সরাইলে মেলা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচী : ১৪৪ ধারা জারি
মাহবুব খান বাবুল : ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় মেলাকে কেন্দ্র করে দুই পক্ষ পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে ওই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলার অবনতি ও নাশকতা এড়ানোর জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার দুপুর ১২টা থেকে রাত ১২ টা পর্যন্ত এ আদেশ বলবৎ করা হয়।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের আবদুল হাইয়ের ছেলে আব্দুর রহমান শরীফ নামের এক ব্যক্তি গত ৯ নভেম্বর উচ্চ আদালত থেকে সরাইল উপজেলায় একটি মেলা করার অনুমতি আনেন। এ খবর পাওয়া মাত্র শাহবাজপুর সহ আশপাশের এলাকার সাধারন মানুষ ও আলেম ওলামারা মেলা প্রতিহত করার জন্য সভা সমাবেশ বিক্ষোভ মিছিল করতে থাকেন। গ্রাম্য মাতাব্বর ও ক্ষমতাসীন দলের স্থানীয় নেতৃবৃন্দ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। গড়ে উঠে মেলা প্রতিরোধ কমিটি ও পরিচালনা কমিটি। পরে আবদুর রহমান শাহবাজপুর প্রথম গেইট এলাকায় আহাদ ব্রিকস সংলগ্ন খালি মাঠে মেলার আয়োজন সম্পন্ন করেন। ইউপি যুবলীগের সম্পাদক রাজিব আহমেদ রাজ্জির নেতৃত্বে বিক্ষুদ্ধ ৭-৮ সহস্রাধিক লোক গত পাঁচ ডিসেম্বর মিছিল করতে করতে গিয়ে মেলার প্যান্ডেল গুড়িয়ে দেয়। এর পর তিনি একই ইউনিয়নের রাজামারিয়াকান্দি এলাকায় মহাসড়কের পাশে ফের মেলার আয়োজন করার চেষ্টা করেন। এ নিয়ে মেলা বিরোধী ও পরিচালনাকারী পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার দুপুর দুইটার দিকে শাহবাজপুর ইউনিয়ন শাখা যুবলীগের সম্পাদক রাজিব আহমেদ রাজ্জি মেলার বিরুদ্ধে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন। একই এলাকায় মেলার পক্ষের লোকজনও সমাবেশের ডাক দেন। এতে গোটা শাহবাজপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সহিংসতা ও প্রানহানীর আশঙ্কা দেখা দেয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আরশাদ ২৫ ডিসেম্বর রাতে ওই এলাকায় ১৪৪ ধারা জারী করার জন্য ৫৮৬৭ নং স্মারকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বরাবর লিখিত আবেদন করেন। দাঙ্গা হাঙ্গামা সংঘাত ও সংঘর্ষ এড়াতে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর প্রথম গেইট এলাকার জিলানি পেট্্রল পাম্প থেকে রামপুরা ব্রীজ পর্যন্ত মহাসড়ক ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন। নিষিদ্ধ করা হয় দুই বা ততোধিক লোকের একত্রে চলাফেরা, মিছিল সভা সমাবেশের উপরও দেওয়া হয় নিষেধাজ্ঞা। সকালে এ বিষয়টি সকলের অবগতির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকে প্রচার করা হয়। ১৪৪ ধারা জারির পরও শুক্রবার বেলা দুইটার পর উভয় পক্ষের লোকজন স্বস্ব অবস্থানে জড়ো হতে থাকে। স্থানীয় লোকজন ও পথচারীদের মধ্যে দেখা দেয় উদ্বেগ উৎকন্ঠা। সময় মত সেখানে বিপুল পরিমান পুলিশ নিয়ে হাজির হন সহকারি পুলিশ সুপার (সার্কেল) মোঃ শাহ আলম বকাউল ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ। কড়া পুলিশ প্রহরার কারনে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষার পর উভয় পক্ষ চলে যায়।
সরাইল থানার ওসি মো.আলী আরশাদ বলেন, সেখানে উভয় পক্ষ বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে। এ জন্য ১৪৪ ধারা জারির আবেদন করেছি। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে সংঘর্ষ ও সংঘাত ভয়াবহ রুপ ধারন করেছে। তাই আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা ও নিরীহ জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শাহবাজপুরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।











