আ.লীগের সমাবেশ প্রতিহতের ঘোষণা- রিজভীর
ডেস্ক রির্পোট : বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আওয়ামী লীগকেও দেশের কোথাও কোনো সমাবেশ করতে দেওয়া হবে না।২০-দলীয় জোটকে দেশের কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না— আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের এমন মন্তব্যের জবাবে রিজভী এই হুঁশিয়ারি দিলেন।
রবিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘সরকারকেও কোনো সমাবেশ করতে দেওয়া হবে না। সম্মিলিত চেষ্টায় তা প্রতিহত করা হবে।’
রিজভী বলেন, ‘২০-দলীয় জোট সোমবার সারাদেশে হরতাল ঘোষণার পর সরকার টালমাটাল হয়ে গেছে। বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে, গণহারে নেতাকর্মীদের আটক করা হচ্ছে।’
এ সময় তিনি ২০-দলীয় জোটের সোমবারের হরতাল সফল করার আহ্বান জানান।
বিএনপির এই যুগ্ম-মহাসচিব বলেন, ‘সাম্প্রতিক সময়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভায় জনস্রোত দেখে অবৈধ সরকারের পিলে চমকে গেছে। আর সে কারণেই ক্ষমতায় টিকে থাকতে তারা জুলুম-নির্যাতন শুরু করেছে।’
তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান এবং তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
রাজধানীর শাহজাহানপুরে ওয়াসার পাইপে পড়ে শিশু জিহাদের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করে রিজভী এ ঘটনায় সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, ‘শিশু জিহাদের উদ্ধার অভিযান নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্তাব্যক্তিদের বক্তব্য শুধু বিভ্রান্তিকরই নয় বরং উদ্ধার প্রচেষ্টা ছিল লোক দেখানো। উদ্ধার প্রচেষ্টায় সরকারি শৈথিল্য দেখে মনে হয় সরকার শিশুটিকে বাঁচাতে আন্তরিক ছিল না।’
রিজভী বলেন, ‘সমগ্র ঘটনাটি সরকার নিজস্ব স্বার্থে ব্যবহার করেছে কিনা এ নিয়ে জনমনে বিশাল প্রশ্ন দেখা দিয়েছে। সামগ্রিক ঘটনায় মনে হয় নলকুপে জিহাদ প্রাণ হারিয়ে লাশ হয়ে যাওয়ার জন্য সরকারই দায়ী।’
তিনি বলেন, ‘জিহাদ উদ্ধার অভিযানে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট লোকজনদের রহস্যময় ভূমিকা জনমনে গভীর সংশয়ের সৃষ্টি করেছে। বিএনপি এই অবৈধ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট লোকজনদের শিশু জিহাদের উদ্ধার অভিযানে ব্যর্থতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’
rtnn.net











