বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০১৫ সালে নতুন স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ ক্রিকেট

6_198296ক্রীড়া ডেস্ক :২০ টি বিশ্বকাপ আয়োজন ও বিসিবির দুর্নীতি, ব্যর্থতা, হামলা-মামলা ও শেষে টানা আট জয়ের সাফল্য- বাংলাদেশের ক্রিকেটে ২০১৪ সালটাকে এভাবে সাজানো যায়। মাঠের লড়াইয়ের চেয়ে কখনও কখনও বাইরের লড়াই বেশি উঠে এসেছে খবরে। ‘শেষ ভালো যার সব ভালো তার’- প্রবাদটি মনে করে ২০১৫ সালে নতুন স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে আগে বাংলাদেশের কাছে জয় যেন সোনার হরিণ হয়ে গিয়েছিল। জিম্বাবুয়েকে তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে ম্যাচে হোয়াইটওয়াশ করে সান্ত্বনা খুঁজে পেয়েছে বাংলাদেশ। সঙ্গে যোগ হয়েছে অনেক ব্যক্তিগত রেকর্ড। সাতটি টেস্ট ম্যাচে সমান তিনটি করে জয় ও হার এবং একটি ড্র। ১৮টি ওয়ানডে ম্যাচের ১২টিতে হার, পাঁচটি জয় ও একটি পরিত্যক্ত। ১০ ম্যাচের টি ২০-তে দুটি জয় ও একটি পরিত্যক্ত। বাকি সাতটিতে হার। তবে বেশি আলোচিত হয়েছে মোহাম্মদ আশরাফুলের ম্যাচ-ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ ও সাকিব আল হাসানকে দেয়া বিসিবির নিষেধাজ্ঞা।

অথচ বছরের শুরুতে ছিল বড় স্বপ্ন। হোম কন্ডিশনে শ্রীলংকার বিপক্ষে সিরিজ, এশিয়া কাপ, টি ২০ বিশ্বকাপ ও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ঘরের মাটিতে যে বাংলাদেশ শক্তিশালী সেটা শুরুতেই দেখাতে ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিমরা। জানুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে সিরিজ দিয়ে বছরটা শুরু হয়েছিল। একেকটা ম্যাচে খুব কাছে গিয়েও হার। হার সঙ্গী হয়ে থাকল ফেব্র“য়ারিতে এশিয়া কাপেও। আগের এশিয়া কাপে রানার্সআপ বাংলাদেশ ফতুল্লায় আফগানিস্তানের বিপক্ষেই হেরে বসল। শ্রীলংকার বিপক্ষে সিরিজে বাজে আচরণ করায় নিষিদ্ধ হন সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে হারের পর প্রশ্ন ওঠে বাংলাদেশের সামর্থ্য নিয়ে।
মাঠের লড়াইয়ে না পারলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মার্চে টি ২০ বিশ্বকাপ আয়োজন করে কৃতিত্ব দেখিয়েছে। এবারই প্রথম কোনো বিশ্বকাপ এককভাবে আয়োজন করে বাংলাদেশ। বোর্ড পরিচালকদের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। দুর্নীতি আবার ক্রিকেট উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। টি ২০ বিশ্বকাপে বাংলাদেশ শুরু করেছিল আফগানিস্তান ও নেপালকে হারিয়ে। পরের ম্যাচে হংকংয়ের কাছে হেরে লজ্জায় ডোবে স্বাগতিকরা। টি ২০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে কোনো জয় ছুঁতে পারেনি মুশফিকদের। জুনে ভারত ও আগস্ট-সেপ্টেম্বরে হারের বৃত্ত বেড়েছে।
বছরে একমাত্র সফর ওয়েস্ট ইন্ডিজ। যে ক্যারিবীয় দ্বীপ থেকে বাংলাদেশ কিছু না কিছু অর্জন করে ফিরেছে, সেখান থেকে খালি হাতে ফিরতে হল মুশফিকদের। এশিয়া কাপে স্বর্ণ জিততে পারলে কিছুটা হতাশা হয়তো কমত। সেই শ্রীলংকার বিপক্ষে টস-ভাগ্যে হেরে যায় বাংলাদেশ। এ ব্যর্থতার পরও জিম্বাবুয়ের বিপক্ষে বড় প্রাপ্তির আশা ছিল। ঘরের মাঠে প্রথম টেস্ট সিরিজে ডিআরএস ব্যবহার করেছে বাংলাদেশ। ডিআরএস বাংলাদেশের পক্ষে না এলেও তিন ম্যাচের টেস্ট ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরে পায় বাংলাদেশ। সেই সঙ্গে র‌্যাংকিংয়ে নয় নম্বরেও উন্নীত হয়েছে। টানা পাঁচ ওয়ানডে জিতে জিম্বাবুয়ের চেয়ে ওয়ানডে রেটিং পয়েন্টও বেড়েছে।
তবে ক্রিকেটের বড় প্রাপ্তি একঝাঁক তরুণ তুর্কি। ওয়ানডে অভিষেকেই হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তাইজুল ইসলাম। টেস্ট অভিষেকে পাঁচ উইকেট ও জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্টে পেয়েছেন আট উইকেট। বাংলাদেশের প্রথম অভিজ্ঞ লেগ-স্পিনার হিসেবে অভিষেক হওয়ার পরই ‘জুটি ভাঙার কারিগর’ নাম পেয়েছেন জুবায়ের হোসেন। এছাড়া পেসার তাসকিন আহমেদ, ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন, সাব্বির আহমেদ ও সৌম্য সরকারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে।
ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন সাকিব। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ক্যামেরার সামনে অশোভন অঙ্গভঙ্গি করার কারণে নিষিদ্ধ হন তিনি। খেলার মধ্যে দর্শকদের পেটানো, দেশের হয়ে খেলা ছেড়ে দেয়ার হুমকি এবং শেষ পর্যন্ত বিসিবির নিষেধাজ্ঞা ছিল আলোচনায়। নিষেধাজ্ঞা থেকে ফিরে খুলনায় টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেট সাকিবকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। সাকিব-বিতর্কের আগে আলোচনা হয়েছে মোহাম্মদ আশরাফুলের আট বছরের নিষিদ্ধ হওয়ার ঘটনা। এ বছর বাংলাদেশ আরও কিছু নতুনত্ব উপহার দিয়েছে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে অনুসরণ করে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে আলাদা অধিনায়ক তৈরি করেছে। অধিনায়ক হিসেবে আবার ফিরেছেন মাশরাফি মুর্তজা।
টানা দু’বার অনুষ্ঠিত হওয়ার পর বাংলাদেশ প্রিমিয়ার লীগ এ বছর হয়নি। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ থেকে হারিয়ে গেছে একটি মৌসুম। খেলোয়াড়দের পাওনা দেয়ার দায়িত্ব নিলেও সেটা পালন করেনি বিসিবি। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সভাপতি আজম নাসির উদ্দিনের উক্তি, ‘মৌসুম আবার কী? মৌসুম বলে কিছু নেই, যেভাবে খেলানো হবে সেটাই মৌসুম’- হাস্যকর হয়ে থাকবে। বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণাঞ্চল। জাতীয় লীগের শিরোপা জিতেছে ঢাকা বিভাগ। তবে ঢাকা লীগে বিতর্ক এখন নিয়মিত। আলোচনা-সমালোচনায় ছিল লুৎফর রহমানের লিজেন্ডস অব রূপগঞ্জ। সাবেক গাজী ট্যাংক নামে এ ক্লাবটির উদ্বোধন করতে আসেন ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার। মৌসুম শুরু হওয়ার পর ক্লাবের কর্ণধার লুৎফর রহমানকে নিষিদ্ধ করে বিসিবি। তার বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করা হয়। অভিযোগ উঠেছে বাজে আম্পায়ারিংয়েরও। নাজনীন আক্তার হ্যাপি নামে এক অখ্যাত অভিনেত্রী পেসার রুবেল হোসেনের নামে মামলা ঠুকে দেন।
বাংলাদেশের মহিলা ক্রিকেটেও সাফল্য ছিল চোখে পড়ার মতো। এশিয়ান গেমসে টানা দ্বিতীয়বারের মতো রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশ মহিলা দলকে। টি ২০ বিশ্বকাপে শ্রীলংকা ও আয়ারল্যান্ডকে হারিয়ে দুটি জয় পায় স্বাগতিক মহিলা দল।