প্রথম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীসহ উচ্চপদস্থ সামরিক, বেসামরিক কর্মকর্তা ও বিভিন্ন দেশের কূটনীতিক। বিএনপি জোটের ডাকা টানা অবরোধ ও হরতালের কারণে অনুষ্ঠান ঘিরে গড়ে তোলা হয় কঠোর নিরাপত্তা বেষ্টনি। শুধু রাজধানী থেকেই নেয়া হয় ৩০ সদস্যের একটি গোয়েন্দা দল। সেনাবাহিনীর নিরাপত্তায় অন্য অতিথিদের নেয়া হয় অনুষ্ঠানস্থলে। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে অনুশীলন মহড়া শেষে যশোর অঞ্চলের তিন হাজার সেনাবাহিনী সদস্যের দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সেনা সদস্যদের পক্ষ থেকে কোন বক্তব্য দেয়া হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ১০ মিনিট তাদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, এই মহড়া ৫৫ পদাতিক ডিভিশন তথা বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের উজ্জ্বল স্বাক্ষর বহন করছে। তিনি বলেন, সেনাবাহিনী পেশাগত কর্মকাণ্ডের পাশাপাশি দেশ ও জাতির প্রয়োজনে অর্পিত দায়িত্ব পালন করে আসছে। গত নির্বাচনের সময় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব নিরপেক্ষতা ও দক্ষতার সঙ্গে পালন করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সহযোগিতা করেছে। এ জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, একটি আধুনিক ও চৌকস সশস্ত্রবাহিনী গড়ে তুলতে আমাদের সরকার বদ্ধপরিকর। এজন্য ১৯৭৮ সালে জাতির পিতা প্রণীত প্রতিরক্ষা নীতির আলোকে ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করেছি। এটা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, ইতিমধ্যে সিলেটে ১৭ পদাতিক ডিভিশন এবং রামুতে ১০ পদাতিক ডিভিশন প্রতিষ্ঠা করা হয়েছে। পদ্মা সেতুর নির্মাণ ও নিরাপত্তার জন্য একটি কম্পোজিট ব্রিগেড প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, সামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক সরঞ্জামাদি যেমন-এমপি গান, এ টি জি ডব্লিউ, উইপন লোকেটিং রাডার, এমবিআরএল, এআরভি এবং এমবিটি ২০০০ ট্যাংক সংগ্রহ করা হয়েছে। সেনা সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার অংশ হিসেবে সেনাবাহিনীকেও ডিজিটালাইজড করা হচ্ছে। সেনাবাহিনীর প্রতিটি স্তরে ইন্টারনেট সুবিধা দেয়া হয়েছে। ২০১২ সালে আর্মি ইনফরমেশন টেকনোলজি সাপোর্ট অর্গানাইজেশন প্রতিষ্ঠা করা হয়েছে। একইভাবে বিমান বাহিনী এবং নৌবাহিনীর আধুনিকায়নের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি।
শেখ হাসিনা বলেন, তার সরকার ১৯৯৬ মেয়াদে সামরিক বাহিনীর দক্ষতা বৃদ্ধি করতে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করেছে। ওই সময় সেনাবাহিনীতে একটি কম্পোজিট ব্রিগেড, স্পেশাল ওয়ার্ক অর্গানাইজেশনসহ একাধিক আর্টিলারী রেজিমেন্ট, রিভারাইন ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন, পদাতিক সাপোর্ট ব্যাটালিয়ন, ফিল্ড অ্যাম্বুলেন্স ও ডিভ অর্ডন্যান্স কোম্পানি প্রতিষ্ঠা করা হয়। এছাড়া ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ এবং মিলিটারী ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, ইতিমধ্যে সিলেটে ১৭ পদাতিক ডিভিশন এবং রামুতে ১০ পদাতিক ডিভিশন প্রতিষ্ঠা করা হয়েছে।
ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র তৈরি করে সেনাবাহিনী দেশে-বিদেশে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। এছাড়া তারা যে কোন প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। ২০০৭ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর এবং ২০০৯ সালের আইলায় সেনাবাহিনী বিশেষ করে ৫৫ পদাতিক ডিভিশন দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিহীন জনগোষ্ঠীর জন্য আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এই ডিভিশন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।
প্রধানমন্ত্রী বলেন, জনগণই হচ্ছে দেশের শক্তি। সেনাবাহিনী হচ্ছে জনগণের অবিচ্ছেদ্য অংশ। এজন্য সকলের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন। এক্ষেত্রে জনগণের আস্থা অর্জন অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী সেনাবাহিনী কল্যাণ তহবিলের আয় ব্রদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথা উল্লেখ করে বলেন, তার সরকার ট্রাস্ট ব্যাংক ও হোটেল রেডিসন প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, বর্তমান মেয়াদে দায়িত্ব নিয়ে সেনা সদস্যদের রসদ বৃদ্ধি করে বিমান বাহিনী ও নৌবাহিনীর সমান করা হয়েছে। অস্থায়ী কর্তব্য পালনে জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকদের দৈনিক ভাতা, ইন এইড টু সিভিল পাওয়ার দায়িত্ব পালনের দৈনিক ভাতা এবং এলপিআর-এর সময়কাল ৪ মাস থেকে ৬ মাস বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। একইভাবে অবসরপ্রাপ্ত মৃত সেনা সদস্যদের পারিবারিক পেনশনের হার ও চিকিত্সা ভাতা বৃদ্ধি এবং জেসিওদের প্রথম শ্রেণি ও সার্জেন্টদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদায় উন্নীত করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আমি জেনে খুশি হয়েছি যে, পূর্বের মতো এবারের প্রশিক্ষণেও আনসার এবং বিএনসিসি ক্যাডেটদের সম্পৃক্ত করা হয়েছে। আধা-সামরিক বাহিনী ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে মাতৃভূমি রক্ষার এ কৌশল আমাদের সেনাবাহিনীর রণকৌশলে ভিন্ন ও প্রশংসনীয় মাত্রা যুক্ত করেছে বলে মনে করি।
আর্থ-সামাজিক ক্ষেত্রে আওয়ামী লীগের আমলে দেশের অর্জিত অগ্রগতির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুত্ উত্পাদন সক্ষমতা ১৩ হাজার মেগাওয়াটে পৌঁছেছে। ১৪টি বৃহত্ সেতু, ৪ হাজার ৫০৭টি মাঝারি ও ছোট সেতু, ১৩ হাজার ৭৫১ কালভার্ট ও ২১ হাজার কিলোমিটার নতুন সড়ক নির্মিত এবং নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দেশে ৫ হাজার ২৭৫টি ডিজিটাল সেন্টার চালু হয়েছে। বছরের প্রথম দিনেই সারাদেশে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে ৩২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৯২৩টি বই বিতরণ করা হয়েছে। তিনি শীতকালীন প্রশিক্ষণ চলাকালে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিত্সা সহায়তা ও অন্যান্য জনহিতকর কাজের জন্য ৫৫ পদাতিক ডিভিশনের প্রশংসা করে আশাবাদ প্রকাশ করে বলেন- জনগণের অকৃত্রিম ভালবাসা ও আস্থা অর্জনে এ ধরনের মহতী উদ্যোগ অব্যাহত থাকবে। শেখ হাসিনা বলেন, বিশ্ববাসী আজ বাংলাদেশ সেনাবাহিনীকে একটি আধুনিক ও যুগোপযোগী সুশৃংখল বাহিনী হিসেবে জানে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনী বিশেষ করে সেনাবাহিনীর অবদান আজ সর্বজন স্বীকৃত ও বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থান এখন শীর্ষে।
৫৫ পদাতিক ডিভিশনের শীতকালীন মহড়ায় প্রায় ৮ হাজার সেনা, ২৬৫ প্যারা কমান্ডার, দুইটি ফাইটার জেট, দুইটি কার্ডো প্লেন ও ৪টি হেলিকপ্টার অংশগ্রহণ করে। পরে প্রধানমন্ত্রী গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এদিকে অনুশীলন শুরু হওয়ার আগে বক্তব্য রাখেন ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান। সেনাবাহিনী জানিয়েছে, অ্যাসল্ট রিভার ক্রসিং অনুশীলন ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক পরিকল্পনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়। এতে অ্যাসল্ট ব্রিগেডের দায়িত্বে নিয়োজিত ছিল ১০৫ পদাতিক ব্রিগেড। এর অধীনস্থ ১৭ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, ২২ বাংলাদেশ ইনফ্যান্ট্রি এবং ২৫ ইস্ট বেঙ্গল অ্যাসল্ট ব্যাটালিয়ন হিসেবে গড়াই নদী অতিক্রম করে। অনুশীলনের সার্বিক পারাপার কার্যক্রম পরিচালনায় নিয়োজিত ছিলো ৮ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন। এছাড়াও ১২ ল্যান্সার-এর একটি স্কোয়াড্রন এবং ১৯ ইস্ট বেঙ্গল অনুশীলনে অংশ নেয়। এছাড়া ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি প্রত্যক্ষ ফায়ার সহায়তা এবং ২১ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারি আকাশ প্রতিরক্ষা দেয়। একইসঙ্গে প্যারা কমান্ডো ব্যাটালিয়নের চৌকস কমান্ডো দল, আর্মি অ্যাভিয়েশন গ্রুপ-এর হেলিকপ্টার এবং বিমান বাহিনীর অত্যাধুনিক যুদ্ধবিমান অনুশীলনে অংশ নেয়।