শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সব অবৈধ ইটভাটা সচল

brick fieldডেস্ক রির্পোট : গাছের টুকরো আর টায়ারের স্তূপ। এসব পুড়িয়ে ব্রাহ্মণবাড়িয়ার ভাটায়-ভাটায় চলছে ইট তৈরির কাজ। পরিবেশ অধিদপ্তরের আইনানুসারে এই ইটভাটাগুলোও আবার অবৈধ। তারপরও দিব্যি কাঠ আর টায়ারকে জ্বালানি হিসেবে ব্যবহার করে চালু আছে এসব ইটভাটা। জেলায় মোট ইটভাটা আছে ১২৭টি। এরমধ্যে অর্ধেকের বেশিই অবৈধ। বৈধ মাত্র ৫৮টি। আধুনিক প্রযুক্তির এই ভাটাগুলো এখানে জিগজ্যাগ বা হাওয়াই ভাটা হিসেবে পরিচিত। আর বাকি ৬৯টি পুরনো প্রযুক্তির (ফিক্সড চিমনি) ইটভাটা। যা পরিবেশ-বান্ধব না হওয়ায় এখন অবৈধ হিসেবে গণ্য হচ্ছে। সরজমিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে গিয়ে দেখা গেছে, এসব ইটভাটা (ফিক্সড চিমনি) সচল। কয়লার অভাবে মওসুমের শুরু থেকে গাছের টুকরো আর টায়ার পুড়িয়ে এসব কারখানায় ইট পুড়ানোর কাজ পুরোদমে শুরু হয়। সরাইল, নাসিরনগর ও আশুগঞ্জ উপজেলার বেশ কয়েকটি  ইটকারখানায় দেখা যায়, গাছের টুকরো আর টায়ারের স্তূপ। সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তী ব্রিজের পশ্চিম পার্শ্বে ‘রঙ্গন’ নামের ইটভাটা। দূর থেকেই এর চিমনি দিয়ে অস্বাভাবিক কালো ধোঁয়ার নির্গমন চোখে পড়ে। ভাটার প্রবেশ মুখেই টায়ারের বিশাল স্তূপ। ভাটার চারপাশে ছড়িয়ে আছে গাছের টুকরো। পরিবেশ অধিদপ্তরের আইনানুসারে এই ভাটাটি অবৈধ। এটি ফিক্সড চিমনির একটি ইটভাটা। কিন্তু তারপরও চলছে দিব্যি। কিন্তু কিভাবে? ভাটার শ্রমিক-কর্মচারীদের কেউ কথা বলতে রাজি হননি এ নিয়ে। এই সড়কের পূর্বপাশে সরাইলের কালীকচ্ছ এলাকায় আজম ব্রিকস নামের আরেকটি ইটভাটায় গিয়েও চোখে পড়ে গাছের টুকরোর স্তূপ। নীল পলিথিন দিয়ে সেগুলো ঢেকে রাখা হয়েছে। এই ভাটার ম্যানেজার নূর হোসেন বলেন, কাঠগুলো তারা শ্রমিকদের রান্নাবান্নার জন্যে এনে রেখেছেন। সরাইলের পানিশ্বর এলাকার ‘তিতাস’ নামের আরেকটি ইটাখোলায় টায়ার আর গাছ পুড়িয়ে পুরোদমে ইটপুড়াতে দেখা যায়। এই ইটাখোলার ম্যানেজার জালাল উদ্দিন কাঠ পুড়ানোর কথা অস্বীকার করেন। এরপাশেই ‘এবিকো’ ইটা খোলা। মওসুমের শুরুতেই টায়ার-আর গাছ পুড়িয়ে তারা একদফা ইট পুড়ানোর কাজ  শেষ করেছে। এখনও ভাটায় টায়ারের স্তূপ রয়েছে। এই ভাটার ম্যানেজার আবদুস সাত্তার বলেন, টায়ারগুলো তাদের ইটের ক্রেতারা পাঠিয়েছেন। এগুলো ইট  পোড়ানোর কাজে তারা ব্যবহার করেননি। ইটভাটার অনুমোদন আছে কিনা জানতে চাইলে বলেন আমাদের ভাটা এখন বন্ধ। এর আগের দু’বছর পরিবেশ অধিদপ্তরে ১ লাখ টাকা করে জরিমানা দিয়ে ভাটা চালানো হয় বলে ভাটার কর্মচারী পরিচয়দানকারী আমানুল্লাহ নামের আরেকজন জানান। এমনিভাবে সরাইলের শাহবাজপুর, শাহজাদাপুর, নাসিরনগর, আশুগঞ্জ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর এলাকার সব অবৈধ ইটভাটা চালু রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তর কার্যালয় থেকে জানা যায়, ইটপ্রস্তুত ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ কার্যকর হয় চলতি বছরের পহেলা জুলাই। এই আইন কার্যকর হওয়ার পর ফিক্সড চিমনীর সব ইটভাটাই অবৈধ হয়ে পড়েছে। এর আগের দু’বছর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক সিনিয়র সহকারী সচিবের পাঠানো আদেশ বলে এক লাখ টাকা করে নিয়ে এই ভাটাগুলো চালু রাখার সুযোগ দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছায়েফ উল্যা তালুকদার বলেন- তারা এবছর উন্নত প্রযুক্তিতে রূপান্তরিত ৫৮ টি ইটাখোলাকে ছাড়পত্র দিয়েছেন। ২০১২ সালের ২০শে সেপ্টেম্বরের পর ফিক্সড চিমনির ভাটাগুলোর ছাড়পত্র আমরা অনুমোদন করিনি। এগুলো এখন পুরোপুরি অবৈধ। কিন্তু এসব অবৈধ ভাটা চালু আছে বলে তাকে জানানোর পর বলেন, আমরা তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করবো। এদিকে ২০১৩ সালের ৬ই নবেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের পক্ষে নেজারত ডেপুটি কালেকটর ‘ইট পুড়ানোর কার্যক্রম বন্ধ করন প্রসঙ্গে’ শিরোনামে অবৈধ ইটভাটার মালিকদের একটি চিঠি দেন। তাতে বলা হয় ১২০ ফুট চিমনি বিশিষ্ট ইটভাটাটি জিগজ্যাগ বা পরিবেশ বান্ধব কোন পদ্ধতিতে রূপান্তর করার কথা থাকলেও তা না করে আপনি চলতি বৎসর অত্রাফিসের লাইসেন্স নবায়ন/অনুমতি গ্রহন ব্যতিরেকে ইটপোড়ানোর কার্যক্রম পরিচালনা করছেন। যা ইট পুড়ানো নিয়ন্ত্রণ আইনের সম্পূর্ণ পরিপন্থি। ওই পত্রে পরিবেশ-বান্ধব ভাটা রূপান্তর করা না হলে মোবাইল কোর্ট পরিচালনা করে ভাটার কার্যক্রম বন্ধ করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন-একজন অতিরিক্ত জেলা প্রশাসক সরজমিনে অবস্থা দেখার জন্য  বের হয়েছেন। অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।