শীত রুখতে ফাটাফাটি ব্যবস্থা…
আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডিসেম্বর ৩১, ২০১৪
লাইফস্টাইল ডেস্ক : শীতের শুষ্ক হাওয়ায় ত্বক হারায় সজীবতা। ত্বকের স্বাভাবিক তৈলাক্ত ভাবটা কমে যায়। বাতাসের আর্দ্রতা থাকে কম। স্বাভাবিকভাবেই এ সময় ঠোঁট ফেটে যায়, ফেটে যায় হাত-পায়ের ত্বকও। এর সমাধান দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্মরোগ বিভাগের সহযোগী অধ্যাপক হরষিত কুমার পাল।
হাত-পা ফাটার সমস্যায়
ত্বক ফেটে যাওয়ার সমস্যা সমাধানে শীতের শুরু থেকেই কিছু ব্যবস্থা নিতে হবে। হরষিত কুমার পাল বলেন, হাত ও পায়ের জন্য সবচেয়ে ভালো নারকেল তেল ও অলিভ অয়েল। গোসলের পর বা হাত-পা ধোয়ার পর লাগাতে পারেন এসব তেল। খেয়াল রাখতে হবে, এগুলো যেন ত্বক ভেজা থাকতেই লাগানো হয়।
পায়ে পেট্রোলিয়াম জেলি লাগালে সহজেই পায়ে ধুলাবালু আটকে যাওয়ার আশঙ্কা থাকে। তাই পায়ে পেট্রোলিয়াম জেলি না লাগানোই ভালো। জুতা-মোজা পরে থাকলে পা ফাটার সমস্যা কম হবে। মোজা পরে থাকাটা পায়ের ত্বকের জন্য ভালো। তবে পরতে হবে পরিষ্কার মোজা।
অনেক দিন ধরে গোড়ালি ফাটার সমস্যা থাকলে গোড়ালির ত্বক পুরু হয়ে যেতে পারে। এ ধরনের সমস্যায় প্রতি ১৫ দিনে একবার অথবা প্রয়োজনে সপ্তাহে এক-দুবার ঝামা দিয়ে গোড়ালি ঘষে নিতে পারেন।
ঠোঁটের যত্নে
ঠোঁট ফাটার সমস্যা এড়াতে পেট্রোলিয়াম জেলি ব্যবহারের পরামর্শ দেন হরষিত কুমার পাল। তবে সুগন্ধিবিহীন পেট্রোলিয়াম জেলি বেছে নেওয়ার পরামর্শ দেন তিনি। শীতের এই সময়টাতে দিনে বেশ কয়েকবার পেট্রোলিয়াম জেলি লাগানোর প্রয়োজন হতে পারে। ঠোঁট কিছুটা শুকনো অনুভব করলেই লাগিয়ে নিতে পারেন এটি। আর মুখ ধোয়ার পর তো লাগাতে হবেই।
ত্বক ফাটা যখন অসুস্থতা
সারা বছরই যদি হাত-পায়ের ত্বক ফাটার সমস্যা থাকে আর শীতে সে সমস্যা প্রকোপ আকার ধারণ করে, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। অনেক সময় পিটাইরিয়াসিস, সোরিয়াসিস, ক্রনিক একজিমাসহ বিভিন্ন রোগের কারণে এমন সমস্যা হয়ে থাকে।