আওয়ামী লীগ-বিএনপির চ্যালেঞ্জের বছর
ডেস্ক রির্পোট :ক্ষমতাসীন আওয়ামী লীগ ও রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির জন্য ২০১৫ চ্যালেঞ্জের বছর। বিগত ৫ জানুয়ারি ‘প্রশ্নবিদ্ধ’ নির্বাচনে বিজয়ী এমপিদের পূর্ণ মেয়াদে টিকিয়ে রাখা আর বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা- এ দুটো হবে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করার পাশাপাশি নতুন বছরে প্রতিশ্রুতি অনুযায়ী অবকাঠামোগত উন্নয়ন এবং দল ও সহযোগী সংগঠনগুলোর অপরাধমূলক কর্মকাণ্ডের লাগাম টেনে ধরাও ক্ষমতাসীন দলের জন্য চ্যালেঞ্জ।অন্যদিকে নতুন নির্বাচনের দাবিতে নেতা-কর্মী-সমর্থকদের সুসংগঠিত করে ঐক্যবদ্ধভাবে সরকারবিরোধী আন্দোলনে নামাই এ মুহূর্তে বিএনপির প্রধান চ্যালেঞ্জ। আন্দোলন সফল করতে দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে বিরাজমান আস্থাহীনতা ও ভুল বোঝাবুঝি, সন্দেহ-সংশয় দূর করাও জরুরি বলে মনে করেন নেতা-কর্মীরা। ২০ দলের পাশাপাশি সর্বস্তরের জনগণকে আস্থায় নিয়ে আসাও বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গেল এক বছর রাজনীতিতে কোনো উত্তাপ না ছড়ালেও আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, নতুন বছর রাজনীতির হিসাব-নিকাশ অনেকটাই পাল্টে যাবে। সংলাপ-সমঝোতার মাধ্যমে প্রধান দুই দল গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে না পারলে সহিংতাও বাড়তে পারে। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সব দল-মতের মানুষকে ইতিবাচক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। জ্বালাও-পোড়াও রাজনীতি পরিহার করে অর্থনৈতিক উন্নয়ন ও সহনশীল রাজনীতির পথ বের করা জরুরি।
আওয়ামী লীগের সামনে : টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসা আওয়ামী লীগ প্রথম বছর অনেকটা নির্বিঘ্নে পার করলেও ২০১৫ সাল তাদের জন্য নতুন চ্যালেঞ্জ। নতুন নির্বাচনের দাবি নিয়ে আসা রাজপথের প্রধান বিরোধী দলকে মোকাবিলায় দল ও সহযোগী সংগঠনগুলোকে সাংগঠনিকভাবে প্রস্তুত করতে হবে। দল ঢেলে সাজাতে দলের হাইকমান্ডের নতুন নতুন পরিকল্পনা জরুরি। আওয়ামী লীগ নেতারা জানান, দৃশ্যমান উন্নয়ন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়কে গুরুত্ব দিচ্ছে সরকার। সন্ত্রাস, নৈরাজ্য ও যে কোনো বিশৃঙ্খলার জবাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিকভাবে সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। রাজপথের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর যে কোনো হিংসাত্মক কর্মসূচি সাংগঠনিক শক্তি দিয়ে মোকাবিলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারা বলেন, অভ্যন্তরীণ কোন্দল আর বিভাজন দূর করে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলকে ঐক্যবদ্ধ করাই এখন দলের নীতিনির্ধারকদের প্রধান লক্ষ্য। ২০১৫ সালের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগ দল সাজানোর পাশাপাশি সহযোগী সংগঠনগুলোর কাউন্সিলেরও কেন্দ্রীয় প্রস্তুতি নিচ্ছে। সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোয় নিষ্কলুষ ভাবচ্ছবির নতুন নেতৃত্ব উপহার দিতে চান আওয়ামী লীগ সভানেত্রী। চলতি বছরের জন্য সংশ্লিষ্ট সিরিজ উন্নয়ন কাজের অগ্রগতি নিশ্চিত করতে সরকার বিশেষ নজর দিতে পারে। বিএনপির সম্ভাব্য আন্দোলন কর্মসূচির জবাবে রাজপথে সক্রিয় রাখতে আওয়ামী লীগের সাংগঠনিক নেতৃত্বকে আরও চাঙ্গা করার পরিকল্পনা রয়েছে দলের শীর্ষ নেতৃত্বের।
সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা মনে করছেন, রাজনীতির মাঠ নিজেদের দখলে রাখলে প্রতিপক্ষ বিএনপি দাঁড়াতেই পারবে না। দলের নীতিনির্ধারকরা বলছেন, ২০১৩ আর ২০১৫ এক নয়। দেশের মানুষ উন্নয়ন চায় আন্দোলন নয়। তবে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিএনপির আন্দোলন কর্মসূচিকে আমলে না নিলেও ভিতরে ভিতরে তারা সম্ভাব্য আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না। বরং তৃণমূলে সংগঠনকে ঢেলে সাজাতে অভিজ্ঞ নেতারা পরামর্শ দিচ্ছেন দলীয় সভানেত্রীকে।আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিএনপির আন্দোলনের হুমকি দলকে টিকিয়ে রাখার কৌশল। নতুন বছরে গণতান্ত্রিক আন্দোলন করলে সরকার সব ধরনের সহযোগিতা করবে। কিন্তু আন্দোলনের নামে নৈরাজ্য, নাশকতা সৃষ্টি করলে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করতে যা যা করা দরকার তাই করা হবে। কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘আন্দোলন করে নির্বাচিত সরকারের পতন ঘটানো যাবে না। আন্দোলনের নামে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে। আমরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছি। ২০১৯ সালের এক দিন আগেও নির্বাচন হবে না।’ তিনি বলেন, আগামী ৬ জানুয়ারি থেকেই ধারাবাহিক কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের সঙ্গে ১৪ দলের নেতা-কর্মীরা মাঠে থাকবেন। বিএনপির রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেন, ‘আমার মনে হয় না আওয়ামী লীগের জন্য বিএনপি কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে। কারণ জনগণ এখন আর আন্দোলনমুখী নয়, উন্নয়নমুখী।’বিএনপি : নতুন নির্বাচনের দাবিতে নেতা-কর্মী-সমর্থকদের সুসংগঠিত করে ঐক্যবদ্ধভাবে সরকারবিরোধী আন্দোলনে নামাই এ মুহূর্তে বিএনপির কাছে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠাও জরুরি। আন্দোলন সফল করতে দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে বিরাজমান আস্থাহীনতা ও ভুল বোঝাবুঝি, সন্দেহ-সংশয় দূর করতে হবে। দীর্ঘদিন ধরে আন্দোলনের বাইরে থাকা তৃণমূলের নেতা-কর্মীদের আস্থায় নিয়ে আসাও বড় চ্যালেঞ্জ। নতুন নির্বাচনের জন্য সরকারের ওপর দেশে-বিদেশে চাপ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বিএনপি সমর্থিত রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকরা এমনটা মনে করছেন।
বিশ্লেষকদের মতে, ক্ষমতাসীনদের নিরপেক্ষ নির্বাচনে বাধ্য করাতে গণসম্পৃক্ত কর্মসূচি নিয়ে মাঠে নামতে হবে বিএনপিকে। ঢাকা মহানগর বিএনপিকে সৃজনশীল আন্দোলনে নামতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বকে তৃণমূলের সঙ্গে সমন্বয় করে একযোগে সবাইকে মাঠে নামতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলন করতে বিগত ৫ জানুয়ারি নির্বাচনবিরোধী দল ও জোটগুলোর সঙ্গে বিএনপির একটি ন্যূনতম সমঝোতা করতে হবে। একইভাবে গুম-খুন, হামলা-মামলা উপেক্ষা করে আন্দোলনের নতুন নতুন কৌশল নির্ধারণ করতে হবে। নইলে অতীতের মতোই আন্দোলন হোঁচট খাবে। পর্যবেক্ষকরা বলেন, বিএনপিকে সামনে এমন অবস্থান তৈরি করতে হবে যাতে ক্ষমতাসীন সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে বাধ্য হয়। এজন্য তাদের যেসব সমস্যা মোকাবিলা করতে হবে তা হলো- গুম-খুন জেল-জুলুম, হামলা-মামলার ভয়ভীতি। এসব মোকাবিলা করে বাস্তবমুখী আন্দোলনের কৌশল ঠিক করতে হবে। নেতৃত্বের দুর্বলতা ও দোদুল্যমানতা কাটাতে হবে। বিশেষ করে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে হবে। নতুন বছরে বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী- এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে আওয়ামী লীগ সরকারকে বাধ্য করা। দুঃশাসন, দুর্নীতি, ঘুষ, গুম-খুনসহ নানা অপরাধপ্রবণতা থেকে দেশকে রক্ষা করা। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি নতুন বছরে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে চায়। দেশবাসীকে সুসংগঠিত করে প্রয়োজনে গণআন্দোলনে যাবে বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ বলেন, শুধু বিএনপির সামনে নয়, এখন জাতীয় চ্যালেঞ্জ হচ্ছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাসহ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা। এজন্য ক্ষমতাসীনদের সঙ্গে সংলাপের মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে হবে বিএনপিকে। এতে ক্ষমতাসীন দল আগ্রহী না হলে বিএনপির সামনে তখন আন্দোলনের কোনো বিকল্প নেই।











