,

প্রাইম ব্যাংককে বাঁচালেন ফরহাদ

e13f49dc18458227f7859f36efff1dd9-Untitled-7ttttক্রীড়া প্রতিবেদক :ম্যাচটা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব আর মোহামেডানের মধ্যেই হলো, নাকি এটা মাশরাফি বিন মুর্তজা বনাম ফরহাদ রেজার ম্যাচ! অথবা কেউ যদি বিকেএসপির এই ম্যাচে প্রাইম ব্যাংকের অদৃশ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে আবাহনীকেও খুঁজে নেন, অবাক হওয়ার কিছু নেই।

দুই অলরাউন্ড পারফরম্যান্সের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় ফরহাদ রেজার, সুবাদে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবেরও। কিন্তু ৪ ওভার ১ বল বাকি থাকতে ২০ রানের জয় নিশ্চিত করেও প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা পুরোপুরি উৎসব করতে পারছিলেন না। তাঁরা অপেক্ষা করছিলেন মিরপুরে আবাহনী-কলাবাগান ক্রিকেট একাডেমির ম্যাচের ফল জানার। মুঠোফোনে যখন শুনলেন ম্যাচটা হেরে আবাহনী শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে; কোলাকুলি, করমর্দন আর উল্লাসে প্রাইম ব্যাংকের উৎসব পূর্ণতা পেল তখনই।

প্রাইম ব্যাংকের ২৩০ রানের জবাবে ৯১ রানে ৬ উইকেট হারায় মোহামেডান। ম্যাচটা ওখানেই প্রায় শেষ। কিন্তু শেষ হয়েও যে হয় না শেষ! সপ্তম উইকেটে আরিফুল হক ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তুললেন প্রতিরোধের দেয়াল। ২২ ওভার ৪ বলের জুটিতে যোগ করলেন ১১০, তাতে মাশরাফির অবদান ৬২। ৭৬ বলের ইনিংসে পাঁচ বাউন্ডারির সঙ্গে মাশরাফি ছক্কাও মেরেছেন চারটা। কিন্তু মাশরাফি আউট হওয়ার পরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে মোহামেডানের ইনিংস। হাতে ৩ উইকেট রেখেও জয়ের জন্য ৭ ওভারে ৩০ রান তুলতে পারেনি তারা। মাত্র ১০ রানের মধ্যে পড়েছে শেষ ৪ উইকেট।

আরিফ-মাশরাফির জুটিতে যখন জয়টাই চোখে ভাসতে শুরু করেছে মোহামেডানের, তখনই নিজের পর পর দুই ওভারে দুই আঘাত আনেন ফরহাদ। ইনিংসের ৪৩তম ওভারের শেষ বলে মাশরাফি এলবিডব্লু, ৪৫তম ওভারের চতুর্থ বলে বোল্ড আরিফুল (৬০)। মাঝের ওভারে রাহাতুলও রান আউট। এরপর ৪৬তম ওভারে অমিতকে বোল্ড করে জয়টা নিশ্চিত করেন শুভাগত হোম।

বল হাতে মাশরাফি-আরিফের দেয়াল ভেঙে ফেলার আগে ব্যাট হাতেও প্রাইম ব্যাংককে বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়েছেন ম্যান অব দ্য ম্যাচ ফরহাদ রেজা। ১৪৪ রানে ৭ উইকেট হারানোর পরও যে দলটা ২৩০ করতে পারল, তার পুরো কৃতিত্বই এই অলরাউন্ডারের। চার ছক্কা আর আট বাউন্ডারিতে মাত্র ৫৬ বলে ৭৬ রান করেছেন। অষ্টম উইকেটে তাইজুলের সঙ্গে গড়া ৪৬ রানের জুটিতে ফরহাদের অবদান ৩৬। আর তাসকিনের সঙ্গে ৪০ রানের নবম উইকেট জুটিতে ফরহাদ একাই করেছেন ৩৯! শেষ পর্যন্ত মাশরাফির বলে নাঈমের ক্যাচ হয়ে থামে ‘ফরহাদ-ঝড়’। পরের বলে তাসকিনের উইকেটটিও নিয়েছেন মাশরাফি। এ দুটিসহ ৪০ রানে ৪ উইকেট মাশরাফির। কিন্তু ব্যাটে-বলে এমন উজ্জ্বল দিনের শেষটা তাঁর ভরে গেল পরাজয়ের বিষাদে।

সংক্ষিপ্ত স্কোর

মোহামেডান-প্রাইম ব্যাংক, বিকেএসপি

প্রাইম ব্যাংক: ৪৯.৪ ওভারে ২৩০ (ফরহাদ রেজা ৭৬, নুরুল ৩২, সৌম্য ৩০, শুভাগত ৩০, কান্দাম্বি ২৮; মাশরাফি ৪/৪০, অমিত ২/৬০)। মোহামেডান: ৪৫.৫ ওভারে ২১০ (মাশরাফি ৬২, আরিফুল ৬০, সায়েম ২২; মাহমুদউল্লাহ ৩/৩৩, শুভাগত ২/১২, ফরহাদ রেজা ২/২১, এনামুল জু. ২/৫০)।

ফল: প্রাইম ব্যাংক ২০ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: ফরহাদ রেজা।

এ জাতীয় আরও খবর

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে

জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি