খালেদার জরুরি সংবাদ সম্মেলন সন্ধ্যায়
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল একথা জানিয়েছেন।বিএনপি এবং তাদের জোটের শীর্ষনেতাদের সূত্রে জানা গেছে, চলমান পরিস্থিতিতে বিএনপির অবস্থান তুলে ধরা ছাড়াও সংবাদ সম্মেলন থেকে খালেদা জিয়া সরকারবিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
কর্মসূচির মধ্যে রয়েছে- নতুন নির্বাচনের উদ্যোগ নিতে সরকারকে প্রথমে ৪৮ ঘণ্টার সময় বেধে দেওয়া হবে। সময়সীমার মধ্যে কার্যকরি উদ্যোগ দেখা না গেলে সরকার পতনের এক দফা কর্মসূচিতে যাবে বিরোধী জোট।
সূত্র জানায়, আগামী ৩ ও ৫ জানুয়ারি বিএনপি রাজধানী ঢাকায় সমাবেশের ঘোষণা দিবে। এই সমাবেশ করতে না দিলে আগামী ৬, ৭ ও ৮ জানুয়ারি হরতালের মত কর্মসূচি আসতে পারে বলে দলের সর্বোচ্চ ফোরামে সিদ্ধান্ত হয়েছে।
জানা গেছে, ঢাকা মহানগর বিএনপির সবুজ সংকেত পাওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবারের এই সংবাদ সম্মেলন ডেকেছেন। এবার আন্দোলনের মাঠে শক্তভাবে থাকার ব্যাপারে মহানগর বিএনপি দৃড় প্রত্যয় ব্যক্ত করেছেন নেত্রীর কাছে।
সংবাদ সম্মেলনে কর্মসূচির বিষয়ে খুলনা অঞ্চলের বিএনপির এক শীর্ষনেতা জানান, ‘প্রথমে সরকারকে সময় দেওয়া হবে। এর মধ্যে রাজধানী ঢাকায় সমাবেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।’
তিনি বলেন, ‘সরকার তাতে কান না দিলে টানা ৭২ ঘণ্টা হরতাল কর্মসূচি দেওয়া হবে। এরপর এক দফা আন্দোলনের কর্মসূচিতে যাওয়া হবে।’
বিগত ৫ জানুয়ারি একতরফা নির্বাচনের পর বিএনপি কার্যত তেমন কোনো বড় আন্দোলনে যায়নি। দলটি পুরো সময় সাংগঠনিকভাবে অবস্থান মজবুত করার কাজে মনোযোগ দিয়েছে। তবে বরাবরই বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচনের পদক্ষেপ নিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়ে এসেছে।
বছরের শেষ সময়ে এসে গত ২৭ ডিসেম্বর গাজীপুরে সমাবেশ করতে না দেওয়ায় বিএনপি একদিন হরতাল পালন করেছে। তবে সরকারের এই এক বছরে বিএনপি জোটের শরিক জামায়াতে ইসলামী তাদের শীর্ষনেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘিরে হরতাল ও বিক্ষোভ কর্মসূচিতে সরব থেকে।











