ডেটলাইন ৫ জানুয়ারি: রাজনীতিতে টান টান উত্তেজনা
ডেস্ক রির্পোট : সোমবার ব্রাহ্মণবাড়িয়া এক অনুষ্ঠানে রাজপথের আন্দোলনে শক্তি পরীক্ষায় সরকারকে পুলিশ-র্যাবের সহায়তা ছাড়া নামার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মির্জা ফখরুল বলেন, আন্দোলনের নামে রাস্তায় নামলে হাত-ভেঙে দেওয়া হবে, গায়ের চামড়া তুলে নেওয়া হবে বলে সরকারের মন্ত্রীরা হুমকি দিচ্ছেন। আমরা তাদের স্পষ্টভাষায় বলতে চাই, পুলিশ ছাড়া রাস্তায় নামুন, তখন কে কার গায়ের চামড়া তোলে কিংবা হাত-পা ভাঙে, সেটা জনগণই ঠিক করবে।
উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ। আগামী ৫ জানুয়ারির ডেটলাইনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এখন মুখোমুখি অবস্থানে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়াকে কেন্দ্র করে ইতোমধ্যে বুধবার দুই দলের কর্মী ও সমর্থকদের মধ্যে এক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় সরকারি দলের এক এমপিও আক্রান্ত হন। এর ধারাবাহিকতায় ৫ জানুয়ারিকে ঘিরে রাজপথে আরো বড় ধরনের সংঘর্ষের আশংকা রয়েছে। ওই দিন পৃথক কর্মসূচির ডাক দিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে চির প্রতিদ্বন্দ্বী এই দুই রাজনৈতিক শিবির। এজন্য দুই দলই শক্তির মহড়া দিতে শুরু করেছে। এদিকে দুই দলের মুখোমুখি অবস্থানের সম্ভাবনায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। আশঙ্কা করা হচ্ছে রক্তক্ষয়ী সংঘর্ষের।
এর আগে আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরে অনুষ্ঠিতব্য বিএনপি চেয়ারপার্সনের জনসভা আহ্বান এবং ছাত্রলীগের তা প্রতিহতের ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। ছাত্রলীগ ইতোমধ্যে খালেদা জিয়ার সমাবেশ স্থল নিজেদের দখলে নিয়ে গেছে। এদিকেও বিএনপিও এখনো পর্যন্ত ওই স্থানে সমাবেশ করার বিষয়ে বদ্ধপরিকর। অবশ্য আজ রাতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি চেয়ারপার্সন এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন ৫ জানুয়ারিকে 'গণতন্ত্রের বিজয় দিবস' ঘোষণা করে আওয়ামী লীগ ওইদিন রাজধানীতে জনসভা করার ঘোষণা দিয়েছে। আর দিনটিকে “গণতন্ত্রের কালো দিবস” ঘোষণা করে বিএনপিও ওইদিন ঢাকায় জনসভা ও কালো পতাকা মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য বিএনপি এর দুইদিন আগে নির্দলীয় সরকারের দাবি, গুম-খুনের প্রতিবাদে রাজধানীতে পৃথক জনসভারও ঘোষণা দিয়েছে।
এর আগে আওয়ামী লীগ ৫ জানুয়ারি রাজধানীর প্রতিটি নির্বাচনী এলাকাসহ দেশের সব জেলা-উপজেলায় গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে র্যালি করার সিদ্ধান্ত নেয়। তবে রাজধানীতে ওইদিন বিএনপির বড় ধরনের শো-ডাউন করার সম্ভাবনা থাকায় আওয়ামী লীগ তার ঢাকার কর্মসূচিতে পরিবর্তন আনে। ফলে পূর্ব ঘোষিত নির্বাচনী আসনভিত্তিক র্যালির বদলে দলটি রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা দিয়েছে।
এদিকে বিএনপি আগামী ৩ ও ৫ জানুয়ারি রাজধানীতে দুইটি পৃথক জনসভার অনুমতির জন্য ঢাকা মহানগর পুলিশসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। জনসভার অনুমতি না পেলে ৫ জানুয়ারি থেকে টানা ৭২ ঘণ্টার হরতালের ডাক দেওয়ার চিন্তা রয়েছে বলে দলটির নীতি নির্ধারক সূত্রে জানা গেছে।
গত বছর ৫ জানুয়ারি দেশে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন অর্ন্তবর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত ওই নির্বাচন তৎকালীন বিরোধী দল বিএনপি ও তার মিত্ররা বয়কট করে তা প্রতিহত করার ঘোষণা দেয়। কিন্তু নির্বাচন প্রতিহত করতে ব্যর্থ হয়ে বিএনপি একেবারেই কোনঠাসা হয়ে পড়ে। এমন কি নির্বাচনের পর তারা বড় ধরনের কোন সরকারবিরোধী আন্দোলন গড়ে তুলতে পারেনি। বরং দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ দলের সিনিয়র নেতাদের মামলা-মোকাদ্দমা মোকাবেলার মাধ্যমেই বছর পার করতে হয়েছে। ফলে ৫ জানুয়ারিকে সামনে রেখে দীর্ঘ এক বছর পর দলটি আবার নতুন করে আন্দোলনের স্বপ্ন দেখছে।
'ঈদের পরে আন্দোলন', 'রোজার পরে আন্দোলন', 'বর্ষার পরে আন্দোলন'– বার বার এ ধরনের ঘোষণা দিয়ে গত এক বছরে বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে 'ব্যর্থ' হলেও দলটি ৫ জানুয়ারিকে ঘিরে সৃষ্ট সুযোগটাকে 'বাঁচা-মরার লড়াই' মনে করছে। দলের নেতৃবৃন্দ মনে করেন, এবার আন্দোলন গড়ে তুলতে না পারলে জনগনের কাছে তারা 'খেলো' হয়ে যাবেন। কাজেই সরকারবিরোধী শক্ত আন্দোলন গড়ে তোলার কোনও বিকল্প এবার তাদের সামনে নেই বলে দলটির নেতারা মনে করছে।
নতুন বছরে বিএনপির আন্দোলনের ঘোষণায় সরকারি দল আওয়ামী লীগও নড়ে চড়ে বসেছে। তারা চায় যেকোনও মূল্যে বিএনপির আন্দোলন ব্যর্থ করে দিতে। যার জন্য আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সাংগঠনিকভাবে এটি মোকাবেলারও প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। বিশেষ করে ৫ জানুয়ারি বিএনপি যাতে রাজধানীর মাঠে নামতে না পারে তারজন্য একইদিনে রাজধানীতে কর্মসূচি ঘোষণাসহ ঢাকার রাজপথ দখলে রাখার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দলটি।
এর আগে এ বছরের ৩০ আগস্ট আওয়ামী লীগ ও বিএনপি একই দিনে রাজধানীতে কর্মসূচির ডাক দিলেও বিএনপি তাদের কর্মসূচি থেকে পিছু হঠে। ওইদিন আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বিএনপি প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দেয়। আবার একই দিনে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভার ডাক দেয়। কিন্তু পরবর্তীতে বিএনপি তাদের কর্মসূচি থেকে সরে আসে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ মনে করেন, ব্যর্থতার গ্লানি বইতে না পেরে বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে।
বিএনপির সরকার বিরোধী আন্দোলন প্রশ্নে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আরও বলেন, বিএনপির আন্দোলন বরদাশত করা হবে না। আন্দোলনের নামে সহিংসতা-নৈরাজ্য করলে সরকার কঠোর হতে বাধ্য হবে।
এদিকে মঙ্গলবার এক অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিএনপি-জামায়াতকে ঢাকার রাজপথে পা রাখতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন।
আগামী ৫ জানুয়ারি কার কত হেডম (শক্তি) আছে তা দেখার ঘোষণা দিয়ে এই নেতা বলেন, ৫ তারিখে আমি নিজেই লুঙ্গি পরে রাস্তায় দাঁড়ামু। ওইদিন বিএনপি-জামায়াতকে রাজধানীতে পা দিতে দেওয়া হবে না। সে দিন কোনো প্রকার সমস্যা সৃষ্টি হলে, মানুষ হত্যা, কোরআন শরীফে আগুন দেওয়ার চেষ্টা করা হলে তা শুধু প্রতিহতই করা হবে না, ওই সব ব্যক্তিদের ধরে কঠোর শাস্তি দেওয়া হবে। ৫ জানুয়ারিকে সামনে রেখে মায়া দলীয় কর্মীদের এখন থেকে রাজপথে নামার আহ্বান জানিয়ে বলেন, পাড়া-মহল্লায় সতর্ক থাকবেন। খোঁজ-খবর রাখবেন। কোন দুষ্কৃতকারী, কোনো ষড়যন্ত্রকারী যেন আশেপাশের বাসাবাড়িতে লুকিয়ে থেকে ষড়যন্ত্র না করতে পারে।
এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা এক বছর সরকারকে সময় দিয়েছি। সরকার তাতে কান দেয়নি। উল্টো অবমাননাকর কথাবার্তা বলেছে। দেশের সব ক্ষেত্রে যে অস্বস্তিকর অবস্থা, তাতে চুপ করে থাকার আর সুযোগ নেই।
আন্দোলন প্রশ্নে বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক গণমাধ্যমকে বলেন, এবারের আন্দোলন কর্মসূচি হবে অত্যন্ত কঠোর। এ অবৈধ সরকারকে হঠাতে যেমন কর্মসূচি দেওয়া দরকার, তেমন কর্মসূচিই দেওয়া হবে।
banglatribune.com











