বসার ঘর সাজাতে সোফাসেট কিনছেন? মাথায় রাখুন এই ৮ টি বিষয়
লাইফস্টাইল ডেস্ক : আজকাল সোফাসেট ছাড়া বসার ঘরের কথা ভাবাই যায় না। সুন্দর এক বা দু সেট সোফা আনুসাঙ্গিক সকল জিনিসের সাথে মিল রেখে কিনতে পারলে ড্রয়িংরুমের শোভা অনেক বেড়ে যায়। তাই সতর্ক থাকতে হবে কেনার সময়েই। অনেক ভেবে চিন্তে এবং বুঝে শুনে কিনলেই আপনার পছন্দের বসার ঘর সাজানোর মূল উদ্দেশ্য সফল হবে। তাই মাথায় রাখতে হবে কিছু বিষয়। চলুন তবে দেখে নেয়া যাক কি কি বিষয়ের প্রতি নজর দিতে হবে।
১) ড্রয়িংরুমের আকার অবশ্যই মাথায় রাখবেন। আপনার বসার ঘরটি যদি ছোটো হয় তাহলে এতে বিশাল আকারের সোফা সেট একেবারেই বেমানান হয়ে যাবে। তাই আপনার বসার ঘরের আকারের কথা মাথায় রেখেই সোফা সেট নির্বাচন করুন।
২) বসার ঘরের দেয়ালের রঙ এক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি একটু গাঢ় রঙের সোফা সেটের দিকে নজর দেন তাহলে দেখে নিন আপনার বসার ঘরের দেয়ালে হালকা কোনো রঙ ব্যবহার করা হয়েছে কিনা। একটু কনট্রাস্টে মিলিয়ে কিনতে পারলে দেখতে বেশ ভালো লাগবে।
৩) বসার ঘরের অন্যান্য আনুসাঙ্গিকের কথা ভুলে যাবেন না। যেমন, পর্দা, দেয়ালের পেইংটিংস ইত্যাদি। কারণ পুরো বসার ঘরটি ফুটিয়ে তুলতে সব কিছুর সাথে মানানসই করেই সোফা সেট কেনা ভালো।
৪) দামী মানেই যে ভালো এবং সুন্দর তা কিন্তু নয়। আপনি কম দামের ভেতরেও মানানসই এবং বুদ্ধি খাটিয়ে নতুনত্বে ভরপুর জিনিস কিনতে পারবেন। তাই হুট করে কোনো কিছু কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। সব দিক ভেবে তবেই কিনে নিন পছন্দের মানানসই সোফা সেটটি।
৫) সোফা সেট কিন্তু প্রতি বছর বছর পরিবর্তন করা সম্ভব হয়ে উঠে না অনেকেরই। তাই একটু বুঝে শুনে টেকসই জিনিস পছন্দ করুন। শুধুমাত্র সুন্দর ডিজাইন ও চাকচিক্য দেখে ভুলবেন না মোটেও। কাঠ, বেত, ষ্টীল, রড কিসের সোফাসেট কিনবেন তা আগে থেকেই ভালো করে বিবেচনা করে নিন।
৬) আরামদায়ক জিনিস নির্বাচন করার চেষ্টা করুন। যেহেতু ঘন ঘন বদলাতে যাবেন না সেহেতু একটু সময় নিয়ে সব দিক ভেবে বুঝে শুনে পছন্দ করুন বসার ঘরের সোফাসেট।
৭) এখন অনেক আকারের এবং শেপের সোফাসেট পাওয়া যায়। তাই কোনটি আপনার বসার ঘরের সাথে মানিয়ে যাবে তা ভাবে চিন্তে বের করুন। যদি সেট পছন্দ হয়ে যায় এবং সবগুলো বসার ঘরে না রাখতে পারেন তবে যে কোন একটি সরিয়ে অন্য রুমেও রাখতে পারেন।
৮) এমন কোনো জিনিসের সোফাসেট কিনুন যা সহজে পরিষ্কার করা যায়। কারণ একটি জিনিস ব্যবহার করলে তা নোংরা হবেই। কিন্তু তা যদি সহজে পরিষ্কার না করা যায় তাহলে কিন্তু বসার ঘরের সৌন্দর্যটাই মাটি হয়ে যাবে।











